বেড়ার নাকালিয়ায় প্রতি হাটেই জুয়ার আসর
বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকলিয়া বাজারে প্রতি হাটবারে (রোববার ও বুধবার) বসছে জমজমাট জুয়ার আসর। একশ্রেণীর জুয়াড়ি প্রকাশ্যে জুয়ার ফর, গুটি, চড়কি, তীর প্রভৃতি সাজিয়ে জুয়া খেলতে প্রলুব্ধ করছে সাধারণ হাটুরেদের। আর জুয়াড়িদের প্রলোভনে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে হাটে সওদা করতে আসা হাটুরেরা।তবে এ জুয়া খেলা শুধু নাকালিয়া বাজারেই সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী মালদাপাড়া গ্রামে ও হাটুরিয়া কবরস্থানের পার্শ্ববর্তী নলবনের ভেতরে চলছে তাস দিয়ে মোটা অঙ্কের জুয়া খেলা। এলাকাবাসীর অভিযোগ, জুয়া খেলা বন্ধে পুলিশের কোনো উদ্যোগ নেই। সরেজমিনে নাকালিয়া হাটে গিয়ে দেখা যায়, হাটের পাশেই যমুনা পাড়ে সামিয়ানা টানিয়ে তার নিচে ফর, গুটি, চড়কি প্রভৃতি সাজিয়ে বসেছে জুয়াড়িরা। সেখানে ভিড় করে জুয়ার কোটে টাকা ফেলছে অনেকেই। ভিড় থেকে একটু দূরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলেন চরনাগদা গ্রামের আব্দুল মালেক। তিনি জানান, পকেটে সাড়ে চার শ টাকা নিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য হাটে এসেছিলেন। জুয়ার কোটে মানুষের ভিড় দেখে সেখানে দাঁড়ানোর একপর্যায়ে জুয়ার কোটে ২০-৩০ টাকা করে বাজি ধরতে গিয়ে সব টাকা খুইয়ে ফেলেছেন। এখন জিনিসপত্র না কিনে খালি হাতে কীভাবে বাড়ি ফিরবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। জুয়ার আসরের কাছেই এক ফল বিক্রেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এখানে জুয়া চলছে। এলাকার প্রভাবশালীরা এখান থেকে বখরা পান। সকালের দিকে জুয়ার কোটে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর ভিড় বেড়ে যায়। তবে জুয়ার আয়োজক পেঁচাকোলা গ্রামের আবদুল মজিদ বলেন, ‘লোকজনকে আনন্দ দেওয়ার জন্য মাঝেমধ্যে একটু খেলি-টেলি আরকি। তবে কেউ কিছু বললে বন্ধ কইর্যা দেই।’ এদিকে এলাকাবাসী অভিযোগ করে জানান, নাকালিয়া বাজারের পার্শ্ববর্তী মালদাপাড়া গ্রামের একটি বাড়িতে দিন-রাত চলে জুয়া খেলা। দূর-দূরান্তের অনেক স্থান থেকে জুয়াড়িরা এই বাড়িতে এসে হাজার হাজার টাকার জুয়া খেলছে। জুয়াড়িদের কাছ থেকে বাড়ির মালিক প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা পান বলে এলাকাবাসী জানান। এ ছাড়া হাটুরিয়া কবরস্থানের পার্শ্ববর্তী নলবনের ভেতরেও দিনের বেশির ভাগ সময় মোটা অঙ্কের জুয়া খেলা চলে বলেও জানা গেছে। এ ব্যাপারে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘নাকালিয়া বাজারসহ কয়েকটি স্থানে জুয়া খেলা হয় বলে আমিও অভিযোগ পেয়েছি। জুয়া বন্ধের ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বলেন, ‘জুয়া বন্ধের ব্যাপারে আমরা সব সময়ই তৎপর। উপজেলার বিভিন্ন স্থানে এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হাটুরিয়া-নাকালিয়ায় জুয়া চললে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’