বেড়ায় কালাজ্বর নির্মূলে উদ্যোগ নেই
পাবনায় কালাজ্বর নির্মূলে কার্যকরী উদ্যোগ নেই। ফলে জেলার বেড়াসহ কয়েক উপজেলায় কালাজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই হতদরিদ্র হওয়ায় প্রায়ই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারে না তারা। রোগটি প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এটি মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কয়েকটি উপজেলার মধ্যে কালাজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়া উপজেলায় সবচেয়ে বেশি। এর পরই অবস্থান পার্শ্ববর্তী সুজানগর উপজেলার। এ ছাড়া সাঁথিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও আটঘোরিয়া উপজেলায় কালাজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেড়ার পার্শ্ববর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেও এ রোগ দেখা দিয়েছে বলে জানা গেছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষাগারে রক্ত পরীক্ষা করে গত বছর (২০০৯) কালাজ্বরে আক্রান্ত ৫৫ জন রোগীকে শনাক্ত করা হয়। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১২ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সারোয়ার হোসেন বলেন, ‘গত কয়েক বছর রক্ত পরীক্ষা করে প্রতিবছর ৫০ থেকে ৬০ জনের দেহে কালাজ্বরের জীবাণু পাচ্ছি। বেড়া ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও আসে এসব রোগী।’উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক সূত্রে জানা যায়, ইতিপূর্বে কালাজ্বর দেশ থেকে পুরোপুরি বিতাড়িত করতে না পাড়ায় এ অঞ্চলে কালাজ্বর সংক্রামক ও জটিল আকার ধারণ করে। চিকিৎসা ভাষায়, কালাজ্বরের এমন অবস্থাকে পিকেডিএল (পোস্ট কালাজ্বর লেস মেনিয়াসিস) বলা হয়। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পিকেডিএল রোগীদের অনেকেই যথেষ্ট চিকিৎসাসেবা পায়নি। ফলে ওই পিকেডিএল রোগীদের কাছ থেকেই বর্তমানে কালাজ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। আশির দশকে বৃহত্তর পাবনার শাহজাদপুর উপজেলা থেকেই এ রোগ প্রায় মহামারি আকারে দেশের অনেক অংশে ছড়িয়ে পড়ে। কালাজ্বর বিশেষজ্ঞদের মতে, প্রতি ২০ থেকে ২৫ বছর পরপর কালাজ্বর মহামারি আকারে দেখা দিতে পারে। পাবনা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, কালাজ্বর জীবননাশকারী রোগ হলেও সময়মতো চিকিৎসা দেওয়া হলে রোগী আরোগ্য লাভ করতে পারে। একমাত্র বেলে মাছির (স্যান্ড ফ্লাই) মাধ্যমে রোগটি ছড়ায়। নদীর চর, স্যাঁতসেঁতে ও ঝোপঝাড়পূর্ণ এলাকার বাসিন্দারাই এ রোগে আক্রান্ত হয় বেশি। এ ছাড়া গবাদিপশু যে এলাকায় বেশি, ওই এলাকায় বেলে মাছির প্রাচুর্যও বেশি থাকে। ওই হিসেবে বেড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোয় কালাজ্বরের প্রকোপ সৃষ্টির উপযোগী পরিবেশ রয়েছে। সাধারণত স্টিবেটিন নামের ইঞ্জেকশন দিয়ে এ রোগের চিকিৎসা করা হয়। তবে ইঞ্জেকশনটি খুবই বেদনাদায়ক বলে অনেক রোগীই এটি নিতে চায় না। এদিকে কালাজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চললেও রোগটি নির্মূলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কার্যকরী উদ্যোগ নেই। বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার উদ্যোগে বিশেষজ্ঞ দল কালাজ্বর-সংক্রান্ত তথ্যসংগ্রহের জন্য এ এলাকায় মাঝেমধ্যে আসে। কিন্তু রোগটি নির্মূলে তাদের ব্যাপক কোনো কর্মসূচি লক্ষ করা যায় না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান কালাজ্বরের প্রকোপ বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, বেড়াসহ আশপাশের উপজেলাগুলো থেকে কালাজ্বরে আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। এসব রোগীকে বিশেষ গুরুত্ব দিয়ে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। কালাজ্বরের চিকিৎসায় ব্যবহূত স্টিবেটিন ইঞ্জেকশনের পরিবর্তে এখন খাওয়ার ওষুধ বের হয়েছে। বিনা মূল্যে ওষুধটি বিতরণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।