বেড়ায় পাচারের সময় ছয় শতাধিক বস্তা সরকারি চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে পাচারের সময় ছয় শতাধিক বস্তা সরকারি চাল আটক করেছে পুলিশ।আজ শুক্রবার সকাল আটটার দিকে বেড়া বাজারের পাটপট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় চাল বহনকারী ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করলেও চাল পাচারকারী কাউকে আটক করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে খুলনা মানিকতলা সিএসডি গুদাম থেকে কয়েকটি ট্রাক সরকারি চাল নিয়ে বেড়া সরকারি খাদ্যগুদামে (এলএসডি) আসে। এ সময় মুক্তি সরকার নামে এক ব্যবসায়ী একটি ট্রাকে উঠে ওই ট্রাকের চাল সরকারি খাদ্যগুদামে খালাস না করে ৩৩৪ বস্তা চাল নিয়ে পাটপট্টিতে তাঁর নিজের গুদামে নিয়ে খালাস করতে থাকেন।বেড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের চালক ও সহকারীসহ ট্রাকটি আটক করে। এ সময় মুক্তি সরকার পালিয়ে যান। খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই ট্রাকের চাল ছাড়াও গুদামের আরও তিন শতাধিক বস্তা চালের সন্ধান পান। পরে ইউএনও সব চালের সিজার লিস্ট তৈরি করে গুদামটি সিলগালা করলে পুলিশ চালভর্তি ট্রাকটি থানায় নিয়ে যায়।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ না করে চাল পাচারের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না।