বেড়িবাঁধ মেরামত হলে গৃহনির্মাণ সহায়তা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলায় ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার পরিবারকে গৃহনির্মাণ বাবদ সহায়তা দেওয়া আপাতত শুরু করছে না খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুরোপুরি মেরামত শেষ হলে সহায়তা বাবদ পরিবারপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা ও দুই বান্ডিল করে টিন দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি বাঁধ মেরামতের কাজ শেষ হবে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এপ্রিলের প্রথম সপ্তাহে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের সহায়তা দেওয়া শুরু করবে বলে পরিকল্পনা নিয়েছে। এ খাতে বরাদ্দ সাত কোটি ৮২ লাখ টাকা বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত চিংড়িচাষিদের তালিকা করা হচ্ছে। মন্ত্রণালয় আশা করছে, এই সহায়তা নিয়ে চিংড়িচাষিরা এপ্রিলের মধ্যে ঘেরে মাছ চাষ শুরু করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বেড়িবাঁধের ভেতরের অংশে স্থাপন করা চিংড়িঘেরের কারণে বেড়িবাঁধগুলো দুর্বল হওয়ায় আইলার আঘাতে বেশি পরিমাণে ভেঙেছে। মেরামতের পরেও বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ও রিং বাঁধ ভেঙে যাওয়ার জন্য স্থানীয় লোকজন চিংড়িচাষিদের দায়ী করছেন। যেখানেই বাঁধ কিছুটা মেরামত হচ্ছে সেখানেই চিংড়িচাষিরা আবারও গিয়ে ঘের স্থাপন করছেন। ফলে দুর্বল হয়ে বাঁধ আবার ভেঙে পড়ছে। এই অবস্থায় বেড়িবাঁধগুলো পুরোপুরি মেরামত শেষ হওয়ার আগ পর্যন্ত চিংড়ি চাষের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। তাঁর মতে, আইলা এলাকায় সব ধরনের উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় আনা দরকার। যাতে একজনের উন্নয়ন আরেকজনের জন্য ক্ষতির কারণ না হয়। ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধগুলো পুরোপুরি মেরামত না হলে আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন সহায়তা কাজে লাগাতে পারবে না। এ জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সব প্রস্তুতি নিয়ে আমরা বেড়িবাঁধ মেরামত শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি।’ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা জেলার চিংড়িচাষিরা সরকারি সহায়তা পাবেন। সে লক্ষ্যে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত পাঁচটি উপজেলায় মৎস্য অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা জরিপ শুরু করেছেন। মৎস্যচাষিদের সহায়তায় গঠিত প্রকল্পটির পরিচালক আরিফ তরফদার প্রথম আলোকে বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে জরিপকাজ শেষ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কাজ শুরু হবে। সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সব মৎস্যচাষির নামই জরিপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে কারা এই সহায়তা পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহের মধ্যে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরি করা হবে। ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে চুন, সার, চিংড়ি মাছের পোনা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সব চাষিকে দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যত্ পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কেও তাঁদের ধারণা দেওয়া হবে। খুলনার বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী ও দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘেরের কারণে বেড়িবাঁধের ক্ষতি হওয়ায় ও ধান চাষ করতে সমস্যা হওয়ায় আমার উপজেলা দাকোপে চিংড়ি চাষ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের উচিত ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক ঋণ পরিশোধসহ অন্য ব্যবসা ও পেশায় নিয়োজিত হওয়ার জন্য সহায়তা দেওয়া।’