বেহারা পল্লি দখলের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁরা বেহারা। আদি পেশা পালকি বাহন। কিন্তু এখন সেই দিন আর নেই। আধুনিক যানবাহন তাঁদের মূল পেশায় কুঠারাঘাত করেছে। তবে আজও হারিয়ে যায়নি নামের শেষে ‘বেহারা’ পদবি। জীবনের তাগিদে তাঁরা এখন কেউ রিকশা চালান, কেউ মাছ ধরেন, কেউ বিক্রি করেন বুট-বাদাম। এ রকম নানা পেশায় জড়িয়ে প্রায় দেড় শ বছর ধরে রংপুরের বদরগঞ্জ পৌরসভার শাহাপুর বেহারা পাড়া গ্রামে জীবনযাপন করছেন এসব মানুষ। গ্রামটি পৌর শহরের উপকণ্ঠে হাসপাতাল সড়কের ধারে অবস্থিত। সেখানকার জমি এখন হয়ে উঠেছে মূল্যবান। তাই পাড়াটি থেকে মানুষগুলোকে উচ্ছেদ করে ওই জমি দখলের পাঁয়তারা করছেন স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি।অভিযোগ রয়েছে, প্রভাবশালী ব্যক্তিরা বেহারাদের বসতভিটার ৩০ শতক জমি গ্রাসের চেষ্টা চালাচ্ছেন। প্রতিবাদ করায় তাঁদের মারধর করাসহ বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছেন তাঁরা। এর প্রতিবাদে সম্প্রদায়টির শতাধিক নারী-পুরুষ ও শিশু পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ২৯ এপ্রিল ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগসহ মানববন্ধন করেছেন। তবু কাজ হচ্ছে না। প্রভাবশালী ব্যক্তিদের হুমকি অব্যাহত রয়েছে।অভিযোগে জানা যায়, এলাকার প্রভাবশালী হায়দার আলী, পৌর কাউন্সিলর নীলকান্ত পাইকারসহ আরও কয়েকজন বেহারাদের নয়টি পরিবারকে উচ্ছেদ করে ৩০ শতক জায়গা দখলের পাঁয়তারা চালাচ্ছেন।বেহারা পাড়াবাসীর অভিযোগ, ৩০ শতক জমি ১৯৪০ সালে গেন্টারাম বেহারার নামে রেকর্ড হয়। কিন্তু ১৯৬২ সালের রেকর্ডে অজ্ঞাত কারণে এ জমির মালিকানা শ্রীমতী খগেশ্বরী কুন্ডুর নামে হয়। তবে খগেশ্বরী কুন্ডু জীবদ্দশায় কখনো জমির মালিকানা দাবি করেননি। ১৯৯২ সালে সাত শতক জমি স্থানীয় আঞ্জুমান সংঘ ও পাঠাগার এবং ১২ শতক বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে খগেশ্বরী কুন্ডু দানপত্র করে দিয়েছেন বলে এখন কাগজপত্রে দেখানো হচ্ছে। বাকি ১১ শতক জমি স্থানীয় পৌর কাউন্সিলর নীলকান্ত পাইকার খগেশ্বরী কুন্ডুর কাছ থেকে কিনেছেন বলে দাবি করছেন।গ্রামটির বৈশাখ বেহারা (৬০) অভিযোগ করেন, ‘আমার দাদু মৃত গেন্টারাম বেহারার নামে ১৯৪০ সালে ওই ৩০ শতক জমি রেকর্ড হয়। তিনি মারা যাওয়ার আগে এ জমি কারও কাছে হস্তান্তর করেননি। হস্তান্তরের কোনো কাগজপত্রও কেউ দেখাতে পারেনি। তারপরও ওই জমি থেকে বসতবাড়ি সরিয়ে নিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ২৬ এপ্রিল প্রভাবশালী হায়দার আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ভিটা দখল করতে এলে আমরা প্রতিবাদ করি। তখন তাঁরা আমাদের মারপিট করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও কাজ হয়নি।’আশিনাথ বেহারা (৫৫) অভিযোগ করেন, ‘খগেশ্বরী কুন্ডুকে আমরা চিনি না। আমাদের বসতভিটা কবে তাঁর নামে রেকর্ড হলো আমরা বুঝতে পারিনি। আসলে ক্লাব-মাদ্রাসা আর তাঁর নামে ভুয়া কাগজপত্র করে আমাদের বাস্তভিটা দখলের পাঁয়তারা চলছে।’সুখদেব বেহারা (৪০) বলেন, ‘বাবু আমাদের বসতবাড়ির জায়গার দাম এখন প্রায় অর্ধকোটি টাকা। তাই বড় লোকেরা লোভ সামলাতে না পেরে ওই জায়গায় ক্লাব-মাদ্রাসা করার নামে দখল করার চেষ্টা করছেন।’ছয় মাসের শিশু কোলে শ্রীমতী আলো বেহারা (৩০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবু ভয়ে আছি। যদি ওরা (প্রভাবশালী ব্যক্তিরা) আমাদের উচ্ছেদ করে তাহলে কোথায় যাব?’অভিযুক্ত হায়দার আলী বলেন, ‘১৯৯২ সালে খগেশ্বরী কুন্ডু আঞ্জুমান সংঘ ও পাঠাগারের নামে হাসপাতাল সড়কের ধারে সাত শতক জায়গা দানপত্র করে দিয়েছেন। এই জমি বেহারারা দখল করে আছেন। তাঁরা কোনো কাগজপত্র বুঝতে চান না।’পৌর কাউন্সিলর নীলকান্ত বলেন, ‘১১ শতক জমি আমি খগেশ্বরী কুন্ডুর কাছ থেকে কিনেছি। বেহারা সম্প্রদায়ের লোকজন তা না বুঝেই আদালতে মামলা করেছেন।’ খগেশ্বরী কুন্ডু কীভাবে ওই সম্পত্তির মালিক হলেন এবং এ সংক্রান্ত কোনো দলিলপত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমি জানি না। এ সংক্রান্ত কোনো দলিলপত্র আমাদের কাছে নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘বেহারাদের অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার মুঠোফোনে বলেন, ‘বেহারা সম্প্রদায়ের লোকজন কোনো অভিযোগ দিয়েছেন কি না তা এ মুহূর্তে মনে করতে পারছি না।’