বেড়ার চরাঞ্চলে স্বাস্থ্য খাতে উন্নয়ন নেই
পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলে বাস করা লক্ষাধিক মানুষের ভাগ্যোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগে গত কয়েক বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বেড়ার চরবাসী চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত। তাদের দিন কাটে মানবেতর অবস্থায়।জানা যায়, বেড়া উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিই যমুনার চর এলাকা নিয়ে গঠিত। ঢালারচর, নতুনভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, হাটুরিয়া-নাকালিয়া, জাতসাকিনী, রূপপুর ও মাসুমদিয়া নামের এ সাত ইউনিয়নের চর এলাকাগুলো দুর্গম হওয়ায় উপজেলার মূল অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। উপজেলা সদর থেকে চর এলাকাগুলোর দূরত্ব ১৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মূলত চরবাসীর স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই যমুনা-তীরবর্তী এলাকায় তিনটি উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। সেগুলো হলো হাটুরিয়া, নতুন ভারেঙ্গা ও রাজনারায়ণপুর উপস্বাস্থ্যকেন্দ্র। এ তিনটি উপস্বাস্থ্যকেন্দ্রের কোনোটিই চর এলাকায় স্থাপিত না। তা সত্ত্বেও এগুলোই চরবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার নিকটতম চিকিৎসাকেন্দ্র। কিন্তু এ চিকিৎসাকেন্দ্রগুলোতে দীর্ঘদিন কোনো চিকিৎসা কর্মকর্তা না থাকায় চরবাসী যমুনা পাড়ি দিয়ে সেখানে এলে কোনো চিকিৎসাই পান না।উপজেলায় যে ১৮টি কমিউনিটি ক্লিনিক রয়েছে তার ১৫টির অবস্থানই উপজেলার মূল অংশে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চর এলাকা নিয়ে গঠিত ঢালারচর ইউনিয়নে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ২০০৩ সালের ফেব্রুয়ারিতে স্থাপন করা হয় একটি দ্বিতল স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র। দুর্গম ও জনবিচ্ছিন্ন ইউনিয়নবাসীর জন্য এটিই ছিল স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা। কিন্তু ২০০৬ সালের নভেম্বরে এ স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ ফাঁড়ি বসানোর পর থেকেই বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, এ কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে চর এলাকা পরিদর্শন করে যথাসাধ্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার পরও দুর্গম হওয়ার কারণেই চরবাসীরা আধুনিক চিকিৎসাসেবা থেকে কিছুটা বঞ্চিত। বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিকভাবে চরাঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।