বেহালে ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক
‘প্রতিদিন বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় অফিস করতে হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ধুলাবালিতে জামাকাপড় ময়লা হয়ে যায়। চোখেমুখে ধুলার আস্তর পড়ে। নাকে রুমাল চেপে রাখতে হয়। সড়কের এই অংশ দিয়ে গেলে মনে হয় ধুলার সড়কে ঢুকেছি। অনেক দিন ধরে এই অবস্থা। রাস্তাটা মেরামত করে পরিষ্কার রাখলে এই অবস্থা হয় না।’ বলছিলেন নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা এনামুল হক।আট কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ (লিংক) সড়কের দুই কিলোমিটার (চাষাঢ়া থেকে শিবুমার্কেট পর্যন্ত) অংশ বেহালে আছে। এ জন্য যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গিয়ে দেখা গেছে, দুই কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশে খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো ভাঙা রাস্তায় ধীরগতিতে চলায় যানজটের সৃষ্টি হচ্ছে। শুকনো মৌসুমে ভাঙা সড়কে ধূলিদূষণের শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। এই সড়কের দুই পাশে কোনো ফুটপাত ও সড়কবাতি না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে হাঁটতে হয়।খোঁজ নিয়ে জানা যায়, আশির দশকের শেষার্ধে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘদিন পর ১৯৯৭ সালে সড়কটিতে যান চলাচল শুরু হয়। ফলে নারায়ণগঞ্জ শহরের সঙ্গে ঢাকা শহরের সড়ক যোগাযোগ সহজ হয়ে যায়। এই সড়কের পাশে থাকা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ও প্র্যাকটিস ম্যাচের ভেন্যু ছিল। তাই বিশ্বকাপের আগে এটিকে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগেই ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের কাজ শেষ করা হয়। এরপর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাকি দুই কিলোমিটার অংশের কাজ শুরু করে। কিন্তু গত নয় মাসেও তারা কাজ শেষ করতে পারেনি। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না পাওয়ায় সড়কটির পুরোনো দুই লেনের পিচ ক্ষয়ে খোয়া উঠে গেছে। অন্যদিকে নতুন দুই লেনে মাটির ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। ফলে শুকনো মৌসুমে সংযোগ সড়কের চাষাঢ়া থেকে শিবুমার্কেট পর্যন্ত অংশে ধুলায় ছেয়ে থাকছে। আর বৃষ্টি হলে জমে থাকে কাদাপানি।বেহাল সংযোগ সড়ক বিষয়ে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন অভিযোগ করেন, ভাঙা সড়কে চলতে গিয়ে প্রায়ই বাস যান্ত্রিক ত্রুটির মুখে পড়ছে।নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকার মুদি দোকানি আমজাদ হোসেন জানান, বেহাল সড়কের ধুলাবালিতে পুরো দোকান ভরে যায়। আশপাশের সব দোকান ও বাড়ির লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা উচিত।নারায়ণগঞ্জ সড়ক বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, আট কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক চার লেনে উন্নীত করা, বিভাজক (ডিভাইডার) ও নর্দমা (ড্রেন) নির্মাণ এবং পিচ ঢালাইয়ের কাজে সব মিলিয়ে ৬০ কোটি টাকা নির্মাণব্যয় ধরা হয়েছিল। বিশ্বকাপের আগেই ছয় কিলোমিটার সড়কের যাবতীয় কাজ শেষ হয়েছে। ১০ কোটি টাকার বরাদ্দ নয় মাস ধরে ঝুলে থাকায় দুই কিলোমিটার সড়কের কাজ করা যাচ্ছে না। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তুষার কান্তি সাহা বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পর দ্রুত সড়কের কাজটি শেষ করা হবে।