বেড়ার নগরবাড়ী এখন মাদকমুক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীর কুখ্যাতি ছিল মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের আখড়া বলে। কিন্তু বর্তমানে সেই কুখ্যাতি আর নেই। প্রায় তিন সপ্তাহ ধরে মদ-গাঁজাসহ সব ধরনের মাদক থেকে এলাকাটি এখন মুক্ত। এলাকাবাসীর মাদকবিরোধী আন্দোলনের মাধ্যমে এর সফলতা এসেছে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে যমুনার পাড়ে নগরবাড়ী একসময় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত ছিল। এখনো এটি দেশের অন্যতম নৌবন্দর ও ব্যবসাকেন্দ্র বলে পরিচিত। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরবাড়ী বাজারে একটি লাইসেন্সধারী মদের দোকান থাকলেও তা থেকে নিয়ম-বহির্ভূতভাবে যেকোনো মানুষের কাছে প্রকাশ্যে মদ বিক্রি করা হতো। এই মদের দোকানের ৬০ মিটারের মধ্যে এলাকার প্রধান মসজিদ ও ১০০ মিটারের মধ্যে টার্মিনাল মসজিদের অবস্থান। প্রকাশ্যে মদ্যপান ও মাতালদের উত্পাতে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো মুসল্লিদের। এ ছাড়া কয়েকটি পান-সিগারেটের দোকানসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি হতো গাঁজা ও ফেনসিডিল। সন্ধ্যার পর মদের দোকানের আশপাশে বসত মদ-গাঁজার আসর। এ সময় গাঁজার উত্কট গন্ধে একদিকে যেমন নাক ভারী হয়ে উঠত, তেমনি পথে-ঘাটে ছিল মাতালদের উত্পাত। মাদকসেবনের কারণে অনেক পরিবারেই নেমে এসেছিল বিপর্যয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা এমন প্রকাশ্যে মদ-গাঁজা বিক্রি বন্ধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কিছু প্রভাবশালীর পৃষ্ঠপোষকতার কারণে বন্ধ না হয়ে ক্রমান্বয়ে তা বেড়েই চলছিল। অবশেষে স্থানীয় বাসিন্দারা সপ্তাহ তিনেক আগে বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হকের নেতৃত্বে সংগঠিত হয়ে গঠন করে মাদকবিরোধী কমিটি। এই কমিটি আন্দোলনে নামে মাদকের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর প্রায় পাঁচ হাজার এলাকাবাসী একত্র হয়ে মাদকের বিরুদ্ধে মৌন মিছিলে অংশ নেয়। মাদকের ব্যবহার ও বিক্রি বন্ধ না করলে এর বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আর এতেই দেখা দেয় সুফল। গত ৮ নভেম্বর সন্ধ্যায় কয়েক শ এলাকাবাসীর সামনে মদের দোকানের মালিক লিখিতভাবে নগরবাড়ী এলাকায় মদ বিক্রি না করার অঙ্গীকার করেন। এর আগেই এলাকা থেকে পালিয়ে যায় গাঁজা ও ফেনসিডিল বিক্রেতারা। বর্তমানে নগরবাড়ী পুরোপুরি মাদকমুক্ত বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান (পুরানভারেঙ্গা ইউনিয়ন) এ এম রফিকউল্লাহ বলেন, ‘নগরবাড়ীকে এখন পুরোপুরি মাদকমুক্ত বলা যায়। মাদকমুক্ত হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামাজিক পরিবেশের অনেক উন্নতি হয়েছে।’ বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক বলেন, ‘এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এ এলাকায় মদসহ সব ধরনের মাদক কেনাবেচা বন্ধ হওয়ায় এ এলাকা এখন মাদকমুক্ত।’ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসানুল মতিন বলেন, ‘নগরবাড়ী মাদকমুক্ত হওয়ার ক্ষেত্রে এলাকাবাসীর ভূমিকা অনুকরণীয়। প্রশাসনিকভাবেও এ এলাকাকে মাদকমুক্ত রাখার ব্যাপারে কড়া নজর রাখা হবে।’