বেড়া-সাঁথিয়ায় ভেজাল গুড়ের রমরমা কারবার
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা চলছে। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই গুড় কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। জেলা ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বারবার অভিযান চালিয়েও বন্ধ করতে পারছে না ভেজাল গুড়ের কারবার। সরেজমিনে ঘুরে ও বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর সহযোগিতায় একটি চক্র পাবনা ও নাটোরের কয়েকটি স্থানে গোপনে ভেজাল গুড় তৈরি করছে। চিটাগুড়ের (গোখাদ্যে ব্যবহূত হয়) সঙ্গে ময়দা, চিনি, হাইড্রোজ ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে এই ভেজাল গুড়। পরে ভেজালকারীরা তা পৌঁছে দিচ্ছে পাইকারি গুড় ব্যবসায়ীদের দাকানে। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা সেগুলো কিনে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন সাঁথিয়া উপজেলার করমজা চতুরবাজারের গুড়পট্টিকেই অসাধু ব্যবসায়ীরা ভেজাল গুড় বিক্রির প্রধান কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। ভেজাল গুড় তৈরির পর ভেজালকারীরা সিংহভাগ গুড়ই এখানে নিয়ে আসেন বলে জানা গেছে। এদিকে ভেজাল গুড় উত্পাদনকারী ও তাদের সহায়তাকারী পাইকারি গুড় ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে অভিযান চালানো হলেও এ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। ৩ আগস্ট এক অভিযান চলাকালে গুড় ব্যবসায়ী মামুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘ভেজাল কি না জানি না, বাজারের প্রায় সব ব্যবসায়ীর দোকানেই এখন এ ধরনের গুড়। এ সময় নতুন গুড় উত্পাদন বন্ধ থাকে বলে চাহিদার কারণে এ ধরনের গুড় ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। নতুন গুড় উঠলেই এ ধরনের গুড় তেমন আর বিক্রি হবে না।’ জেলা প্রশাসন ও র্যাবের সমন্বয়ে গড়া ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমামউদ্দিন কবির বলেন, ‘এর আগে আমরা অভিযান চালিয়ে পাবনার ভেজাল গুড় তৈরির কারখানাগুলো বন্ধ করে দিয়েছি। এখন ভেজাল গুড় আসছে বাইরে থেকে।’