গোড়ায় গলদ যাকে বলে, ঠিক সেই দশা মধ্যবাড্ডার বেপারীপাড়া সড়কের। প্রগতি সরণি থেকে ঢোকার মুখে দেখা গেল নিষ্কাশন নালার খোলা অংশে রয়েছে আবর্জনা। আবার সেই ময়লার ফাঁক গলে বের হচ্ছে পোশাক কারখানার ধোঁয়া।হাকিম টাওয়ারের পাশ ঘেঁষে এ সড়ক বেহালে আছে অনেক দিন ধরে। সড়কের পাশের দোকানি বিল্লাল কবির বলেন, ‘অনেক দিন থেকেই আমরা চলাচলে কষ্ট করছি। কিন্তু কোনো সংস্কার হচ্ছে না।’ রাস্তা দিয়ে যতই এগিয়ে যাওয়া যায়, ততই চোখে পড়ে দুরবস্থার চিত্র। রাস্তার অনেকাংশজুড়েই রয়েছে কাদা। তাই পথচারীদের চলতে হয় অনেক সাবধানে। একজন পথচারী ভালো জায়গা দিয়ে হাঁটতে গেলে আরেকজনকে চলতে হয় কাদা মাড়িয়ে।খানাখন্দে ভরা এ সড়কে সব সময়ই পানি জমে থাকে বলে জানালেন স্থানীয় বাসিন্দা সোলায়মান হোসেন। তিনি বলেন, ‘আমগো এলাকা তো আর সিটি করপোরেশনে নাই, এইটা হলো ইউনিয়ন। তাই রাস্তার এই অবস্থা।’ রাস্তার মধ্যে জমে থাকা পানি-কাদা ছিটকে এসে লাগে পথচারীর গায়ে। ২ নম্বর রোডে দেখা গেল, নির্মাণাধীন ভবনের বালু, পাথর রাখা হয়েছে রাস্তার একাংশজুড়ে। একজন পথচারী বলেন, ‘এমনিতেই রাস্তার যে অবস্থা, তার ওপর আবার ইট-বালি রাখছে। এক পাশে কাদা, এক পাশে ইট-বালি—আমরা যাব কোন দিক দিয়ে।’রাস্তার ওপর দেখা গেল প্লাস্টিকের চিকন পানির নল, যার মাধ্যমে দেওয়া হচ্ছে পানি সরবরাহ। অনেক নল একসঙ্গে জড়িয়ে আছে, কোথাও কোথাও রাস্তার নিচে হলেও বেশির ভাগ রয়েছে রাস্তার ওপর। ফলে পথচারীদের পা আটকে যায় এগুলোর সঙ্গে। স্থানীয় ব্যবসায়ী ইসহাক খোন্দকার জানান, এ রাস্তার দ্রুত সংস্কার করা দরকার।এ বিষয়ে বাড্ডা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এই রাস্তা মেরামতের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের কাছে অর্থ চেয়েছিলাম। কিন্তু অর্থ না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও সংস্কার করতে পারছি না।’