বেড়ায় আমের মুকুল ঝরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় এবার প্রচুর আমের মুকুল এসেছিল। কোনো কোনো আমগাছে এত বেশি মুকুল এসেছিল যে পাতা পর্যন্ত ঢাকা পড়েছিল তাতে। কিন্তু ইতিমধ্যে অর্ধেকেরও বেশি মুকুল ঝরে গেছে। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এলাকাবাসীর ধারণা, শেষ পর্যন্ত বেশির ভাগ মুকুল ঝরে গিয়ে গাছে শুধু আমহীন ডাঁটা ঝুলে থাকবে।পৌর এলাকার শেখপাড়া মহল্লার গৃহবধূ রেখা খাতুন (৩৫) বলেন, ‘প্রতিটি আমগাছের নিচে এখন প্রচুর আমের মুকুল মিলছে। ঝরে পড়া এসব মুকুল রোদে শুকিয়ে নিলে দারুণ জ্বলে। তবে মুকুল পুড়িয়ে ভালো রান্না করা গেলেও আমের কথা ভেবে খুব আফসোস হয়। কারণ মুকুল ঝরে পড়ায় কয়েক বছর ধরে আম পাওয়া যাচ্ছে না।’বেড়া উপজেলার প্রায় সবারই আম নিয়ে এমন আফসোস রয়েছে। কারণ ১০-১৫ বছর আগেও উপজেলার আমগাছগুলোয় প্রচুর আম ধরত। কিন্তু কয়েক বছর ধরে আমগাছগুলোতে প্রচুর মুকুল আসা সত্ত্বেও ফলন আর আগের মতো হচ্ছে না। সংশ্লিষ্ট কৃষি অফিসসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, আমগাছে প্রচুর মুকুল আসা সত্ত্বেও গুটি না ধরা অথবা গুটি হলেও তা ঝরে পড়ার মূল কারণ হল ম্যাঙ্গো হপার বা শোষক পোকা। বাদামি বর্ণের এ শোষক পোকা আমগাছেই বসবাস করে। দৈর্ঘ্যে প্রায় পাঁচ মিলিমিটার আকৃতির এই পোকা এমনিতেই গাছের রস চুষে খেয়ে গাছের মারাত্মক ক্ষতি করে। তার ওপর গাছে মুকুল এলে তা থেকেও এরা রস চুষে খায়। ফলে মুকুল ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে গুটি আসার আগেই ঝরে পড়ে।তবে এই পোকা দমন করা সম্ভব বলে কৃষি অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতি লিটার পানিতে পরিমাণমতো কীটনাশক (ডারসবান/টাফ্গর/ক্যারাটে/ রিপকর্ড/ লিমপার/ মিপসিন/সিম্বুশ ১০ ইসি প্রভৃতি) মিশিয়ে গাছে মুকুল আসার আগে একবার ও তার এক মাস পর আরেকবার পুরো গাছে স্প্রে করা হলে এই পোকা দমন সম্ভব। এ ছাড়া গাছের গোড়ায় প্রয়োজনীয় সার ও পানি দেওয়ার ব্যবস্থাও করা দরকার। বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার এনামুল হক বলেন, ‘গাছগুলায় আগে এত আম হতো যে পাড়া-পড়শি, আত্মীয়স্বজনের মধ্যে বিলি কইরাও শেষ হইতো না। অথচ এখন বাড়ির মানুষেরই আম হয় না।’ দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলাম বলেন, ‘প্রত্যেক বছর গাছে যখন মুকুল আসে, দেইখা পরান জুড়াইয়া যায়। কিন্তু চোখর সামনে সব মুকুল যখন ঝরে পড়ে, তখন কষ্টের সীমা থাকে না।’উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘এ এলাকার মানুষ সচেতন হয়ে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিলে প্রচুর আম উত্পাদনের সম্ভাবনা রয়েছে। আমি বা আমাদের অফিসের লোকজন যখনই সুযোগ পাই, কৃষকদের আমগাছে কীটনাশক স্প্রেসহ প্রয়োজনীয় পরামর্শ দিই। আমাদের কার্যালয়ের স্প্রে মেশিনের মাধ্যমে ইচ্ছা করলে উপজেলার আগ্রহী কৃষকেরা আমগাছে কীটনাশকও স্প্রে করতে পারেন।’