বেড়ায় নিরাপদ পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার ৫৮ শতাংশ নলকূপে বিপজ্জনক মাত্রার আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য ইউনিসেফের সহায়তায় উপজেলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তার প্রায় সবই অকেজো হয়ে গেছে। ফলে উপজেলাবাসীর আর্সেনিকমুক্ত পানি পাওয়ার কোনো উপায় নেই। জেনেশুনেই তাদের আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করতে হচ্ছে। এতে আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলায় এমন রোগীর সংখ্যা ৩৫০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮ হাজার ২৭৫টি নলকূপ রয়েছে। ইউনিসেফের আর্থিক সহায়তায় একটি বেসরকারি সংস্থা জরিপ চালিয়ে এসব নলকূপের ৫৮ শতাংশেই বিপজ্জনক মাত্রার আর্সেনিকের অস্তিত্ব পেয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কয়েক মাসে সাড়ে তিন শতাধিক আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে। এ ছাড়া অব্যাহতভাবে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নিয়মিতভাবে বেড়েই চলেছে বলে কার্যালয়ের চিকিৎসকেরা জানিয়েছেন। কয়েকটি বেসরকারি সংস্থার হিসাবে, আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে কেউ মারা গেছে কি না সে তথ্য আমাদের জানা নেই। তবে আমরা ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩০০ রোগীর সন্ধান পেয়েছি। এসব রোগীর চিকিৎসাসহ প্রয়োজনীয় পরামর্শ আমরা সব সময় দিয়ে যাচ্ছি। যেহেতু বেড়া উপজেলা আর্সেনিকপ্রবণ এলাকা, সে কারণে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সচেতন করার পাশাপাশি আক্রান্ত রোগীদের খুঁজে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছি।’খোঁজ নিয়ে জানা গেছে, গোটা উপজেলাজুড়েই আর্সেনিকের সমস্যা থাকলেও রূপপুর ও মাসুন্দিয়া ইউনিয়নের অবস্থা সবচেয়ে খারাপ। এ দুই ইউনিয়নের নলকূপগুলোর যথাক্রমে ৭৭ ও ৭৮ শতাংশের পানিতে রয়েছে মানুষের অসহনীয় মাত্রার আর্সেনিক। দুই ইউনিয়নের মধ্যে রূপপুর ইউনিয়নে ৫৬ জন ও মাসুন্দিয়া ইউনিয়নে ৪৬ জন আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। ইউনিসেফের আর্থিক সহায়তায় ওসাকা নামের একটি বেসরকারি সংস্থা আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য দুই ইউনিয়নে চারটি সিডকো প্লান্ট স্থাপনের পাশাপাশি এক হাজার ২০০ পরিবারের মধ্যে সনো ফিল্টার সরবরাহ করেছে। এতে কিছুটা উপকার পাওয়া গেলেও প্রয়োজনের তুলনায় তা বেশ অপর্যাপ্ত। ওসাকার উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান বলেন, ‘জরিপ চালিয়ে বেড়া উপজেলার আর্সেনিক পরিস্থিতির যে চিত্র পয়েছি তা ভয়াবহ। রূপপুর ও মাসুন্দিয়া ইউনিয়নের বেশির ভাগ পরিবারকেই আমরা আর্সেনিকমুক্ত পানি পান করার ব্যাপারে উদ্বুদ্ধ ও সচেতন করার পাশাপাশি আর্সেনিকমুক্ত পানি সরবরাহের কিছু পদক্ষেপ নিয়েছি। এতে ভালো ফল পাওয়া গেছে। উপজেলার অন্য এলাকাগুলোতেও এ পদ্ধতি প্রয়োগ করা উচিত।’ সরেজমিনে দেখা গেছে, রূপপুর ও মাসুন্দিয়া ইউনিয়নবাসীর জন্য আর্সেনিকমুক্ত পানি সরবরাহের কিছুটা ব্যবস্থা থাকলেও বাকি ইউনিয়নগুলোতে তা নেই। ওই এলাকাগুলোতে বিকল্প উৎস না থাকায় লোকজন বাধ্য হয়েই আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করে। তবে ওই এলাকাগুলোয় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু পদক্ষেপ নওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি। ২০০০ সালে ঢাকা কমিউনিটি হাসপাতাল নামের একটি বেসরকারি সংস্থা উপজেলার আর্সেনিকপ্রবণ বিভিন্ন এলাকায় বেশ কিছু পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার), আরডব্লিউএইচ (রেইন ওয়াটার হার্ভেস্টিং), ডাগওয়েল ও চাড়ি ফিল্টার স্থাপন করে। প্রথমদিকে সেগুলো কিছুটা কাজে লাগলেও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে বর্তমানে সেগুলোর সবই কার্যকারিতা হারিয়েছে।ইউনিসেফের আর্থিক সহায়তায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় উপজেলার বিভিন্ন স্থানে সিডকো প্লান্ট নামের আধুনিক মানের ২২টি আর্সেনিকমুক্তকরণ প্লান্ট স্থাপন করে। ব্যয়বহুল এসব প্লান্টের মাধ্যমে আর্সেনিক পুরোপুরি দূর হলেও চাহিদার তুলনায় এগুলোর সংখ্যা যেমন একদিকে অল্প, তেমনি এগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনাও বেশ জটিল। এই জটিলতার কারণে প্রায় সব প্লান্টই ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় বেড়া পৌরসভায় যে ৮০টি আরডব্লিউএইচ স্থাপন করেছিল সেগুলোও অকেজো হয়ে গেছে। দাসপাড়া মহল্লার রাহুল দাস বলেন, ‘আমাদের মহল্লায় সিডকো প্লান্ট স্থাপনের পর আমরা সবাই সেখান থেকে খাবার পানি নিতাম। কিন্তু প্রায় দুই বছর ধরে সেটি নষ্ট হয়ে পড়ে থাকায় বাধ্য হয়ে সবাইকে আগের মতো বাড়ির নলকূপের পানিই পান করতে হচ্ছে।’বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পায়না মহল্লার বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, ‘বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে ব্যবহারের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় আমার বাড়ির আঙিনায় বছর পাঁচেক আগে একটি আরডব্লিউএইচ স্থাপন করেছিল। সেটি এলাকাবাসীর কোনো কাজেই লাগেনি। বাধ্য হয়ে এ এলাকার মানুষকে আর্সেনিকযুক্ত পানিই পান করতে হয়।’চাকলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ জানান, ইউনিয়নে ১৭টি রিংওয়েল স্থাপনের পর এলাকাবাসীর তা খুবই কাজে লেগেছিল। কিন্তু বর্তমানে সেগুলোর প্রায় সব কটিই নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘আমার এলাকার নলকূপে আর্সেনিক ও আয়রণ দুই-ই বেশি। এলাকাবাসী রিংওয়েলের পানি ব্যবহার করে দুই সমস্যা থেকেই কিছুটা রেহাই পেয়েছিল। এলাকাবাসীর পক্ষ নিয়ে সেগুলো মেরামতের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, ‘বেড়ার আর্সেনিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হলেও নিরাপদ পানির উৎস অপ্রতুল। অকেজো সিডকো প্লান্টগুলো সচল করার জন্য প্রতিটির জন্য অন্তত ৩৫ হাজার টাকার প্রয়োজন। এ ছাড়া আরডব্লিউএইচ, রিংওয়েলসহ অন্যান্য ব্যবস্থাগুলোর মেরামত ও সংস্কারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু এ সংক্রান্ত বরাদ্দ না থাকায় আমরা আপাতত সেগুলো চালু করতে পারছি না।’