বেড়ায় পুলিশের সঙ্গে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলায় পুলিশ ও একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ থেকে ৩০ জন। নিহতের নাম ওসমান গণি (৩৫)। উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের দুগ্ধ মিল কেন্দ্রে গতকাল রাতে সংঘর্ষ বাধে।জানা গেছে, গতকাল ইউনিয়নের দুগ্ধ মিল কেন্দ্রে ভোট গণনা শেষে ফল ঘোষণায় বিলম্ব হচ্ছিল। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদ প্রামাণিকের সমর্থকেরা ফল ঘোষণার দাবি জানায়। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকেরা ওই কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানাতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে এলে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের অবরুদ্ধ করে।বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্র ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়তে থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে ওসমান গণি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষে আহতদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সংঘর্ষের সময় চাঁদ প্রামাণিকের সমর্থকেরাও গুলি চালায়।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া তিনি আর কোনো তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনুল মতিন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিএনপি সমর্থক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হামিদসহ কেন্দ্রের আরও কয়েকজন কর্মকর্তাকে থানায় আটক রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের মতে, সংঘর্ষের সময় শত শত রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।