বেড়ায় বিষাক্ত মদ পানে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে বিষাক্ত মদ পানে আবদুল হান্নান (৩০) ও আবদুল মান্নান (৩০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার পেঁচাকোলা গ্রামে।শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই উপজেলার পেঁচাকোলা গ্রামে অবৈধভাবে যাত্রা অনুষ্ঠান চলছিল। আজ সকালে আয়োজকেরা যাত্রার প্যান্ডেল ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নয়জন শ্রমিক ভাড়া করেন। প্যান্ডেল ভাঙার একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে একটি সাদা পলিথিনের ভেতরে মদ জাতীয় দ্রব্য দেখতে পান তাঁরা। এ সময় পাঁচ শ্রমিক ওই মদ পান করেন। পান করার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক আবদুল হান্নানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আবদুল মান্নানের মৃত্যু হয়।বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক আকসাদ আল মাসুর জানান, বিষাক্ত উপাদান পান করায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকেরা ঠিক কী ধরনের বিষাক্ত উপাদান পান করেছে তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়।