বেড়া-রাজশাহী বাসপ্রতি চাঁদা আদায় দেড় হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা থেকে রাজশাহীতে যাতায়াতকারী প্রতিটি বাস থেকে দৈনিক এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে। বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নামে ১০ থেকে ১৫টি স্থানে এই চাঁদা আদায় করা হচ্ছে।বেড়ার বাসমালিকেরা দাবি করেন, চাঁদাবাজির কারণে গড়ে প্রতি মাসে বাসপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা গচ্চা দিতে হচ্ছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়া থেকে পাবনা সদর দিয়ে নাটোর হয়ে প্রতিদিন আট থেকে ১০টি বাস যাতায়াত করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেড়ার একজন বাসমালিক অভিযোগ করেন, চাঁদাবাজি শুরু হয় বেড়া থেকেই। এখানে চাঁদা দিতে হয় ৩০ টাকা। কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে চাঁদা দিতে হয় রাজশাহী বাস টার্মিনালে ২২০ টাকা, রাজশাহী নগরের ভদ্রা মোড়ে ১৫০ টাকা, নাটোর চেকপোস্টে ২২৫ টাকা, হরিশপুর বাস টার্মিনালে ৮০ টাকা, পাবনা বাস টার্মিনালে ১১০ টাকা।এ ছাড়া পাবনার কাশীনাথপুর, আতাইকুলা, গাছপাড়া, লস্করপুর বাইপাস, মূলাডুলি, দাশুড়িয়া ও টেবুনিয়া; নাটোরের বেলঘোরিয়া বাইপাস, বেলঘোরিয়া তেবাড়িয়া, রাজাপুর, পিটিআই ও নাটোর বাইপাস; রাজশাহীর কাটাখালী, রাজশাহী চেকপোস্ট, তালাইমারী মোড় ও নওদাপাড়াসহ আরও কয়েকটি স্থানে ১০ থেকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। এর বাইরে কয়েকটি স্থান থেকে পুলিশ সার্জেন্টরা মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করেন। সব মিলিয়ে বেড়া থেকে একটি বাস রাজশাহী যাতায়াতে প্রতিদিন প্রায় দেড় হাজার টাকা চাঁদা দিতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘চাঁদাবাজিটা এখন পাল্টাপাল্টি ও জেদাজেদির পর্যায়ে গিয়ে ঠেকেছে। যেমন: নাটোরের শ্রমিক ও মালিক সমিতির লোকজন যদি রাজশাহীর গাড়ি থেকে দুই টাকা বেশি চাঁদা আদায় করে, রাজশাহীর লোকজন নাটোর অথবা অন্য জেলার গাড়ি থেকে চার টাকা বেশি আদায় করবে। আমাদের এখানেও মালিক ও শ্রমিক সমিতির নামে বিভিন্ন জেলার গাড়ি থেকে চাঁদা আদায় করা হয়। তবে তা নাটোর বা রাজশাহীর চেয়ে অনেক কম।’সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী প্রতিটি বাস থেকেই চাঁদা আদায় করা হয়।পাবনার শ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যত দিন যাচ্ছে, চাঁদার পরিমাণ ততই বেড়ে চলেছে।পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি আলাল উদ্দিন বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করতে আমরা বিভিন্ন জেলার মালিক ও শ্রমিক সমিতির নেতাদের নিয়ে বারবার বৈঠক করেছি, প্রশাসনের শরণাপন্ন হয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’পাবনা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ বলেন, বেপরোয়া চাঁদাবাজির কারণে পরিবহন ব্যবসা থেকে বাসমালিকেরা পালানোর পথ খুঁজছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিক উদ্যোগ নিলে চাঁদাবাজি অবশ্যই বন্ধ হবে বলে মনে করেন তিনি।যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’