বেড়ায় শুরু হয়েছে দুই মাসব্যাপী অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবস উপলক্ষে বেড়ায় দুই মাসব্যাপী নানা অনুষ্ঠান শুরু হয়েছে। বেড়া পৌর পাবলিক লাইব্রেরি কাম রিসার্স ইনস্টিটিউট এসব অনুষ্ঠানের আয়োজক। ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মূল অনুষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত পৌর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে টানা এই অনুষ্ঠান চলবে। আয়োজকেরা জানান, ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বেড়া পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে নিজেদের প্যাকেজ অনুষ্ঠান পরিবেশন করে যাবে। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চসহ বিশেষ দিনগুলোতে বেড়ার সাংস্কৃতিক সংগঠনগুলো বিশেষ অনুষ্ঠান পরিবেশন করবে। এ ছাড়া ভাষা আন্দোলন ও স্বাধীনতা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে নিয়মিত। মূল অনুষ্ঠানের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি প্যাকেজ অনুষ্ঠানমালা পরিবেশন করে বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুদুলিয়কোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বনগ্রাম রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বনগ্রাম রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন প্যাকেজ অনুষ্ঠানমালা পরিবেশন করে।