বেহাল নগর ভবনের পরিচ্ছন্নতা শাখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখায় লোকবল ও গাড়িসংকটের কারণে ময়লা-আবর্জনা সময়মতো পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আর এ অবস্থায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। অভিযোগ রয়েছে, রাতের বেলা ফেলা ময়লা-আবর্জনাগুলো সকাল আটটার মধ্যে পরিষ্কার করার নিয়ম থাকলেও দেখা গেছে, এগুলো পরিষ্কার করতে কোনো কোনো দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। ফলে দুর্গন্ধে পথচলা কঠিন হয়ে পড়ে। এ কারণে নগরবাসী দুর্ভোগের শিকার হচ্ছে।সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা সূত্রে জানা গেছে, ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের নগরে পৌনে সাত লক্ষাধিক জনসাধারণের নিবাস। প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০ মেট্রিক টন বর্জ্য জমা হয় এবং তাত্ক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয় ১৫০ থেকে ১৬০ মেট্রিক টন। মূলত লোকবলের অভাবে বর্জ্য অপসারণে প্রতিবন্ধকতা রয়েছে এবং এ থেকে স্বাস্থ্যগত সমস্যারও আশঙ্কা থাকে। আম্বরখানা এলাকার ব্যাংক কর্মকর্তা হোসেন শাহারিয়ার বলেন, সঠিক সময়ে ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় রাস্তা চলাচলে প্রায় সময়ই দুর্গন্ধের মুখোমুখি হতে হয়। এগুলো নিয়মিত ও সময়মতো পরিষ্কার করলে অন্তত দুর্গন্ধের হাত থেকে বাঁচা যাবে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা যায়, আবর্জনা অপসারণের জন্য ২০টি গাড়ি, ১৬ জন চালক, ১৫৭ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১৪৬ জন দিনমজুর রয়েছে। সার্বিক কাজ তত্ত্বাবধায়নের জন্য ১৫ জন সুপারভাইজার রয়েছেন। পরিচ্ছন্নতা শাখার প্রধান সংরক্ষক আলবাব আহমদ চৌধুরী বলেন, ‘নগরের প্রায় ৯০টি স্থানে সিটি করপোরেশন ময়লা-আবর্জনা জমা করার জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে। তবে দিন দিন এ সংখ্যা কমছে। প্রয়োজন সত্ত্বেও জায়গার অভাবে বিকল্প ডাস্টবিন তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। লোকবল ও তীব্র গাড়িসংকট থাকা সত্ত্বেও যত দ্রুত সম্ভব আমরা ময়লা-আবর্জনা পরিষ্কার করছি।’