বেড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, স্কুলছাত্রী গ্রেপ্তার
স্বামীর মৃত্যুর পর তিন ছেলে ও এক মেয়ে নিয়ে অকূল সাগরে পড়েন মনোয়ারা খাতুন (৪৫)। সংসার চালাতে কখনো রাজমিস্ত্রির জোগালি, কখনো ঝিয়ের কাজ করেন। চরম অভাবের মধ্যেও ছোট ছেলে মিজানুর রহমান মন্টুর পড়ালেখা বন্ধ করাননি। মনোয়ারার স্বপ্ন ছিল, মিজানুর চিকিৎসক বা উচ্চশিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। মিজানুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার ভোরে পাবনার বেড়া পৌরসভার পায়না মহল্লার পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছ থেকে মিজানুরের লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মিজানুরের সহপাঠী ও পায়না মহল্লার বাসিন্দা একটি মেয়েকে গ্রেপ্তার করেছে। মিজানুর হত্যা মামলায় ওই তরুণী, তার বাবাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও মিজানুরের আত্মীয়দের সূত্রে জানা যায়, মিজানুরের বাড়ি পৌরসভার হাতিগাড়া মহল্লায়। সে বেড়া হাইস্কুলে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ত। শনিবার ছিল তার প্রথম সাময়িক পরীক্ষার শেষ দিন। ওই দিন সন্ধ্যার পর সে সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণের বাইরে আড্ডা দিচ্ছিল। এ সময় তার মুঠোফোনে কল করে কেউ একজন তাকে ডেকে নেয়। ওই দিন আর সে বাড়ি ফেরেনি। পরদিন রোববার ভোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে মিজানুরের লাশ পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল তার মরদেহ দাফন করা হয়।নিহত মিজানুরের সহপাঠীরা জানায়, পড়ালেখায় মিজানুর বরাবর ভালো ছিল। নম্র ও বিনয়ী বলে ক্লাসের সবাই তাকে ভালোবাসত। তাদের সহপাঠী এক মেয়ের সঙ্গে মিজানুরের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে অভিভাবকেরা প্রায় সাত মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে দেন। তার বর বিদেশে থাকেন।বন্ধুরা জানায়, বিয়ের পরও মেয়েটি মিজানুরকে বারবার ফোন করত। শনিবার সন্ধ্যায় ওই তরুণী বা তার অভিভাবকদের কারও ফোন পেয়েই মিজানুর চলে যায়। যে স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়, তার পাশেই মেয়েটির বাড়ি।মিজানুরের বন্ধু ও এলাকাবাসীর ধারণা, বিয়ের পরও মিজানুরের সঙ্গে যোগাযোগ করায় ওই মেয়ের পরিবারের সদস্যরা তাকে হত্যা করতে পারে। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া ওই তরুণী ও তার বাবা বাচ্চু মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেয়েটিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।’নিহত মিজানুরের বিদ্যালয় বেড়া হাইস্কুলে গেলে প্রধান শিক্ষক আলী আশরাফসহ অন্য শিক্ষকেরা জানান, মিজানুর পড়ালেখায় যেমন ভালো ছিল, তেমনি আচরণেও ছিল নম্র ও বিনয়ী।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদৎ হোসেন বলেন, ‘এমন একটি মেধাবী ও ভালো ছেলের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মিজানুরের হত্যার বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার তারা মানববন্ধন করবে।হাতিগাড়ায় মিজানুরের বাড়িতে গিয়ে দেখা যায়, মিজানুরের মা মনোয়ারা আহাজারি করতে করতে বলছেন, ‘আমার বাজান বলত, ডাক্তার হয়া সংসারের অভাব দূর করবি। আমার বাজান বাড়িতে পড়াশোনার মধ্যে ডুইব্যা থাকত।’মিজানুরের বড় ভাই আবদুল মুন্নাফ কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরা ভাইকে নিয়্যা ম্যালা স্বপ্ন দেখছিল্যাম। আমাগরে সব স্বপ্ন শ্যাষ হয়া গেল।’