বেড়ায় রেণুপোনা ও ডিম সংগ্রহের নামে চলছে মাছের ধ্বংসযজ্ঞ
পাবনার বেড়া উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে রেণুপোনা ও ডিমওয়ালা মাছ ধরার মহোৎসব চলছে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার অসংখ্য দেশি প্রজাতির মাছ। মৎস্য আইনে অবৈধ রেণুপোনা ও ডিমওয়ালা মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও স্থানীয় মৎস্য কার্যালয়গুলো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বছরের পর বছর অবৈধভাবে রেণুপোনা ও ডিমওয়ালা মাছ শিকারের ফলে নদ-নদীগুলো থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।জানা যায়, বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যে নদ-নদীগুলোয় সাধারণত বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। অবৈধ রেণুপোনা সংগ্রহকারীরা নদ-নদীগুলো থেকে এ সময়টাতেই ডিম ও রেণুপোনা সংগ্রহে নেমে পড়ে। তারা মশারির চেয়েও সূক্ষ্ম পাতন জাল, বেউচি জাল, সাবার জাল প্রভৃতি দিয়ে এগুলো সংগ্রহ করে থাকে। পুকুরে চাষোপযোগী রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছের রেণুপোনা ও ডিম সংগ্রহের উদ্দেশে নদীতে জাল পাতা হলেও পাতা জালে এসবের চেয়ে অন্যান্য প্রজাতির মাছের রেণুপোনা ও ডিম কমপক্ষে পাঁচ গুণ বেশি ধরা পড়ে। সংগ্রহকারীরা কাঙ্ক্ষিত মাছের রেণুপোনা ও ডিমগুলো সংগ্রহের পর বাকিগুলো অযত্ন অবহেলায় ডাঙায় অথবা অন্যত্র ফেলে দেয়। ফলে সেগুলো নষ্ট হয়।সরেজমিনে দেখা গেছে, যমুনা ও হুরাসাগরসহ বেশ কয়েকটি নদীর অসংখ্য স্থানে জাল পেতে রেণুপোনা ও ডিম সংগ্রহ চলছে। এ ছাড়া নদীর অনেক স্থানে বাঁশের বাঁধ তৈরি করে চলছে ডিমওয়ালা মাছ শিকার। নগরবাড়ী এলাকায় যমুনা নদীতে জাল পেতে রেণুপোনা ও ডিম সংগ্রহের সঙ্গে যুক্ত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁরা এভাবে রেণুপোনা ও ডিম সংগ্রহ করে মাছচাষিদের কাছে বিক্রি করছেন। এভাবে সংগ্রহের সময় বিভিন্ন প্রজাতির রেণুপোনা ও ডিম জালে ধরা পড়ে। কিন্তু তাঁরা রুই, কাতলা, মৃগেলসহ কয়েক প্রজাতির রেণুপোনা ও ডিম রেখে বাকিগুলো ফেলে দেন। তাঁরা জানান, মৎস্য কার্যালয় থেকে কখনোই তাঁদের এভাবে রেণুপোনা ও ডিম সংগ্রহের ব্যাপারে নিষেধ করা হয়নি।রেণুপোনা সংগ্রহকারীরা জানান, বেলে, টেংরা, পুঁটি, বোয়াল, বাউশ, পাবদা, খসল্লা, বাটকাসহ অসংখ্য মাছের রেণুপোনা ও ডিম জালে আটকা পড়লেও চাষের অযোগ্য বলে সেসব অযত্নে ফেলে দেওয়া হয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায় সেগুলো।মৎস্য শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, রেণুপোনা ও ডিম সংগ্রহের নামে বছরের পর বছর বিভিন্ন মাছের রেণুপোনা ও ডিম ধ্বংস চলছে। এতে ইতিমধ্যে বেড়াসহ পাবনা জেলা থেকে অন্তত ২০ প্রজাতির মাছ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এভাবে চলতে থাকলে শিগগিরই বাকি প্রজাতির মাছও চিরতরে হারিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রচলিত মৎস্য আইনে অবৈধ রেণুপোনা ও ডিম শিকারিদের এক বছরের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু জেলা ও উপজেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় অথবা প্রচার না করায় নির্বিঘ্নে চলছে এ রকম ধ্বংসযজ্ঞ।উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘অবৈধ রেণুপোনা ও ডিম সংগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনায় শিগগিরই রেণুপোনা ও ডিম সংগ্রহকারীদের বিরুদ্ধে অভিযানে নামা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।’