বেড়ায় ৩ পুলিশ হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার শ্যামপুরচরের একটি পাটখেত থেকে আজ মঙ্গলবার সকালে রফিকুল ইসলাম ওরফে চালাক রফিক (৩৭) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা করেছে। পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলাম আলোচিত তিন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি এবং একটি চরমপন্থী দলের চরাঞ্চলের নেতা ছিলেন। বেড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, গতকাল সোমবার গভীর রাতে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশের দুই পাশে দুটি লাল পতাকা পুঁতে রাখা হয়েছিল। লাশ থানায় নেওয়ার পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই মাসুন্দিয়া ইউনিয়নের দুর্গম দাসপাড়া গ্রামে চরমপন্থীরা ঢালারচর পুলিশ ফাঁড়ির এক এসআইসহ তিন পুলিশকে গুলি করে হত্যা করে।তিন পুলিশ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এ হত্যা মামলায় ইতিপূর্বে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের বেশ কয়েকজন আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে রফিকের সরাসরি জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ছাড়া তদন্তেও ওই হত্যাকাণ্ডে সে জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি রাজবাড়ী জেলার আলোচিত চার খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি।