বেসিক ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেসিক ব্যাংকে বড় জালিয়াতি’ শীর্ষক প্রথম আলোতে ২৭ জুন প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে ব্যাংকটি। তারা বলেছে, ‘সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, একপেশে এবং বেসিক ব্যাংকের মতো একটি পরিশীলিত ও সুশৃঙ্খল সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বল ও সংকটে ফেলার হীন চক্রান্ত এবং মহলবিশেষের ধারাবাহিক অপচেষ্টা বলে আমরা মনে করি।’প্রতিবাদলিপিতে বলা হয়েছে, তাদের বার্ষিক সাধারণ সভা যেদিন হয়েছে, সেদিন ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ঘৃণ্য প্রচেষ্টা করা হয়; তাদের মসৃণ চলার পথকে বন্ধুর করার অপচেষ্টায়।বেসিক ব্যাংক বলেছে, প্রতিবেদনে প্রকাশিত পরিচালনা পর্ষদ নিয়মনীতি মানেনি সংবাদটি আদৌ সঠিক নয়। বাস্তবতা হলো, শাখা থেকে প্রত্যেক গ্রাহকের ব্যবসায়িক সক্ষমতা যাচাই-বাছাইপূর্বক, শতভাগ জামানত গ্রহণ করে, গ্রহণযোগ্য সিআরজি, গ্রাহকের ঋণ সমন্বয়ের সক্ষমতা যাচাই করে, ক্লিন সিআইবি নিয়ে, জমির সঠিক মূল্যায়ন করে, আইনগত মতামত নিয়ে, বাংলাদেশ ব্যাংকের ও অত্র ব্যাংকের নিয়মনীতি মেনে এবং শাখা ঋণ কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ের ঋণ প্রস্তাব প্রেরিত হয়ে থাকে। যা পরবর্তীকালে প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটি কর্তৃক বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করে সুপারিশসহ পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। শুধু তখনই পর্ষদ ঋণ প্রস্তাবের অনুমোদন বা প্রত্যাখ্যান বা শর্ত সাপেক্ষে মঞ্জুর করে থাকে। সুতরাং, এই প্রক্রিয়ায় জাল-জালিয়াতির আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রকাশিত প্রতিবেদনটি আদৌ সঠিক ও বস্তুনিষ্ঠ নয়।ব্যাংক বলেছে, শান্তিনগর, দিলকুশা ও গুলশান শাখাতে পত্রিকায় বর্ণিত কোনো ধরনের গুরুতর অনিয়ম হয়নি। ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি হয়েছে। তার অধিকাংশই ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে প্রতিপালন করা হয়েছে এবং প্রতিপালন প্রক্রিয়াধীন আছে। ব্যাংক বলেছে, দিলকুশা শাখায় এক হাজার ৪০০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বলা হলেও শাখাটিতে ঋণের পরিমাণ মাত্র এক হাজার ৩৫ কোটি টাকা। এই শাখাতে ঋণের স্থিতি কখনোই এত ছিল না।প্রতিবেদকের বক্তব্য: প্রয়োজনীয় সব ধরনের প্রমাণাদিসহ বস্তুনিষ্ঠভাবে প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন ধরে প্রধান কার্যালয় থেকে শাখাকে দেওয়া চিঠি এবং সর্বশেষ ১৯ জুনসহ বাংলাদেশ ব্যাংকের একাধিক চিঠি প্রতিবেদকের হাতে রয়েছে।তবে দিলকুশা শাখার ঋণ নিয়ে প্রতিবেদনে ভুলভাবে টাকার অঙ্কটি ছাপা হয়েছে। এ ছাড়া বাকি সব তথ্যই সঠিক রয়েছে।