এক টাকা খরচ না হলেও পিপিপির আওতায় আবার ১৬টি প্রকল্প
বেড়েছে এডিপির আকার, বাড়েনি ব্যয়ের ক্ষমতা
আবারও বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তৈরি করল সরকার। বাস্তবায়নের ক্ষমতা তেমন বাড়েনি। চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়ন-পরিস্থিতিও আগের মতোই। তার পরও নতুন অর্থবছরের এডিপি বাড়ল ২৮ শতাংশ। আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য ৪৬ হাজার কোটি টাকার নতুন এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। প্রতি অর্থবছরেই বড় আকারের এডিপি করে সরকার। বাস্তবায়ন করতে না পারায় সংশোধন করা হয়। সংশোধিত এডিপিও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। এডিপি তৈরির এই গতানুগতিক ধারা অনুসরণ করে এবারও তৈরি হলো নতুন এডিপি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনের তুলনায় এডিপির আকার ঠিক আছে, তবে বাস্তবায়ন দক্ষতার দিক থেকে ঠিক নেই।’সরকারি ব্যয় পর্যালোচনা কমিটির সাবেক এই সদস্য আরও বলেন, বড় এডিপি গ্রহণ করলে অনেক ধরনের ঝুঁকি থাকে। রাজনৈতিক প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের মানও ভালো হয় না। সম্পদের সুষম বণ্টন হয় না। আবার বড় এডিপির জন্য রাজস্ব আদায়ের লক্ষ্য বড় করতে হয়। কোনো কারণে রাজস্ব আদায় না হলে বাজেট ঘাটতিও বড় হতে থাকে। বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যাংকঋণ গ্রহণের প্রবণতা বাড়ে, যা সামগ্রিকভাবে আর্থিক খাতের ভারসাম্য নষ্ট করে। গতকাল রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিকে, গত দুই অর্থবছর ধরে বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বিনিয়োগের ব্যাপক আশাবাদ প্রচার করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। অর্থ বরাদ্দ দেওয়া আছে, কিন্তু একটি টাকাও খরচ করা সম্ভব হয়নি। এমনকি পিপিপির দপ্তর গঠনের ঘোষণা দেওয়া হলেও তা-ও করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। অথচ আগামী অর্থবছরের এডিপিতে আবারও পিপিপির আওতায় ১৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর আশপাশে তিনটি স্যাটেলাইট শহর নির্মাণ। বাকি সব প্রকল্পই জ্বালানি ও বিদ্যুৎ খাতের। গত দুবারের মতো এবার অবশ্য পিপিপিতে রাস্তাঘাট, সেতুর মতো অবকাঠামো নির্মাণের কোনো প্রকল্প রাখা হয়নি। এর বাইরে নতুন এডিপিতে নতুন প্রকল্প রাখা হয়েছে ৭৭টি। এদিকে, নতুন এডিপির আকার বিশাল করা হলেও প্রথম ১০ মাসে চলতি অর্থবছরের এডিপির মাত্র ৬০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ২০ হাজার ৯০৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মানে হচ্ছে, শেষ দুই মাসে ১৪ হাজার ২২১ কোটি টাকা খরচ করতে হবে। পিপিপি: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পিপিপির মাধ্যমে বিনিয়োগে বেসরকারি খাতকে আকৃষ্ট করার কথা বলে আসছে। এ জন্য দুই বছর ধরে বাজেটে অর্থ বরাদ্দও থাকছে। কিন্তু প্রতিবছরই সেই অর্থ ফেরত যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে পিপিপির জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা আছে। কিন্তু এখন পর্যন্ত পিপিপির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এর আগে ২০০৯-১০ অর্থবছরেও পিপিপির জন্য আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। ওই অর্থেরও কোনো ব্যবহার হয়নি। আগামী অর্থবছরের জন্য পিপিপিতে আবারও তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।জানা গেছে, পিপিপি কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল লিমিটেডের (বিআইএফএফএল) নামে নিবন্ধন নেওয়া হয়েছে। পিপিপির জন্য আগামী অর্থবছরের এডিপিতে ১৬টি প্রকল্প রাখা হয়েছে। এই পিপিপির মাধ্যমে রাজধানীর আশপাশে ইছামতী-সিরাজদিখান, ধলেশ্বরী-সিঙ্গাইর এবং বংশী-ধামরাই—এই তিনটি স্যাটেলাইট শহর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। বাকি ১৩টি প্রকল্পই হলো জ্বালানি ও বিদ্যুৎ খাতের। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো—চট্টগ্রামে এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, জামালপুরের সরিষাবাড়ীতে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, খুলনায় ২১০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ময়মনসিংহে ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিতরণব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প ও ডিপিডিসির সাব-স্টেশন নির্মাণ।