মাত্র দুই বছরে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের তিনটি শাখা চার হাজার ২৪৭ কোটি ৮৭ লাখ টাকা ঋণ দিয়েছে। এই ঋণের বড় অংশই দেওয়া হয়েছে কোনো নিয়মকানুন না মেনে। ঋণ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি করেছে বেসিক ব্যাংক। শাখাগুলোর মধ্যে গুলশান শাখার দেওয়া ঋণের পরিমাণ এক হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকা, শান্তিনগর শাখা এক হাজার ৫২৪ কোটি ৪৩ লাখ টাকা এবং দিলকুশা শাখা দিয়েছে ৯২৩ কোটি ২১ লাখ টাকা। এই তিন শাখায় অতি দ্রুততার সঙ্গে ঋণ ছাড় করা হয়েছে। ঋণের বিপরীতে কোনো উল্লেখযোগ্য জামানতও রাখেনি কর্তৃপক্ষ। বরং তালিকার বাইরের নিরীক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে এসব জামানতের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) বাড়িয়ে দেখানো হয়েছে, যাতে বেশি করে ঋণ পাওয়া যায়।ব্যবস্থা নিতে এই তিন শাখার নানা দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত প্রতিবেদন গত ২৫ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংকটির ওপর বিস্তারিত পরিদর্শন চালায় কেন্দ্রীয় ব্যাংক।প্রতিবেদন অনুযায়ী, অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ এবং পরে অর্থ আদায়ে উদাসীনতার কারণে ব্যাংকের প্রায় কয়েক হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির সঙ্গে সরাসরি বেসিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। আবার এসব ঋণ নিয়ে তার সদ্ব্যবহার করেনি বলেও প্রমাণ পেয়েছে পরিদর্শক দল।সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম তাঁদের ব্যাংকের পরিস্থিতি ধারাবাহিকভাবে ভালো হচ্ছে বলে দাবি করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের ঋণ-আমানতের অনুপাত ৯০ শতাংশ থেকে কমে ৮১ শতাংশে চলে এসেছে। অন্য ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪০ শতাংশ, সেখানে বেসিক ব্যাংকে মাত্র ৮-৯ শতাংশ।’ ভুয়া বা বেনামি ঋণের বিষয়ে তিনি বলেন, তাঁদের ব্যাংকে এমন কোনো ঋণ নেই। সব ঋণেরই মালিক আছেন, যাঁরা ব্যবসা করছেন। দু-একটি ঋণে সমস্যা ছিল, সেগুলোতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে উপযুক্ত সংশোধনী আনা হচ্ছে।তবে দুদকে পাঠানো প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক বলেছে, দুই বছর ধরে বারবার সতর্ক করা সত্ত্বেও বেসিক ব্যাংক কর্তৃপক্ষ ঋণ শৃঙ্খলার ক্ষেত্রে একটি নির্দেশও মানেনি। বরং ঋণের বিপরীতে সুদ হিসেবে একটি পয়সা আয় না হওয়া সত্ত্বেও কাগজে-কলমে বিশাল আয় দেখিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।গুলশান শাখা: এ শাখায় ঋণ বিতরণে অনিয়ম নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত কেন্দ্রীয় ব্যাংক। পরিদর্শন শেষে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল জানায়, শাখায় ২০১২ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত মোট ৬৩৩ কোটি ৫১ লাখ টাকা আমানতের মধ্যে ৫৪৭ কোটি ১৮ লাখ টাকা মেয়াদি আমানত, যার বেশির ভাগই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের। ওই একই তারিখে গুলশান শাখা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ধার