বেড়ায় ইউপি নির্বাচনের মাঠ গরম
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু পাবনার বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুকেরা এরই মধ্যে নানা কৌশলে শুরু করেছেন গণসংযোগ ও প্রচারণা। তাঁদের অনেকেই উপজেলার বিভিন্ন স্থানের দেয়াল অথবা ঘরের বেড়া ছেয়ে ফেলেছেন পোস্টারে পোস্টারে।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, প্রার্থী হতে ইচ্ছুকেরা এলাকাবাসীদের মন জয় করতে বেশ কিছুদিন ধরে নানা তৎপরতা শুরু করেছেন। তাঁদের বেশির ভাগই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেচে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। কেউ কেউ নিজ উদ্যোগে সাংস্কৃতিক অথবা ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসীকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। অনেকে আবার বাড়ি বাড়ি ঘুরে এলাকাবাসীর খোঁজখবরও নিচ্ছেন।উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে যেসব প্রার্থী গণসংযোগ করছেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি বলেন, ‘ইউনিয়নের বেশির ভাগ বাড়িতেই গণসংযোগ চালিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। এলাকাবাসী যেহেতু চান এ কারণে আমি অবশ্যই প্রার্থী হব।’এলাকাবাসী জানান, নির্বাচন এগিয়ে আসছে বুঝতে পেরে প্রার্থী হতে ইচ্ছুক বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের আচার-আচরণেও বেশ পরিবর্তন এসেছে। কিছুদিন আগেও তাঁরা যাদের পাত্তা দিতেন না এখন আগবাড়িয়ে এসে তাদের সঙ্গে হেসে কথা বলেন, খোঁজখবর নেন।নতুনভারেঙ্গা ইউনিয়নের আগবাগসোহা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমোদ আলী বলেন, ‘ইউপি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক অনেকের ব্যবহারই রাতারাতি পাল্টে গেছে। তবে এলাকার মানুষ এর কার্যকারণ সবই বুঝতে পারছেন।’এদিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থী হতে ইচ্ছুকদের নানা রকম পোস্টার চোখে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির দেয়াল এবং ঘরের বেড়ায় সাঁটা এসব পোস্টারে কেউ কেউ এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়েছেন। আবার কেউ কেউ সরাসরি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। অনেকে দলীয় শীর্ষ নেতাদের ছবিও নিজ পোস্টারে ব্যবহার করছেন। তাঁদেরই একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘পরিচিতি অর্জনের জন্য পোস্টারই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। এ কারণে পোস্টার ছেপে এলাকায় লাগানোর ব্যবস্থা করেছি। এতে নির্বাচনী আইন লংঘন হবে বলে মনে হয় না।’এ ব্যাপারে উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে উপজেলার অনেক এলাকাতেই সম্ভাব্য প্রার্থীদের বেশ তৎপরতা চোখে পড়ছে। তবে ইউপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।’