বেহাল বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট
২৫টি পদের ১৪টি খালি ছাত্রীদের আবাসন-ব্যবস্থা নেই বখাটেদের যত্রতত্র প্রবেশ চারটি ভবন পরিত্যক্ত৯৭ বছরের পুরোনো দেশের একমাত্র বিশেষায়িত জরিপ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। পর্যাপ্ত জায়গা ও ভবন থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি রুগ্ণ অবস্থায় পড়ে আছে। ব্রিটিশ আমলের জনবল-কাঠামো দিয়েই চলছে এর শিক্ষাকার্যক্রম। তার ওপর ছাত্রাবাসের শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে নানা ধরনের দুর্ভোগ। রয়েছে বহিরাগতদের উৎপাত। এ অবস্থায় কুমিল্লার রামমালা এলাকায় অবস্থিত বিদ্যাপিঠটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শুরুর কথা: সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ঘেঁটে জানা যায়, ব্রিটিশ আমলে কুমিল্লা অঞ্চলে ‘ময়নামতি সার্ভে স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৮৮৮ সালে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ভূমি জরিপকার্য পরিচালনার লক্ষ্যে ওই প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে কাজ শুরু করে। পরবর্তী সময়ে ১৯৪৭-এর কিছু আগে ওই প্রতিষ্ঠানের নথিসহ নানা ধরনের তথ্য-উপাত্ত হারিয়ে যায়। তখন ওই স্কুলটিকে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় স্থানান্তর করা হয়। একই সঙ্গে ময়নামতিতে কিছু জরুরি কাজ চালানো হয়। ১৯১৪ সালে কুমিল্লার রামমালা এলাকায় ২৬ একর জায়গা নিয়ে ওই সার্ভে ইনস্টিটিউট আবার স্থাপন করা হয়। দেশের একমাত্র সরকারি সার্ভে ইনস্টিটিউট এটি। এসএসসি পাসের পর এখানে শিক্ষার্থীরা ভর্তি হয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভে) ডিগ্রি অর্জন করেন। এখান থেকে প্রতিবছর ৯৬ জন শিক্ষার্থী পাস করে সার্ভে অব বাংলাদেশ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌ-পরিবহন, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন। তা ছাড়া শহর ও গ্রামাঞ্চলের মানুষের ভূমির মাপ সঠিকভাবে নির্ণয় করার জন্য ওই শিক্ষার্থীরা মাঠপর্যায়েও কাজ করে থাকেন। জনবলসংকট: ইনস্টিটিউটের অফিস সূত্রে জানা গেছে, এ শিক্ষাপ্রতিষ্ঠানে মারাত্মক জনবলসংকট রয়েছে। এখানে শিক্ষক ও কর্মচারীদের ২৫টি পদের মধ্যে ১৪টি খালি। এর মধ্যে ২০০৮ সালের ৮ এপ্রিল থেকে অধ্যক্ষের পদ শূন্য, জুনিয়র ইনস্ট্রাক্টরের একটি, সহকারী লেকচারার একটি, ডেমোনেস্ট্রেটরের দুটি, স্টোরকিপারের একটি এবং এমএলএসএসের আটটি পদই খালি। মাঝখানে এক বছর ব্যতীত ২০০২ সালের ২৪ এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পূর্ণাঙ্গ অধ্যক্ষ না দেওয়ার কারণে ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম চলছে ঢিমেতালে। কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, চিফ ইনস্ট্রাক্টর কলেজ পরিচালনা, ঢাকায় বিভিন্ন বৈঠকে যাওয়া, ক্লাস নেওয়া এবং হোস্টেলের দায়িত্বে থাকার কারণে কোনো কাজই ঠিকমতো হচ্ছে না। ইনস্ট্রাক্টর মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘এত বড় ক্যাম্পাসে একটি মাত্র বিভাগ আছে। এখানে আর্কিটেকচার ও সিভিল টেকনোলজি বিভাগ খোলা হলে প্রতিষ্ঠানটির কলেবর বাড়ত। এ ব্যাপারে ২০০০ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও গত ১১ বছরে সেটি বাস্তবায়ন হয়নি। আবাসন-ব্যবস্থা অপ্রতুল: এ প্রতিষ্ঠানে বর্তমানে ৩৭৩ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ৩৩৮ জন, ছাত্রী ৩৫ জন। ছাত্রীদের জন্য কোনো ধরনের আবাসন-ব্যবস্থা নেই। তবে ছাত্রদের জন্য ১৫০ আসনের একটি ছাত্রাবাস রয়েছে। ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের পেছনে ওই ছাত্রাবাস। এর বয়সও প্রায় শত বছর। গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ছাত্রাবাসে টয়লেট মাত্র ছয়টি। এর মধ্যে তিনটি নষ্ট। শিক্ষার্থীদের গোসল করার জন্য পানির ব্যবস্থা নেই। পুকুরেই গোসল সারতে হয়। ছাত্রাবাসের তিনটি ভবনের মধ্যে একটি ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। পলেস্তারা খসে গেছে। বৃষ্টির দিনে পুরোনো জীর্ণ ভবনে শিক্ষার্থীদের ভয়ে ভয়ে থাকতে হয়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ছাত্রাবাস এলাকার গ্রন্থাগার ভবন এখন টেলিভিশন কক্ষ। তবে সেখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্তসংখ্যক পত্রিকা ও ম্যাগাজিন রাখা হয় না। ছাত্রাবাস এলাকায় আলোর ব্যবস্থাও কম। ছাত্রাবাসের শিক্ষার্থী মো. সবুজ, মাসুম বিল্লাহ, ওমর পারভেজ, আবু ইউসুফ, নূরে আলম ও জহিরুল ইসলাম জানান, এখানে মশার উৎপাত রয়েছে। বহিরাগতদের উৎপাত: ইনস্টিটিউটের ভেতর প্রবেশ করে বহিরাগত লোকজন পুকুরে গোসল করে। ছাত্রাবাসে ঢুকে চুরি করে। কেউ কেউ গরু চরায়। এ অবস্থায় নিরাপত্তাহীন রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তার ওপর বহিরাগত বখাটেরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের মুঠোফোন ও টাকা ছিনতাই করে। প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর থাকলেও দেয়াল টপকে এবং প্রধান ফটক দিয়েই বহিরাগত লোকজন প্রবেশ করে থাকে। এ ক্ষেত্রে কর্মচারীরা বাধা দিলে তাঁদের মারধরের হুমকি দেওয়া হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার দাবি জানান।পরিত্যক্ত ভবনগুলোর কী হবে: বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে চারটি পরিত্যক্ত বড় আকারের ভবন রয়েছে। এর মধ্যে দুটি ভবন ভালো রয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। কলেজের প্রশাসনিক ভবনের উত্তর পাশের দোতলা ভবন দুটিতে ১৯৮৬ সাল থেকে কোনো ধরনের ক্লাস হচ্ছে না। ভবন দুটিতে কমপক্ষে ৫০টি কক্ষ আছে। এগুলোতে এখন আগাছাসহ নানা প্রজাতির পরজীবী উদ্ভিদ বংশ বিস্তার করেছে। প্রতিষ্ঠানের বাইরের সড়ক থেকে এগুলো দেখতে বেমানান। দীর্ঘ সময় পরিত্যক্ত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা এর দরজা-জানালা খুলে নিয়ে গেছে। বিনোদনের সুযোগ নেই: ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিনোদনের কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ প্রতিবছর ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর বাইরে মাঝেমধ্যে খেলাধুলা হয়। তবে ম্যাগাজিন ফি, রোভার স্কাউট ফি, অভিভাবক দিবস ফি, সাহিত্য ও ক্রীড়া ফি নেওয়া হলেও কোনো ধরনের আয়োজন হয় না। এখানে কম্পিউটার ল্যাব থাকলেও নেই প্রতিষ্ঠানটির কোনো ধরনের ওয়েবসাইট।পড়াশোনার পদ্ধতি: এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়টি জানান দেয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীদের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভে) ডিগ্রি দেওয়া হয়। প্রতিবছর ৯৬ আসনের জন্য ১২০০-১৪০০ ভর্তি ফরম জমা পড়ে। দুই শিফটে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়। এতে প্রতি শিফটে প্রথম বর্ষে ৪৮ জন শিক্ষার্থী ভর্তি হন। সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত মর্নিং শিফট এবং দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডে শিফটে পাঠদান হয়। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে ডাবল শিফট চালু হয়। সেমিস্টার পদ্ধতিতে এখানে পড়াশোনা হয়। চার বছরে আট সেমিস্টারে কোর্স শেষ করা হয়। এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি।অধ্যক্ষ বলেন: সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল্লাহ তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘লোকবলের অভাবে নতুন বিভাগ খোলা যাচ্ছে না। কর্মচারীদের বহু পদ শূন্য। শিক্ষকেরও পদ সৃষ্টি হচ্ছে না। পুরোনো ভবন হওয়ায় শিক্ষার্থীদের ছাত্রাবাসে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কমই হয়ে থাকে, তবে বছরে আমরা চারটি জাতীয় দিবস পালন করে থাকি। একসময় সার্ভে ইনস্টিটিউটের ২৬ একর জায়গা ছিল। এখন রয়েছে মাত্র ১৪ দশমিক ৩ একর। বহিরাগতদের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।