হিসেবে নিয়েছে এক হাজার ১৭৬ কোটি ১৭ লাখ টাকা। আর দুই বছরের কম সময়ে শাখা থেকে ঋণ ও অগ্রিম দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩৪ শতাংশ বেশি। এ ছাড়া এই শাখার বিভিন্ন হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রমাণ থাকলেও তা বাংলাদেশ ব্যাংককে জানানো হয়নি। পরিদর্শক দল চারটি গ্রাহকের নথি পরীক্ষা করেছে। এগুলো হলো ডেলটা সিস্টেমস, এআরএসএস এন্টারপ্রাইজ, ব্রাদার্স এন্টারপ্রাইজ ও এবি ট্রেড লিংক। এসব প্রতিষ্ঠানে ঋণের অর্থ অন্য খাতে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের জামানতকে অতি মূল্যায়িত করে দেখানো হয়েছে। শান্তিনগর শাখা: এ শাখাতেও দ্রুততম সময়ে ঋণ প্রস্তাব অনুমোদন ও ঋণ বিতরণ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ঋণসীমা মঞ্জুর ও বিতরণের পর মেয়াদ পূর্তির আগে এবং কোনো কারণ ছাড়াই ঋণসীমা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রায় ঋণের ক্ষেত্রে সুদের অর্থ ব্যাংকে জমা পড়েনি। বেশির ভাগ ঋণের ক্ষেত্রে ঋণ হিসাব থেকে অর্থ নগদে তোলা হয়েছে, ফলে অর্থ কোথায় গেছে তা চিহ্নিত করা যাচ্ছে না। এ ছাড়া কোনো কোনো গ্রাহকের হিসাবে সন্দেহজনক লেনদেন হলে তা শাখা থেকে কেন্দ্রীয় ব্যাংকে জানানো হয়নি। ব্যাংকের ১৮টি তালিকাভুক্ত সার্ভেয়ার প্রতিষ্ঠান থাকলেও শান্তিনগরের অধিকাংশ ঋণপ্রাপ্ত প্রতিষ্ঠানের জামানতের সার্ভে করা হয়েছে এসডি ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে দিয়ে। এরা জামানতের জন্য জমিকে অতি মূল্যায়িত করে রিপোর্ট দিয়েছে বলে পরিদর্শক দল প্রমাণ পেয়েছে। যেমন মেসার্স হক ট্রেডিংয়ের ১৫০ শতক জমির দলিল মূল্য ২০ লাখ, সার্ভেয়ার এর মূল্য বলেছে ১৫ কোটি টাকা। মেসার্স আলী কনস্ট্রাকশনসের ১৩৪ দশমিক ৫৫ শতক জমির দলিল মূল্য দুই কোটি ৬৩ লাখ টাকা, সেটা সার্ভেয়ারের প্রতিবেদনে দাম বাড়িয়ে করা হয়েছে ৮০ কোটি ৭২ লাখ টাকা। আবার মেসার্স বিডি পাইপস অ্যান্ড পাওয়ার লিমিটেড, মেসার্স আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স বাসার এন্টারপ্রাইজ ও যমুনা অ্যাগ্রো কেমিক্যালস তাদের ঋণ থেকে ১৫ কোটি ২০ লাখ টাকা আবাসন খাতে ব্যয় করেছে। দিলকুশা শাখা: দুই বছরের কম সময়ে এ শাখা থেকে বিতরণ করা ঋণের পরিমাণ বেড়েছে ৭৩ দশমিক ৭৩ শতাংশ। এ শাখাতেও সম্পদ যাচাই না করেই দ্রুততম সময়ে ঋণ ছাড় করা হয়েছে। ঋণ প্রস্তাব অনুমোদনের দায়-দায়িত্বের ক্ষেত্রে শাখা কর্তৃপক্ষের পাশাপাশি প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদও সমান অংশীদার। মেসার্স আর কে ফুড লিমিটেড, মেসার্স নিমেক্স লিমিটেডসহ মোট ১৬টি ঋণের নথিপত্র যাচাই করেছে পরিদর্শক দল। এর প্রতিটিতেই ঋণ মঞ্জুর থেকে শুরু করে ঋণ বিতরণ ও নথিপত্রের প্রতিটি পর্যায়ে অনিয়ম পেয়েছে পরিদর্শক দল। এ শাখায় বিতরণ হওয়া ৬৫ শতাংশ ঋণ অনাদায়ী এবং এগুলো শ্রেণীকরণযোগ্য বলে মত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ঋণ হিসাবের আবেদনপত্র ও জামানতের নথিপত্র যাচাই করা হয়নি, ঋণের অর্থ সঠিক উদ্দেশ্যে ব্যবহার হয়নি এবং ঋণের অর্থ তুলে অন্য খাতে বিশেষ করে ঝুঁকিপূর্ণ খাতে ব্যবহার করা হয়েছে।