বেড়া পৌরসভায় জোড়াতালি দিয়ে চলছে পানি সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপলাইনের মাধ্যমে বেড়া পৌর এলাকায় পানি সরবরাহ শুরু হয় দেড় বছরেরও বেশি সময় আগে। এই সময়ের মধ্যে কয়েকটি মাত্র পরিবার পানির সংযোগ পেলেও বেশির ভাগ পরিবারই এখনো পানির সংযোগ পায়নি। এ ছাড়া যতটুকু পানি সরবরাহ করা হচ্ছে তাও চলছে জোড়াতালি দিয়ে। পাইপলাইনের অনেক স্থান ফেটে গিয়ে বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। ভূগর্ভস্থ পাইপলাইনের বিভিন্ন স্থানে ফুটো হওয়ায় নোংরা পানি ঢুকছে পাইপলাইনে। জানা যায়, বেড়া পৌরসভা আর্সেনিকপ্রবণ এলাকা হওয়ায় পৌর এলাকার প্রতিটি পরিবারই সাপ্লাইয়ের পানির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। ২০০৪ সালে পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলে এ দাবি আরও জোরদার হয়। অবশেষে পৌর এলাকায় পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেড়া কার্যালয়ের তত্ত্বাবধানে বেড়া বিবি উচ্চবিদ্যালয়, দাসপাড়া এবং পায়না ছাপড়া মসজিদ এলাকায় তিনটি গভীর নলকূপ ও পাম্পস্টেশন স্থাপন করা হয়। বসানো হয় ১৪ দশমিক দুই কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন। ২০০৮ সালের জুন মাসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাইপলাইনসহ গভীর নলকূপ ও পাম্পস্টেশনগুলো বেড়া পৌরসভার কাছে হস্তান্তর করে। বেড়া পৌরসভা সেগুলো বুঝে পেয়ে সেই সময় থেকেই পৌর এলাকার মাত্র ৭০টি পরিবারকে পানির সংযোগ প্রদানের মাধ্যমে পানি সরবরাহ শুরু করে। কথা ছিল, পাইপলাইন দ্রুত সম্প্রসারণের মাধ্যমে ৪০ কিলোমিটারে উন্নীত করে পৌর এলাকার প্রতিটি পরিবারকে পাইপলাইনের আওতায় নিয়ে এসে পানির সংযোগ প্রদান করা হবে। কিন্তু গত দেড় বছরে পাইপলাইনের কোনো সম্প্রসারণ হয়নি। তবে এই সময়ের মধ্যে সংযোগ গ্রহণকারী পরিবারের সংখ্যা ৭০ থেকে ১৮০-তে উন্নীত হয়েছে। বেড়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় আট হাজারেরও বেশি পরিবার রয়েছে। প্রতিটি পরিবারই সাপ্লাইয়ের পানির প্রতীক্ষায় থাকলেও কাছাকাছি পাইপলাইন না আসায় তারা পানির সংযোগ নিতে পারছে না। বেড়া পৌরসভার ২৮টি মহল্লার মধ্যে আলহেরানগর, শম্ভুপুর, পায়না, তেঘরী, মোহনগঞ্জ, বাড়াদিয়া, জোড়দহ, শেখপাড়া, বড়শিলা, বাঙাবাড়িয়াসহ প্রায় অর্ধেক মহল্লায়ই এখনো পাইপলাইন পৌঁছায়নি। মৈত্রবাঁধা মহল্লার বাসিন্দা বকুল মোল্লা (৪০) বলেন, ‘এ মহল্লার ভেতর দিয়ে পাইপলাইন গেলেও আমরা পানির সংযোগ পাচ্ছি না। কারণ যেখান দিয়ে পাইপলাইন গেছে, তা আমার বাড়ি থেকে বেশ দূরে। মহল্লার ভেতরে পাইপলাইনের বিস্তার না ঘটানোয় বেশির ভাগ পরিবারই পানির সংযোগ পায়নি।’আলহেরানগর মহল্লার বাসিন্দা বেড়া মনজুর কাদের মহিলা কলেজের সহকারী অধ্যাপক নাসরিন বেগম বলেন, ‘নলকূপের পানিতে আর্সেনিক ও আয়রন দুই-ই প্রচুর পরিমাণে থাকায় পানি নিয়ে আমাদের দুর্ভোগের শেষ নেই। সাপ্লাইয়ের পানি পেলে আমরা বেঁচে যাই। কিন্তু এ মহল্লায় পানির লাইনই আসেনি।’ সরেজমিন দেখা গেছে, শহীদ আবদুল খালেক স্টেডিয়াম, বৃশালিখা, দত্তকান্দিসহ বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে ভূগর্ভস্থ পাইপলাইন বের হয়ে পড়েছে অথবা পাইপলাইন ফুটো হয়ে পড়েছে। জোড়াতালি দিয়ে দায়সারাভাবে এগুলো মেরামতের কারণে সমস্যা দূর না হয়ে বেড়েই চলেছে। শহীদ আবদুল খালেক স্টেডিয়ামের সামনে বের হয়ে থাকা পাইপলাইনে ফুটো দেখা দেওয়ায় প্লাস্টিকের বস্তা জড়িয়ে ফুটো বন্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে পানি পড়া বন্ধ হয়নি। বরং এই স্থান দিয়ে অনবরত পানি বের হয়ে সড়কের ক্ষতি করছে। বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, ‘পাম্পমেশিনসহ গভীর নলকূপ ও পাইপলাইন পৌরসভার কাছে আমরা বুঝিয়ে দিয়েছি। সেগুলোর রক্ষণাবেক্ষণ, নতুন সংযোগ প্রদানসহ যাবতীয় দায়িত্ব পৌরসভার।’ বেড়া পৌরসভার কমিশনার আবদুস সামাদ মহালদার বলেন, ‘জনস্বাস্থ্য অধিদপ্তর পাইপলাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন করে আমাদের হাতে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা নতুন সংযোগ দিতে পারছি না। তবে শিগগিরই পাইপলাইন বসানোর কাজ শুরু হবে বলে আশা করছি। আর বর্তমান পানি সরবরাহ লাইনের যেসব স্থানে ত্রুটি দেখা দিচ্ছে, খবর পাওয়া মাত্রই আমরা তা মেরামতের উদ্যোগ নিচ্ছি।’