বেড়ায় কৃষি উপকরণ কার্ড পাবে সাড়ে ২৯ হাজার কৃষক-পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ঊনত্রিশ হাজার ৪৯৮টি কৃষক-পরিবারের মধ্যে কৃষি উপকরণ কার্ড দেওয়ার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে উপজেলার ৬০ ভাগেরও বেশি কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা শেষ হয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, জরিপের মাধ্যমে পাবনা জেলায় কৃষক-পরিবারের সংখ্যা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৬৯৫। এর মধ্যে বেড়া উপজেলায় কৃষক-পরিবারের সংখ্যা ঊনত্রিশ হাজার ৪৯৮। পাবনা জেলার প্রতিটি কৃষক-পরিবারকেই কৃষি উপকরণ কার্ড দেওয়ার লক্ষ্যে বেড়া উপজেলাসহ জেলাজুড়ে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু হয় ১ জানুয়ারি। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন জানান, কৃষক-পরিবারের সংখ্যা অনুযায়ী তথ্য সংগ্রহের ফরম প্রতিটি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ও মাঠকর্মীদের নিয়ে তথ্য সংগ্রহ করছেন। ইতিমধ্যে এ-সংক্রান্ত ৬০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন ২০ জানুয়ারি বলেন, ‘তিন দিন হলো আমার ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।’ ইউনিয়নের আগবাগসোহা গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, ‘শুনছি এ কার্ডটা খুবই কাজে লাগবি। আমার গিরামের পরায় মানুষই ইউনিয়ন পরিষদে যায়া নাম-পরিচয়ের লেখা দিয়্যা আইছে। আমি কাল যাব।’