এডিপি অনুমোদন: ৪৬ হাজার কোটি টাকার নতুন এডিপির মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২৭ হাজার ৩১৫ কোটি টাকা, আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। আগামী এডিপিতে মোট প্রকল্প সংখ্যা এক হাজার ৩৯টি। এর মধ্যে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে ৯৬২টি প্রকল্প স্থানান্তর করা হয়েছে। নতুনভাবে বরাদ্দসহ প্রকল্প রয়েছে ৭৭টি। মোট প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প ৮৩৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৪৩টি এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) অর্থায়নে ৬২টি প্রকল্প রয়েছে। এডিপিতে সবচেয়ে বেশি আট হাজার ২৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে, যা মোট বরাদ্দের ১৮ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পরিবহন খাত, বরাদ্দ সাত হাজার ৭৫০ কোটি টাকা। এরপর শিক্ষা ও ধর্ম খাতে ছয় হাজার ১২৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে পাঁচ হাজার ৬৫১ কোটি টাকা, পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান খাতে চার হাজার ৪০২ কোটি টাকা, কৃষি ও পানিসম্পদ খাতে চার হাজার ১০৯ কোটি টাকা, স্বাস্থ্য খাতে তিন হাজার ৯৪২ কোটি টাকার বরাদ্দ রয়েছে। খাতওয়ারি বরাদ্দের বাইরেও স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে এক হাজার ৩৬০ কোটি টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পে এই বিপুল অর্থ ব্যয় করা হবে। এর বাইরে থোক বরাদ্দ হিসেবে এক হাজার ৭৭ কোটি টাকা রাখা হয়েছে। গতকালের এনইসি বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ হিসেবে রাখার প্রস্তাব করা হলেও পরে বৈঠকেই তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ জাপানি ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে।এনইসি বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, মোট দেশজ আয়ের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়াতে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এনইসি বৈঠক সূত্রে আরও জানা গেছে, বৈঠকে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময় প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি বেশ কয়েকজন প্রকল্প পরিচালক তাঁদের প্রকল্প এলাকা চেনেন না বলে অভিযোগ উঠেছে বৈঠকে। ৭৭টি নতুন প্রকল্প: নতুন এডিপিতে ৭৭টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর চলমান প্রকল্পের সংখ্যা ৯৬২। নতুন প্রকল্পগুলোর মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন প্রকল্পগুলোর মধ্যে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি ১৯টি প্রকল্প রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে সড়ক উন্নয়ন, পুনর্বাসন প্রকল্পই বেশি। এ ছাড়া মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি, মৎস্য সংরক্ষণে ফরমালিন নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টি, বর্জ্য ব্যবস্থাপনায় যন্ত্রপাতি কেনা, খাল উন্নয়ন, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন, কবরস্থান উন্নয়ন, পরিসংখ্যান ব্যুরোর দক্ষতা বৃদ্ধি, জাতীয় গ্রন্থাগার আধুনিকীকরণের মতো প্রকল্প নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত এডিপির আকার বৃদ্ধি: চলতি অর্থবছরের প্রথম ১০ মাস শেষে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৬০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আর এ সময়ে ৮৭টি প্রকল্পে কোনো অর্থই খরচ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গতকাল এনইসি বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার আবারও বাড়িয়ে ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৩০ কোটি টাকা। এ বছর মূল এডিপির আয়তন ছিল সাড়ে ৩৮ হাজার কোটি টাকা। পরে ৩৫ হাজার ১৩০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। গতকালের এনইসি বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।