বেড়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। বেশির ভাগ বিদ্যালয় চলছে দুই থেকে তিনজন শিক্ষক দিয়ে। উপজেলার বিদ্যালয়গুলোতে ৪১৪ জন শিক্ষকের কর্মরত থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৩২৪ জন। বাকি ৯০টি পদে কোনো শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪১৪টি। এর ৫০টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া ৪০ জন শিক্ষক এক বছরের জন্য পাবনায় পিটিআইতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। বেশ কয়েকজন শিক্ষকসহ উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এমনিতেই উপজেলায় শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের পদ কম। এর ওপর এতগুলো শিক্ষকের পদ ফাঁকা পড়ে থাকায় অনেক বিদ্যালয়েই পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। উপজেলার পৌর এলাকার বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষক থাকলেও মারাত্মক শিক্ষক স্বল্পতা রয়েছে পৌর এলাকার বাইরের চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায়। এসব বিদ্যালয়ে চার থেকে আটজন শিক্ষকের কর্মরত থাকার কথা থাকলেও কর্মরত আছেন দুই থেকে তিনজন শিক্ষক। খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাঁদের অনেকেই তদবির করে উপজেলা সদরসহ সুবিধাজনক স্থানে বদলি হয়ে চলে আসেন। সরেজমিনে উপজেলার চরাঞ্চলে অবস্থিত চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য ছয়টি শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র তিনজন। এলাকাবাসী জানান, তিনজন শিক্ষক এতগুলো শিক্ষার্থীকে সামলাতে পারেন না। ফলে পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে।প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘এতগুলো ছাত্রছাত্রীর জন্য বিধি মোতাবেক কমপক্ষে ১০ জন শিক্ষকের প্রয়োজন। সেখানে তিনজন শিক্ষকের পক্ষে পাঠদান রীতিমতো দুঃসাধ্য। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়ার চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার প্রায় সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাই চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো। বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঠদানের বাইরেও শিক্ষকদের প্রায়ই স্যানিটেশন প্রোগ্রাম, ভোটার তালিকা তৈরি, টিকাদান কর্মসূচি, তথ্য সংগ্রহ, জন্ম নিবন্ধীকরণসহ নানা সরকারি কাজে বাধ্যতামূলক ব্যস্ত থাকতে হয়। ফলে এ দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদান বন্ধ রাখতে হয়। এ ছাড়া এসব কাজের বাইরেও প্রত্যেক প্রধান শিক্ষককে প্রতি মাসে ছয় থেকে সাতটি কর্মদিবসে উপজেলা শিক্ষা কার্যালয়ে রিটার্ন দাখিলসহ দাপ্তরিক প্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হয়। আবার বিভিন্ন কর্মশালা ও মিটিংয়েও প্রধান শিক্ষকদের অংশগ্রহণ থাকে বাধ্যতামূলক। ফলে প্রধান শিক্ষকদের প্রতি মাসের প্রায় অর্ধেক কর্মদিবসে ভালোমতো পাঠদান সম্ভব হয়ে ওঠে না। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক স্বল্পতার এ অবস্থায় শিক্ষকদের বিভিন্ন সরকারি কর্মকাণ্ড থেকে রেহাই দিলে পাঠদানে ভালো ফলাফল পাওয়া যেত। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস পারভীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকই যেহেতু নারী, সেহেতু মাতৃত্বজনিত ছুটির কারণেও অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দেয়। মাতৃত্বজনিত ছুটি ও পিটিআইতে প্রশিক্ষণজনিত কারণে যেসব বিদ্যালয়ে কিছুদিনের জন্য শিক্ষকের পদ ফাঁকা হয়ে যায় সেসব বিদ্যালয়ে সরকার অস্থায়ীভিত্তিতে স্থানীয় শিক্ষিতদের স্বল্প বেতনে নিয়োগ দেওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, পৌর এলাকার বিদ্যালয়গুলোতে কোনো শিক্ষক সংকট নেই। সংকট রয়েছে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে। এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও দুর্গমতার কারণে অনেকেই সেখানে থাকতে চান না। বিভিন্ন ধরনের চাপ ও ওপর মহলে তদবির করে তাঁরা সেখান থেকে সুবিধাজনক স্থানে চলে আসেন। ফলে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থেকেই যায়।