বেহাল রাস্তাঘাট নিয়ে সংসদে ক্ষোভের মুখে যোগাযোগমন্ত্রী
সারা দেশে রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ক্ষোভের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এ নিয়ে সরকারি দলের সাংসদদের প্রশ্ন ও অভিযোগের জবাবে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বিরোধী দলবিহীন সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছিল যোগাযোগ মন্ত্রণালয়কেন্দ্রিক। প্রশ্নোত্তর পর্বে সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক তাঁর এলাকার রাস্তাঘাটের দুরবস্থা উল্লেখ করে বলেন, তাঁর এলাকার জন্য কমপক্ষে পাঁচ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। গাজীপুরের মেহের আফরোজ জানতে চান, তাঁর এলাকায় রাস্তার উন্নয়ন তো দূরের কথা, সংস্কারও কেন হচ্ছে না? স্পিকারও তাঁর এলাকার রাস্তাঘাটের দুরবস্থা তুলে ধরেন। তিনি এ কাজে মন্ত্রীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, ‘কাজে মন্থরগতির কারণ, অর্থ বরাদ্দ না থাকা। প্রয়োজনীয় টাকা না পেলে আমাকে শুধু প্রশ্নবাণেই জর্জরিত হতে হবে। কিন্তু কিছু করার থাকবে না।’ তিনি বলেন, সারা দেশে রাস্তাঘাট সংস্কারের জন্য এক হাজার ৪১০ কোটি টাকা দরকার।গাজীপুরের আরেক সাংসদ রহমত আলী তাঁর প্রশ্নে গাজীপুরের রাস্তার দুরবস্থা তুলে ধরে বলেন, গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করার কাজ কেন এগোচ্ছে না। জবাবে সৈয়দ আবুল হোসেন বলেন, গাজীপুর চৌরাস্তা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত উড়ালসেতু (ফ্লাইওভার) করা হবে। আগামী বছরই এ কাজ শুরু হবে। এ উড়ালসেতুকে বিমানবন্দর থেকে ডেমরা পর্যন্ত উড়ালসেতুর সঙ্গে যুক্ত করা হবে।রংপুরের ফজলে রাব্বী মিয়া তাঁর এলাকার রাস্তাঘাটের দুর্দশা তুলে ধরে বলেন, বর্তমান যোগাযোগমন্ত্রী অনেক আগে থেকেই দেশের অধিকাংশ রাস্তাঘাট চেনেন। এর পরও এত সমস্যা কেন হচ্ছে, বোঝা যাচ্ছে না। এর জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, রংপুরের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।ময়মনসিংহের মতিউর রহমান, চট্টগ্রামের এ বি এম আবুল কাশেম, শামসুল হক চৌধুরী, নরসিংদীর জহিরুল হক ভূঁইয়াও তাঁদের এলাকার রাস্তাঘাটের দুরবস্থার চিত্র তুলে ধরেন। রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদেরা বলেন, ‘নতুন রাস্তা চাই না, পুরোনো যেগুলো আছে সেগুলো অন্তত চলার উপযোগী রাখা প্রয়োজন।’পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহণ শেষ পর্যায়ে: টেবিলে উত্থাপিত মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পের জন্য দুই হাজার ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার নিশ্চয়তা মিলেছে। বর্তমানে সেতুটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের কাজ চলছে। আগামী ডিসেম্বর নাগাদ এ সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।ঝালকাঠির বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরে ইলেকট্রিক ট্র্যাশন প্রবর্তনের জন্য প্রাক্কলিত ব্যয় সাত হাজার ৯৯৬ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক সাহায্য প্রয়োজন ছয় হাজার কোটি টাকা।টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে বস্ত্রপণ্য রপ্তানি করে যথাক্রমে ১৩ হাজার ৫৩ মিলিয়ন এবং ১৩ হাজার ৩১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এ খাত থেকে ১৪ হাজার ৬৫২ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ শতাংশ তাঁতশিল্প থেকে পূরণ হয়। ২০০৩ সালের তাঁতশুমারি অনুযায়ী দেশে হস্তচালিত তাঁতের সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ৫৫৬টি।