বেড়ার পাটচাষিদের চিন্তা দূর হয়েছে
পাবনার বেড়া উপজেলার কৃষকেরা প্রথমবারের মতো ব্যবহার করছেন পাট পচানোর নতুন প্রযুক্তি ‘রিবন রেটিং পদ্ধতি’। পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে উপজেলার যেসব এলাকার কৃষকেরা চোখে অন্ধকার দেখছিলেন, নতুন এই প্রযুক্তিটি তাঁদের মধ্যে এনে দিয়েছে স্বস্তিকর পরিস্থিতি। উপজেলা কৃষি কার্যালয় পাটের আঁশ ছাড়ানোর নতুন এই প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনা মূল্যে মেশিন সরবরাহ করে এর ব্যবহারপদ্ধতি শিখিয়ে দিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ‘রিবন রেটিং পদ্ধতি’ নামের পাট পচানোর নতুন প্রযুক্তির ব্যাপারে পাটচাষিদের আগ্রহী করার উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি কার্যালয়। এবার পাট জাগ দেওয়ার মতো পানির অভাব থাকা সত্ত্বেও কৃষকেরা এ প্রযুক্তিতে অল্প জায়গা ও পানিতে পাট পচিয়ে সোনালি আঁশ ঘরে তুলতে পারছেন। উপজেলা কৃষি কার্যালয় পাটচাষিদের মধ্যে ৪০টি মেশিন সরবরাহ করেছে। কৃষি কার্যালয়ের উদ্যোগে আগ্রহী পাটচাষিদের ইতিমধ্যে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রিবন রেটিং পদ্ধতিতে সনাতন পদ্ধতির মতো জমি থেকে পাট কেটে জলাশয়ের ব্যাপক জায়গাজুড়ে পাট জাগ দেওয়ার প্রয়োজন নেই। এ পদ্ধতিতে পাটগাছের পাতা ঝরিয়ে এর গোড়া থেঁতলে নিতে হয়। এরপর রিবন রেটিং মেশিনের সাহায্যে পাটগাছের ছাল ছাড়িয়ে নিয়ে তৈরি করা ছোট গর্তের পানিতে সেই ছাল ১০ দিন ভিজিয়ে রেখে পচাতে হয়। এক বিঘা জমির ছাড়িয়ে নেওয়া পাটের ছাল পচানোর জন্য ছয় মিটার লম্বা, তিন মিটার চওড়া ও এক মিটার উচ্চতাবিশিষ্ট গর্ত করে তাতে পলিথিন বিছিয়ে পানি দিয়ে ভরে দিতে হয়। গর্তের প্রতি মণ পানিতে এক কেজি করে ইউরিয়া সার দেওয়া হলে পাটের আঁশ খুব ভালো হয়। গর্তের ভেতর ছাল জাগ দেওয়ার দিনদশেক পর তা ধুয়ে নিলেই পাওয়া যায় উৎকৃষ্ট মানের পাট। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো হলে আঁশের রং ও গুণগত মান তুলনামূলকভাবে অনেক ভালো হয়। যে পাটকাঠিগুলো পাওয়া যায়, সেগুলোও ভালো মানের হয়। মেশিনে ছাল ছাড়ানোর পদ্ধতি এত সহজ যে নারীরাও সহজে ছাল ছাড়াতে পারেন। সবচেয়ে বড় কথা, এ পদ্ধতিতে পাটচাষিদের পাট জাগ দেওয়ার পানি নিয়ে আর ভাবতে হয় না।সরেজমিনে দেখা গেছে, উপজেলার কিছু কিছু এলাকার পাটচাষিদের মধ্যে এ পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও অনেক এলাকার পাটচাষিরা একে সানন্দে গ্রহণ করেছেন। অনেকেই এ পদ্ধতিতে সোনালি আঁশ ঘরে তুলে বেজায় খুশি।বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক আবদুল কাদের বলেন, ‘আশপাশে পাট জাগ দেওয়ার পানি ছিল না। এ অবস্থায় কৃষি অফিসের লোকজনের কথামতো দুই বিঘা জমির পাট রিবন রেটিং দিয়া পচায়া খুব ভালো ফল পাইছি। আমাগরে এলাকার ম্যালা কৃষক এহন এই পদ্ধতির দিক ঝুঁক্যা পড়িছে।’কৃষি কার্যালয়ের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ জালাল উদ্দিন বলেন, বৃষ্টিহীন প্রতিকূল পরিস্থিতিতে রিবন রেটিং পদ্ধতি পাট পচানোর অতি সহজ ও কার্যকর এক পদ্ধতি। বেড়াসহ জেলার প্রধান প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঘুরে কৃষকদের মধ্যে এ পদ্ধতির ব্যাপারে চরম আগ্রহ লক্ষ করেছি। আমরা যে মেশিনগুলো সরবরাহ করেছি, সেগুলোর প্রতিটির মাধ্যমে ১০০ জন কৃষক পাটের ছাল ছাড়িয়ে পাট পচাতে পারছেন। পর্যায়ক্রমে আরও মেশিন সরবরাহ করা হবে।