বেড়ায় শিক্ষা উপকরণ মেলায় শিশুদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলের সামনে শিশুদের বড় ধরনের জটলা। স্টলের ভেতরে শিশুদের আকৃষ্ট করে এমন অনেক উপকরণ রয়েছে। কিন্তু সেসবের পরিবর্তে বেশির ভাগ শিশুর আগ্রহ স্টলের সামনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বানানো কৃত্রিম সুন্দরবনকে ঘিরে। ছোট আকৃতির এই সুন্দরবনে ছোট ছোট খেলনা বাঘ, হরিণসহ আসল সুন্দরবনের মতো বৃক্ষাদি রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকেরা সমবেত শিশুদের কৃত্রিম এই সুন্দরবন দেখিয়ে আসল সুন্দরবন সম্পর্কে ধারণা দিচ্ছেন। সুন্দরবন নিয়ে কৌতূহল নিবৃত্ত হলে এসব শিশু যাচ্ছে পাশের অন্য আরেক স্টলে। সেখানে আছে কৃত্রিম চিড়িয়াখানা, নদী অববাহিকা, সাগর, দ্বীপ অথবা এর চেয়েও মজার অন্য কোনো বিষয়। স্টলগুলো থেকে একদল চলে গেলে তাদের পরিবর্তে আসছে আরেক দল।১১ জানুয়ারি বেড়া উপজেলা পরিষদ চত্বরে শিশুদের জন্য আয়োজিত শিক্ষা উপকরণ ও মীনা মেলায় এভাবেই শিশুরা ঘুরে বেড়িয়ে শুধু মজাই পায়নি, অনেক কিছু শিখেছেও। মেলায় সেদিন শিশুদের ঢল নেমেছিল। শফিউদ্দিন শুভেচ্ছা প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বশিতা বলে, ‘মেলায় আইস্যা আমার খুবই ভালো লাগত্যাছে। ইচ্ছা করত্যাছে সারা দিন থাকি।’ এতে বেড়া পৌর এলাকার ১০টি সরাকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতামূলক ১০টি স্টল তৈরি করে। বেড়া বিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলটি মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে নির্বাচিত হয়। বেড়া বিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত্ হোসেন বলেন, নানা উপকরণের সহায়তায় শিশুদের শিক্ষা দেওয়া হলে শিশুরা সহজে ভোলে না। এই মেলায় শিশুদের বিনোদনের মাধ্যমে নানা বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে।