পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে বিএনপি-সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ওসমান গণি ওরফে গামা (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একটি ভোটকেন্দ্রে ইউপি নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হওয়া নিয়ে গত মঙ্গলবার রাতে এই সংঘর্ষ হয়। ওসমান গণি হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শ্রমিক ছিলেন। কাজ করতেন ঢাকায়। তাঁর দুই স্ত্রী ও চার ছেলে রয়েছে।সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে ১০ থেকে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ ১০ জনকে আটক করেছে। ঘটনার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আজ বৃহস্পতিবার বেড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে।এলাকাবাসী জানান, গত মঙ্গলবার (৩১ মে) বেড়া উপজেলার বিভিন্ন ইউপিতে ভোট নেওয়া হয়। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে আটটির বেসরকারি ফলাফল রাত আটটার মধ্যে পাওয়া যায়। কিন্তু হাটুরিয়া-জগন্নাথপুর দুগ্ধ সমবায় সমিতি কেন্দ্রের ফল রাত ১০টায়ও ঘোষণা করা হচ্ছিল না। উপজেলা বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট ও সমর্থকেরা লিখিতভাবে ফল ঘোষণার দাবি জানান। একপর্যায়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাদা কাগজে ফল লিখে তাতে সই করে তাঁদের হাতে ধরিয়ে দেন। নির্ধারিত ফরমের পরিবর্তে সাদা কাগজে ফল পেয়ে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। এ পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান ওই কেন্দ্রের ভোট আবার গণনার আবেদন জানান। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি উপজেলা পরিষদে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চাঁদ প্রামাণিকের সমর্থকেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভোটকেন্দ্র অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাঁরা ভোটকেন্দ্র ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থলে আসেন। পুলিশের রিজার্ভ বাহিনী ঘটনাস্থলে এসে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করে। মুহুর্মুহু গুলির একপর্যায়ে হাটুরিয়া পশ্চিমপাড়ার ওসমান গণি একটি চায়ের দোকানের পাশে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। গতকাল বেলা ১১ টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাটুরিয়া গ্রামের শামসুল হক মোল্লা (৭৩) বলেন, দেড় থেকে দুই ঘণ্টা বিরামহীনভাবে পুলিশ গুলি চালিয়েছে। এ ছাড়া অনেককে মারধরও করেছে। এদিকে মঙ্গলবার রাত একটার দিকে নিয়ন্ত্রণকক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন বিএনপি-সমর্থিত চাঁদ প্রামাণিককে বিজয়ী ঘোষণা করেন। গতকাল হাটুরিয়া বাজারে গিয়ে কথা হয় চাঁদ প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য সরকারি দলের নির্দেশে প্রিসাইডিং অফিসার ফল ঘোষণায় বিলম্ব করছিলেন। চারটায় ভোট শেষ হওয়ার পর আটটার মধ্যেই ওই কেন্দ্রের ভোট গণনা শেষ হয়। কিন্তু রাত সাড়ে ১০টায়ও ফল ঘোষণা না করে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।’ এ ঘটনায় পুলিশ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ ১০ জনকে আটক করেছে। গতকাল থানায় গিয়ে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হামিদকে বসিয়ে রাখা হয়েছে। তিনি বেড়া কলেজের প্রভাষক বলে জানা গেছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তিনি অসুস্থ বোধ করছেন। তাই তাঁর পক্ষে কথা বলা সম্ভব নয়। তবে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, প্রিসাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি বলেন, ‘প্রিজাইডিং কর্মকর্তা লিখিতভাবে ফল ঘোষণা করার পরও চাঁদ প্রামাণিকের সমর্থকেরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হাঙ্গামা শুরু করে। একপর্যায়ে তারা পুলিশ ও ভোটকেন্দ্রে হামলা চালায়। তখন জানমাল রক্ষায় পুলিশকে গুলি চালাতে হয়েছে। আর হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে শুধু ইট-পাটকেলই ছোঁড়েনি, তারা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে ব্যাপক গুলিও করেছে।’ ওসি আরও বলেন, ‘ওসমান গণি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কি না, তা বলতে পারব না। তাঁর নিহত হওয়ার ব্যাপারটি রহস্যজনক। বলা হচ্ছে, ঘটনাস্থলে রাত সাড়ে ১১টার দিকে তিনি নিহত হন। কিন্তু সারা রাত ওই এলাকা তল্লাশি করেও তাঁর লাশ পাইনি। সকাল ১০টায় আমাদের তাঁর লাশ সম্পর্কে জানানো হয়।’ ঘটনার প্রতিবাদে বেড়া উপজেলা ও পৌর বিএনপি গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর এলাকার ফকির চালকলে সংবাদ সম্মেলন করে আজ বৃহস্পতিবার বেড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজ উদ্দিন বলেন, ‘নির্বিচারে গুলি চালিয়ে আমাদের এক কর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া অনেক কর্মীসহ এলাকাবাসীকে আহত করা হয়েছে। হত্যা, নির্যাতন ও নির্বাচনী ফল পাল্টানোর অপচেষ্টাসহ নানা অনিয়মের প্রতিবাদে আমরা হরতাল ডেকেছি।’