পাবনার বেড়া উপজেলার ঢালারচর ও মাসুন্দিয়া ইউনিয়নের ৩০টি গ্রাম চরমপন্থীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এসব গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ চরমপন্থী-সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কজনক পরিস্থিতিতে দিনাতিপাত করছে। সরেজমিনে ঘুরে ও বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।গত এক দশকে ঢালারচর ও মাসুন্দিয়া ইউনিয়নের চরাঞ্চলে ৫০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে। চরমপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই বেশির ভাগ খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার চরমপন্থী। আর চরমপন্থীদের হাতে নিহত হয়েছেন দুই এসআইসহ চার পুলিশ।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘ঢালারচরসহ আশপাশের চরাঞ্চল থেকে চরমপন্থী-সন্ত্রাসীদের নির্মূল করা হবেই। এ জন্য ইতিমধ্যে সেখানে ফোর্স বাড়ানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।’ঢালারচরের অবস্থান পদ্মা ও যমুনার দুর্গম চরে। এই ইউনিয়নে গ্রামের সংখ্যা ২২টি। পার্শ্ববর্তী মাসুন্দিয়া ইউনিয়নের আটটি গ্রামও যমুনার দুর্গম চরে অবস্থিত। সূত্র বলছে, দুর্গম চরাঞ্চলে হওয়ায় গ্রামগুলোতে সহজেই চরমপন্থীরা জেঁকে বসেছে।বেড়া উপজেলা সদর থেকে গ্রামগুলোর দূরত্ব ৩০-৪০ কিলোমিটার। অথচ রাজবাড়ী সদর ও মানিকগঞ্জের আরিচা থেকে এসব গ্রামের কোনো কোনোটির দূরত্ব ১০ কিলোমিটারের মধ্যে। ফলে এসব এলাকার মানুষ পদ্মা পাড়ি দিয়ে রাজবাড়ী ও যমুনা পাড়ি দিয়ে মানিকগঞ্জেই বেশি যাতায়াত করে। একদিকে দুর্গম চরাঞ্চল, অন্যদিকে সহজে অন্য জেলায় যাওয়ার সুযোগ—এসব কারণে এলাকাটি হয়ে উঠেছে চরমপন্থী-সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। একাধিক সূত্র জানায়, অঞ্চলটি চরমপন্থী বিভিন্ন দলের মূল প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও পরিচিত। দেশের বিভিন্ন এলাকা থেকে চরমপন্থীরা প্রায়ই এ এলাকায় এসে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে ফিরে যায়।সূত্র জানায়, চরমপন্থীরা বছরে সেচযন্ত্রপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা আদায় করে। পদ্মা ও যমুনা নদীতে প্রতিটি মাছ ধরার নৌকা থেকে মৌসুমপ্রতি এক থেকে দুই হাজার টাকা আদায় করা হয়। এ ছাড়া নতুন চরের ইজারা ও দখল পাইয়ে দেওয়ার বিনিময়েও চরমপন্থীরা প্রচুর টাকা আদায় করে থাকে।২০ জুলাই উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের রাজধরদিয়া গ্রামে ঢালারচর পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে চরমপন্থীরা। এরপর সেখানে চরমপন্থী-আতঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের হয়রানির ভয়। তবে বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, পুলিশ কাউকে অযথা হয়রানি করছে না। কাজেই অপরাধী ছাড়া কারও ভয় পাওয়ার কারণ নেই।আতঙ্কে ইউপি চেয়ারম্যানরা: ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ২০০৩ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই চরমপন্থীদের ভয়ে এলাকাছাড়া। সপরিবারে থাকেন উপজেলা সদরে। মাসুন্দিয়া ইউনিয়নের কাজীরহাটে স্থাপিত অস্থায়ী ইউপি কার্যালয় থেকেই যাবতীয় কাজ পরিচালনা করছেন তিনি। শুধু তিনি নন, ১৯৮৪ সালের পর থেকে কোনো চেয়ারম্যানই এলাকায় থেকে দায়িত্ব পালন করতে পারেননি।আতাউর রহমান বলেন, ‘কিছু সমস্যা দেখা দেওয়ায় নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার বাইরে বাস করছি। কিন্তু এ জন্য পরিষদের কার্যক্রম চালাতে কোনো সমস্যা হচ্ছে না।’স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ ফাঁড়ি: ঢালারচর পুলিশ ফাঁড়ির স্থায়ী কোনো জায়গা বা ভবন নেই। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দোতলা ভবনটিই প্রায় চার বছর ধরে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহূত হয়ে আসছে। ফলে সেখানে স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ রয়েছে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি বুঝে পাওয়া মাত্রই সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।’বেড়ার ওসি শেখ জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ফাঁড়ির জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে। ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ফাঁড়ির কোনো বিকল্প নেই। কিন্তু চরমপন্থী-সন্ত্রাসীসহ তাদের মদদদাতা একটি মহল চায় না সেখানে কোনো পুলিশ ফাঁড়ি থাকুক।’