বেড়ায় বুড়োদের ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বয়স এখন প্রায় ৭৫। ষাটের দশকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৯৬১ সালে ইরানে ও ১৯৬৩ সালে তুরস্কে ফুটবল খেলেছেন। তিনি ভাবতে পারেননি এই বৃদ্ধ বয়সে এসে তাঁকে আবারও মাঠে নামতে হবে। কিন্তু ইংরেজি নববর্ষ উপলক্ষে ১ জানুয়ারি তাঁকে একটি ফুটবল দলের অধিনায়ক হয়ে মাঠে নামতে হলো। তবে শুধু তিনিই নন, তাঁর মতো বেড়ার প্রবীণ অনেক কৃতী খেলোয়াড়ই সেদিন বিকেলে শহীদ আবদুল খালেক স্টেডিয়ামে অংশ নিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দারুণ উপভোগ্য এক প্রীতি ফুটবল ম্যাচে। ওই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লাল দল ও সবুজ দলের মধ্যে। বেড়া পৌর পাবলিক লাইব্রেরি ও বেড়া টাউন ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।গোলজার হোসেন অধিনায়কত্ব করেন সবুজ দলের। অন্যদিকে লাল দলের অধিনায়কত্ব করেন বেড়ার আরেক খ্যাতিমান ফুটবল খেলোয়াড় তাহেজ উদ্দিন সরকার (৭০)। খেলা উপলক্ষে ওই দিন ফুটবল মাঠ পরিণত হয়েছিল প্রবীণ খেলোয়াড়দের মিলনমেলায়।গোলজার হোসেন বলেন, ‘কখনো ভাবিনি ফুটবল খেলতে আবারও মাঠে নামব। তাও আবার এত দর্শকের উপস্থিতিতে। এই খেলায় শুধু যে দর্শকেরা আনন্দ পেয়েছে তা নয়, খেলোয়াড়েরাও প্রচুর আনন্দ পেয়েছে।’বেড়ার প্রবীণ কৃতী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখতে সেদিন মাঠে ছিল কৌতূহলী দর্শকদের উপচেপড়া ভিড়। খেলা দেখে সবাই দারুণ আনন্দ পান। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়।খেলা দেখতে আসা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন বলেন, ‘খেলার প্রতিটি মুহূর্তই ছিল দারুণ উপভোগ্য। তাঁদের খেলা দেখে বোঝা যায়, প্রকৃতপক্ষেই তাঁরা গুণী খেলোয়াড় ছিলেন।’বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, ‘তাঁদের কাছ থেকে নবীন খেলোয়াড়দের অনেক শেখার আছে। এ ধরনের ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনের আরও উদ্যোগ নেওয়া হবে।’