বেহাল সড়কে অসহনীয় যানজট
পাবনার সাঁথিয়া পৌরসভার সড়ক ও রাস্তাগুলোর এমনিতেই বেহাল দশা। এর ওপর ওই বেহাল সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর। জানা যায়, ১৯৯৭ সালে পৌরসভায় উন্নীত হওয়ার পর গত ১৩ বছরে সাঁথিয়া পৌরসভায় বেশ কিছু সড়ক ও রাস্তা গড়ে উঠেছে। কিন্তু এগুলোর বেশির ভাগই নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে। কোথাও অপ্রশস্ত, কোথাও নিচু এসব সড়ক ও রাস্তা নির্মিত হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এর ওপর দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকায় এগুলোর বেশির ভাগই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাঁথিয়া পৌরসভার একেবারে মাঝ বরাবর দিয়ে চলে গেছে বেড়া-পাবনা সড়ক। সড়কটি শুধু সাঁথিয়া পৌরবাসীরই নয়, গোটা সাঁথিয়া উপজেলাবাসীর যাতায়াতের একমাত্র উপায়। শুধু তাই নয়, এ সড়কটি ইতিমধ্যেই পাবনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে। সাঁথিয়া পৌর এলাকায় এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে উপজেলার প্রধান প্রধান ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যকেন্দ্র। একদিকে দখল আরেকদিকে সড়কজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য রাখায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে সড়কজুড়ে যানবাহনের ভিড় লেগেই থাকে। আর হাটবার (সোমবার ও বৃহস্পতিবার) হলে তো কোনো কথাই নেই। সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে বাস, ট্রাক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। মাঝেমধ্যে এমন অবস্থা হয় যে পথচারীদের হাঁটার উপায় থাকে না। পৌর এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। মাঝেমধ্যে ইট-পাথর ফেলা হলেও কয়েক দিনের মধ্যে আবার নতুন করে গর্ত দেখা দেয়। তা ছাড়া এলাকায় যানবাহন ও লোকসংখ্যা বাড়তে থাকায় সড়কে যানজট যেন বেড়েই চলেছে। যানজট আর ভাঙা রাস্তার যন্ত্রণায় বাড়ি থেকে বের হতেই ইচ্ছা করে না।’ পৌর এলাকায় চলাচলকারী রিকশাচালক আবদুল হাই বলেন, ‘মনে আর কয়না যে পৌরসভার রাস্তায় রিকশা চালাই। দিনকে দিন রাস্তার অবস্থা যেরম (যেমন) বেহাল হত্যাছে, তেমনি যানজটও বাইড়্যা যাত্যাছে।’ এদিকে সরেজমিন ঘুরে পৌর এলাকার অন্যান্য রাস্তার চরম বেহাল অবস্থা লক্ষ করা গেছে। এসব রাস্তার ইট-খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে বোয়ালমারী মাদ্রাসা থেকে সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয় পর্যন্ত বাইপাস সড়কের। সংস্কারের অভাবে সড়কটি এমনিতেই বিধ্বস্ত হয়ে পড়েছে। এর ওপর খর (গো-খাদ্য) ব্যবসায়ীসহ বিভিন্ন পণ্য ব্যবসায়ীরা সড়কটি দখল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে এ সড়কে করা চলাচল প্রায় অসাধ্য ব্যাপার। এ ব্যাপারে সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম বলেন, ‘যানজট সাঁথিয়া পৌরবাসীর জন্য যন্ত্রণাদায়ক সমস্যা হয়ে দেখা দিয়েছে। পৌর এলাকাকে যানজটমুক্ত করার জন্য একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভাঙাচোরা সড়ক ও রাস্তাগুলোর সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।