বেড়ায় চিকিৎসার নামে প্রতারণা!
ঘটনাস্থল পাবনার বেড়া উপজেলার নাকালিয়া হাট। হাটের পূর্ব দিকের ফাঁকা জায়গায় আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে মাইকে গান গাইছিল এক কিশোরী। শতাধিক লোক গোল হয়ে দাঁড়িয়ে বেশ মুগ্ধ হয়েই শুনছিল সেই গান। কয়েকটি গান হওয়ার পর সেখানে হাজির হন সুন্দর বেশভূষার বছর চল্লিশেক বয়সের এক ব্যক্তি। নিজেকে কবিরাজ-সম্রাট দাবি করে সমবেত লোকজনের উদ্দেশে শুরু করেন বক্তৃতা।ওষুধ বিক্রি শেষে কথা হয় তাঁর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, শুধু বেড়ার হাটগুলোতেই নয়, পাবনা ও সিরাজগঞ্জের অনেক হাটে তিনি নিয়মিত ওষুধ বিক্রি করেন। এ জন্য শিল্পীদল ও মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। ওষুধের গুণাগুণ ও স্বপ্নে পাওয়ার বিষয়ে কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিক, সবই তো বোঝেন।’সরেজমিনে বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, হাতুড়ে চিকিৎসক-কবিরাজদের বেশির ভাগই তেমন শিক্ষিত নন। কিন্তু তা সত্ত্বেও এঁদের অনেকেই সাধারণ মানুষকে আকৃষ্ট করতে নিজেদের নামের পাশে নানা রকম মিথ্যা উপাধি ও ডিগ্র্রি জুড়ে দিয়েছেন। শুধু হাট-বাজারেই নয়, বাসস্ট্যান্ড ও লোকের সমাগম হয়—এমন স্থানগুলোকেই তাঁরা ওষুধ বিক্রির জন্য বেছে নেন। নানা কৌশলে প্রথমে তাঁরা লোকজন জড়ো করেন। লোক জড়ো হওয়ামাত্রই অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনায় পেটের ব্যথা, আমাশয়, জন্ডিস, হাঁপানি, যৌনরোগসহ সব ধরনের রোগ নিরাময়ের শতভাগ গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করেন। এসব চিকিৎসক-কবিরাজ সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এমবিবিএস চিকিৎসকদের চ্যালেঞ্জ জানাতেও কার্পণ্য করেন না।বেড়া বাজারের দোকানের কর্মচারী বারেক মিয়া জানান, কিছুদিন আগে করমজা হাটে একজন কবিরাজ পেটে ব্যথা নিরাময়ের শতভাগ গ্যারান্টি দিলে তিনি তাঁর কাছ থেকে ওষুধ কেনেন। কিন্তু ওষুধ খেয়ে পেটের ব্যথা ভালো না হয়ে উল্টো ডায়রিয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, স্বঘোষিত এসব চিকিৎসক-কবিরাজেরা তাঁদের ওষুধগুলো তৈরি করেন অস্বাস্থ্যকর পরিবেশে। এতে থাকে কৃত্রিম রংসহ নানা রকম ক্ষতিকর উপাদান। অনেকে আবার গরু-ছাগল মোটাতাজা করার ওষুধের সঙ্গে নানা উপাদান মিশিয়ে ওষুধ তৈরি করেন। এসব ওষুধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়া কেউ কেউ চোরাই পথে আসা নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দেশি-বিদেশি নিম্নমানের ভিটামিন বিক্রি করে থাকেন।বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ফুটপাথের চিকিৎসক-কবিরাজদের ওষুধ অবশ্যই ক্ষতিকর। এগুলোতে রোগ না সেরে বরং বেড়ে যায়। জনসাধারণের এ ব্যাপারে যেমন সচেতন হওয়া উচিত, তেমনি প্রশাসনের উচিত এসব হাতুড়ে চিকিৎসক-কবিরাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন এ ব্যাপারে বলেন, ‘হাতুড়ে চিকিৎসক-কবিরাজদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আসলে ড্রাগ সুপারদের। তার পরও এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত গড়ে ব্যবস্থা নেওয়া হবে।’পাবনা ও সিরাজগঞ্জ জেলার দায়িত্বে থাকা ড্রাগ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, ‘হাট-বাজারে যেভাবে লোক জড়ো করে ওষুধ বিক্রি করা হয়, আইনত তা নিষিদ্ধ। এদের বিরুদ্ধে অভিযান চালানোর দরকার। কিন্তু লোকবলের অভাবে আমরা অভিযান চালাতে পারছি না। তবে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।’