বেহালার স্পর্শে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব ঠাটের রাগ রামকেলি। ভোরের রাগ। নববর্ষের সূর্যোদয় আর বেহালার সুরের মূর্ছনা। ভিন্ন মাত্রা এনে দেয় চারদিকে। এবারের রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান তাঁর বেহালাবাদন দিয়ে শুরু হয়। আর সেই বেহালাবাদক হলেন শিউলী ভট্টাচার্যী। সেই বেহালাবাদকের কথা জেনে আসি।বাবার স্বপ্ন, মেয়েরা সংগীতের সঙ্গে যুক্ত থাকুক। বড় মেয়ে গান গাইতেন। ছোট মেয়েকে তো তা হলে বাদ্যযন্ত্র শেখাতে হবে। কিন্তু এই মেয়ের তেমন আগ্রহ নেই তাতে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় মেয়ের হাতে তুলে দিলেন বেহালা। একসময় মেয়েটির সখ্য হলো বেহালার সঙ্গে। বুঝতে পারল সংগীতের মাহাত্ম্য। ধ্যান-জ্ঞান সবই বেহালা। এটি শিউলী ভট্টাচার্যীর ছেলেবেলার কথা। তিনি বলেন, ‘ছায়ানটের বিভিন্ন সম্মেলনে বেহালা বাজালেও বর্ষবরণ অনুষ্ঠানে এবারই প্রথম বাজানো। এটি আমার জন্য অনেক সম্মানের। একদম অন্য রকমের অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এ বছর বেহালার শিক্ষক হিসেবে ছায়ানটে যোগদান করেছি। বেহালার হাতেখড়ি হয়েছিল বাবার কাছে। তিনি বাঁশি বাজাতেন। বাবাই নিয়মিত রেওয়াজ করার জন্য তাগাদা দিতেন। কখনো নিয়ে বসতেন। এভাবে সিলেটে থেকে স্কুল ও কলেজজীবন শেষ করি। বাবার সব সময় ইচ্ছা ছিল, বেহালার ওপর যেন উচ্চশিক্ষা গ্রহণ করি। সে সুযোগ এল। সে সময় ভারত সরকারের একটি বৃত্তি পাই। বাবার উৎসাহে পড়তে গেলাম ভারতে। গুজরাটের এমএস ইউনিভার্সিটি অব বরোদা থেকে বেহালা বিষয়ে স্নাতক পাস করি। বাবার বাইরে সেখানেই প্রথম গুরুর সান্নিধ্যে আসি। তিনি হলেন অধ্যাপক ভি সি রানাড়ে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বেহালাবাদন চলতে থাকে। আরেকটি বৃত্তি নিয়ে মাস্টার্স করতে গেলাম কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার সময় অনেকের সান্নিধ্যে এসেছি আমি। বেহালার মূল শিক্ষাটা পেয়েছি পণ্ডিত ভি জি যোগের কাছ থেকে। এছাড়া ড. এন রাজম, শ্রীমতী সুলয়া ব্যানার্জি। তাঁদের কাছে অনেক কৃতজ্ঞ। তাঁরা আমাকে শেখার সুযোগ করে দিয়েছিলেন। তালিম দিয়েছেন। সংগীতে বেহালার কত ভূমিকা, বিশ্বসংগীতে এর ব্যবহার নতুন করে জানতে পারলাম। পৃথিবীর নানা দেশ থেকে ছেলেমেয়েরা উপমহাদেশীয় সংগীত শিখতে এখানে আসতেন। তাঁদের সঙ্গে আলাপ হতো। অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। কলকাতা থেকে আবার গুজরাট। আবার সেই বিশ্ববিদ্যালয়। এমএস ইউনিভার্সিটি থেকে বেহালার ওপর পিএইচডি করি। পড়াশোনার পাট চুকিয়ে ২০০৮ সালে ফিরে এলাম দেশে। আজকের এই অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। আমার মা অবশ্য সমর্থন দিয়েছেন। কখনো বিরোধিতা করেননি। দেশে ফিরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকি। এর মধ্যে ধানমন্ডির একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান “সাতরঙ”-এর বেহালার শিক্ষক হিসেবে যোগদান করি। এখনো সেখানে বেহালা শেখানোর দায়িত্ব পালন করছি। এ ছাড়া অনেক শিক্ষার্থী আসে বাড়িতে শিখতে। নিজের অর্জিত সব শিক্ষাই ওদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। দেশে যে সুযোগ-সুবিধা পাইনি, তা যেন ওরা পায়। শিক্ষকতা খুব উপভোগ করি। সঠিকভাবে কাউকে শিক্ষা দেওয়ার মধ্যে একধরনের আনন্দ আছে। তাদেরও শেখার আগ্রহ আছে। একটা স্বপ্ন আছে আমার—এখন যারা শিখছে তাদের সঠিকভাবে তৈরি করা, ওদের নিয়ে দেশে অর্কেস্ট্রা করার ইচ্ছা আছে।’ পেশা হিসেবে বেহালাবাদন এখনো কম এ দেশে। বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে। সেখানে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং পরিচিতি পেয়েছেন শিউলী ভট্টাচার্যী। এ বিষয়ে তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘সংগীত,বাদ্য-বাজনায় ছেলে-মেয়ের ভেদাভেদ নেই। সংগীত সবার জন্য।’ শিউলী ভট্টাচার্যীর ব্যস্ততার শেষ নেই। শিক্ষকতা, মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান—এসবে কেটে যাচ্ছে দিন। এর বাইরে সময়টুকু স্পর্শর—তাঁর একমাত্র সন্তান। ‘কাজ আর সংসার দুই জায়গাতেই সমান দায়িত্ব পালন করতে হয়। স্পর্শকেও সময় দিতে হয়। আর জীবনের অংশ বেহালা তো আছেই।’