বেড়ায় যত্রতত্র ওয়েল্ডিং কারখানা
পাবনার বেড়া উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানা। ব্যস্ততম সড়কের দুই ধারে এসব কারখানা গড়ে ওঠায় লোক চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। এ ছাড়া ওয়েল্ডিং কাজের আলোকরশ্মি বিদ্যালয়গামী শিশুসহ পথচারীদের চোখকে ক্ষতিগ্রস্ত করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌর এলাকার ঘোষবাড়ী, সিনেমা হলের মোড়, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড, কাশীনাথপুর বাজার, নাকালিয়া বাজার, হাটুরিয়া বাজার প্রভৃতি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানা। এসব কারখানার সঠিক সংখ্যা সম্পর্কে জানা যায়নি। এলাকাবাসী জানায়, যারা ওয়েল্ডিং রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন তারা কারখানায় কাজ চলাকালে অন্যদিকে তাকিয়ে চলাচল করে। কিন্তু এ সম্পর্কে অসচেতন পথচারীরা চলাচল করে রশ্মির দিকে তাকিয়ে। বিশেষ করে শিশুরা কৌতূহলের বশবর্তী হয়ে আগ্রহ নিয়েই রশ্মির দিকে তাকিয়ে থাকে। বেড়া বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত্ হোসেন বলেন, ‘কারখানাগুলোর পাশ দিয়ে চলতে গিয়ে শিশুরা ক্ষতির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। ছাত্রছাত্রীদের কারখানার দিকে না তাকিয়ে চলাচল করতে বলা হয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘ওয়েল্ডিংয়ের সময় ছড়ানো বেগুনি রশ্মির কারণে চোখে নানা সমস্যা দেখা দিতে পারে। ছানিপড়া রোগসহ চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে এই রশ্মির প্রভাবে চোখ অন্ধও হয়ে যেতে পারে।’ বেড়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘ওয়েল্ডিং কারখানাগুলো লোকচক্ষুর আড়ালে নির্জন স্থানে হওয়া উচিত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনবহুল এলাকায় এগুলো পরিবেশের ক্ষতি করে চললেও দেখার কেউ নেই। স্কুলপড়ুয়া আমার দুই বাচ্চাকে কারখানার দিকে তাকাতে নিষেধ করেছি, কিন্তু তার পরও ওরা সেদিকে তাকায়।’বেড়া বাসস্ট্যান্ডের মেরিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শ্রমিক ফরমান আলী (৩৫) বলেন, ‘চোখের জন্যি ক্ষতিকর জাইন্যাও চার বছর ধইর্যা শুধু অভাবের কারণে ওয়েল্ডিংয়ের কাজ করত্যাছি। চার বছর আগেও আমার চোখ ভালো ছিল। কিন্তু এখন চোখে ম্যালা সমস্যা। কালো চশমা ব্যবহারের পরেও চোখে ব্যথা হয়, জ্বালাপোড়া করে, এমনকি আগের চেয়ে দেখিও কম।’ কারখানার মালিক আনোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ দূষণ ও মানুষের ক্ষতির কথা চিন্তা করে আমরা যত দূর পারি, লোকচক্ষুর আড়ালে ওয়েল্ডিংয়ের কাজ সারতে চেষ্টা করি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসানুল মতিন বলেন, ‘এসব কারখানা মানুষ ও পরিবেশের জন্য নিঃসন্দেহে ক্ষতিকর। এটা দেখার মূল দায়িত্ব পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের। কিন্তু পাবনায় পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস নেই। তবে আমার পক্ষ থেকে এ ব্যাপারে যা যা করার তার সবকিছুই করব।’ বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সামাদ মহালদার বলেন, ‘জনসমক্ষে ক্ষতিকর কারখানা এভাবে চলতে পারে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার আমাগী মাসিক সভায় বিষয়টি অবশ্যই উত্থাপন করব।’