বেসিক ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০, ২১ ও ২২ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত তিনটি সংবাদের প্রতিবাদ করেছে বেসিক ব্যাংক।‘সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি’ শীর্ষক সংবাদের প্রতিবাদে বেসিক ব্যাংক দাবি করেছে, বিডি পাইপস অ্যান্ড পাওয়ার, ওয়েস্টার্ন এন্টারপ্রাইজ, মেসার্স আশরাফ এন্টারপ্রাইজ, মদিনা কার্ডওয়্যার স্টোর, অপি প্রোপার্টিজ, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানের নামে সিআইবি (ঋণ তথ্য ব্যুরো) প্রতিবেদন সংগ্রহ করেই ঋণ বিতরণ করা হয়েছে।বেসিক ব্যাংক বলছে, সৈয়দ আবুল হোসেন বাবলার ঋণের চূড়ান্ত অনুমোদনের আগেই ক্লিন সিআইবি সংগ্রহ করা হয়েছে এবং ঋণের বিপরীতে ফ্ল্যাটের সব কাগজপত্র শাখায় সংরক্ষিত আছে। এ ছাড়া টোকিও নিট গার্মেন্টস অথবা টোকিও এজেন্সির নামে বেসিক ব্যাংকের কোনো শাখায় কোনো ঋণ অনুমোদিত হয়নি।তারা দাবি করছে, ঋণ অনুমোদন প্রক্রিয়ায় কোনো ব্যক্তির এককভাবে প্রভাব বিস্তারের সুযোগ নেই। তাই ঋণ অনুমোদনে চেয়ারম্যানের একক হস্তক্ষেপের বিষয়টি সঠিক ও বস্তুনিষ্ঠ নয়। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের সব নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।প্রতিবাদপত্রে দাবি করা হয়, বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্রমালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক, যা প্রতিষ্ঠালগ্ন থেকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাত্র আট কোটি টাকা মোট মূলধন নিয়ে শুরু করে আজ ব্যাংকটির মোট মূলধন প্রায় ৭৫৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির আমানতের পরিমাণ প্রায় ১০ হাজার ৫০৫ কোটি টাকা। ২০০৯ সালে আমানত ছিল তিন হাজার ৪৫০ কোটি টাকা। আমানতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও মুনাফা বৃদ্ধির জন্য ব্যাংকিং নিয়মনীতি মেনে আমানতের প্রবৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।‘লোকসানি ব্যাংক বেসিকের ভরসা সরকারি আমানত’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদে বেসিক বলছে, বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর নয় এমন পুরোনো কিছু প্রতিবেদনের তথ্য প্রকাশ করে আসছে, এটা সরকারি স্বনামধন্য ও লাভজনক প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করার একটি হীন চক্রান্ত। প্রতিবেদনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের সম্পদ রাষ্ট্রমালিকানাধীন এই ব্যাংকটিতে আমানত আকারে না রাখার বিষয়ে নিরুৎসাহিত করতে সুস্পষ্ট প্ররোচনা দেওয়া হয়েছে বলে দাবি করে বেসিক ব্যাংক।প্রতিবাদপত্রে জানানো হয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে পরিচালিত নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা দল ব্যাংকের কতিপয় গ্রাহকের ঋণ হিসাব গুণগত মান বিচারে শ্রেণীকরণ করে বিপুল পরিমাণ অতিরিক্ত প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়। ফলে, ব্যাংকের প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পায়। ব্যাংকের অনুরোধের ও দাবির যৌক্তিকতা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক প্রভিশন ঘাটতি পূরণের জন্য জুন ৩০, ২০১৩ পর্যন্ত সময় বৃদ্ধি করে। বাংলাদেশ ব্যাংকের আদেশ অনুসারে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে প্রভিশন ঘাটতি মেটাতে বেসিক ব্যাংক সচেষ্ট আছে।‘নিয়োগ-পদোন্নতিতেও চরম অনিয়ম’ প্রতিবেদনের ব্যাপারে বলেছে, নিয়োগ-পদোন্নতি দেওয়া হয় এমডির নেতৃত্বাধীন গঠিত কমিটির মাধ্যমে, যে কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকেন। ছয় মাসে দুবার পদোন্নতির তথ্য ভিত্তিহীন। ব্যাংকের ২৯০০ জনবল নয়, আসলে তা ১৯০২। এ ছাড়া জিএম রুহুল আলমের সেনাবাহিনীতে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে বয়স, যোগ্যতা ইত্যাদি প্রমার্জনায় অন্য কর্মকর্তাদেরও নিয়োগ করেছে পর্ষদ, যা পর্ষদ করতে পারে বলে বেসিক ব্যাংক দাবি করেছে।প্রতিবেদকের বক্তব্য: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৮ আগস্ট বেসিকসহ রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বেসিক ব্যাংকের আর্থিক অবস্থাসহ ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ১৪ পৃষ্ঠার একটি পর্যালোচনা প্রতিবেদনের বিভিন্ন অংশ তাঁর বক্তব্যে তুলে ধরেন। এসব তথ্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছেও কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে। ওই প্রতিবেদন, বেসিক ব্যাংক বার্ষিক প্রতিবেদন এবং জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে বেসিক ব্যাংকের পাঠানো আমানতের প্রতিবেদনের তথ্য ধরে প্রথম আলোর সংবাদগুলো প্রকাশিত হয়েছে। তাই প্রকাশিত তিনটি প্রতিবেদনই বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর। এ ছাড়া বেসিক ব্যাংকের একজন পরিচালকও চিঠি দিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড সম্পর্কে ব্যাংকিং সচিবকে অবগত করেছেন। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। সিআইবি প্রতিবেদন নিতে হয় কেন্দ্রীয় ব্যাংক থেকেই। তারা তাদের প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বেসিক ব্যাংকের অনিয়মের কথা বলেছে, প্রথম আলো কেবল সেগুলোই ছেপেছে। নিয়োগ-পদোন্নতির বিষয়েও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্যই ছাপানো হয়েছে। আমানত বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য ছাপা হয়েছে, যা গভর্নর ১৮ আগস্টের বৈঠকে তুলে ধরেছেন।