বেড়েছে গুঁড়া দুধ, আলু দেশি রসুনের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল সপ্তাহে এক কেজি ওজনের ডানো দুধ ৫৭০ থেকে ৫৮০ টাকায় মিললেও গতকাল শুক্রবার ক্রেতাকে তা কিনতে হয়েছে ৫৮০ থেকে ৫৯০ টাকায়। আরও তিনটি ব্র্যান্ডের গুঁড়া দুধের দামের ক্ষেত্রেও একই অবস্থা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে গুঁড়া দুধের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।বেড়েছে আলু, আদা, দেশি রসুন ও মুরগির দামও। তবে বর্ষবরণের আগে বাজারে উত্তাপ ছড়ানো ইলিশের দাম বেশ কমে এসেছে।রাজধানীর কয়েকটি বাজারে দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিপ্লোমা ব্র্যান্ডের এক কেজি দুধের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গত সপ্তাহে এক কেজি ডিপ্লোমা দুধ ৫৫৫ থেকে ৫৬০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ৫৭০ থেকে ৫৮০ টাকায়। কোনো কোনো বাজারে ৫৯৫ টাকায়ও বিক্রি হয়েছে।মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের এক কেজি গুঁড়া দুধ গত সপ্তাহে ৪৫০-৪৬০ টাকায় পাওয়া গেলেও গতকাল ছিল ৪৬০ থেকে ৪৭০ টাকা। মার্কস দুধের দামও একই হারে বেড়েছে। আর এক কেজি রেড কাউ দুধ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৫৫ টাকায়। এই দুধের দামও বেড়েছে কেজিতে ১০ টাকা।বাড্ডা ও কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি আলু ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি হয়। আলুর দাম এক সপ্তাহে কেজিতে গড়ে তিন টাকা বেড়েছে।বিক্রেতারা বলছেন, চলতি মৌসুমের আলুর সংরক্ষণ প্রায় শেষ পর্যায়ে। আলু সংরক্ষণের সময় কৃষকদের ভাগ্যে ভালো দাম না মিললেও বড় ব্যবসায়ীরা (যাঁরা কৃষকদের কাছ থেকে আলু কিনে সংরক্ষণ করেন) এখন বাড়তি দামে আলু বিক্রি করছেন। এ কারণে আলুর পাইকারি দর বেড়ে গেছে। গত সপ্তাহেও এক কেজি আলুর পাইকারি দর ছিল ৮ থেকে ১০ টাকা। গতকাল ছিল ১০ থেকে ১২ টাকা।অবশ্য বাজারে কিছু সবজির দাম কমেছে। প্রতি কেজি ঢ্যাঁড়স ৩০ টাকা থেকে কমে ২০ থেকে ২৫ টাকা, চিচিঙ্গা ও ঝিঙে ৪০ থেকে কমে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি করলা ২৫ টাকা, পটোল ৩৫, বরবটি ৩০, শসা ২০, শিম ৩০, টমেটো ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ৫০-৬০ টাকা। এগুলোর দামে তেমন হেরফের হয়নি।তবে এক সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। গত সপ্তাহে এই রসুনের দাম ছিল ৪৫ টাকা।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত মৌসুমে ভালো দাম না পাওয়ায় এবার দেশি রসুন আবাদ কম হয়েছে। তাই সব পর্যায়েই এ রসুনের দাম বেড়েছে। চীন থেকে আমদানি করা আদার দামও কেজিতে ১৫ টাকা বেড়ে গতকাল বিক্রি হয় ৭৫ টাকায়।হঠাৎই কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকায়।ইলিশের দাম নেমে এসেছে অর্ধেকে। এক কেজির বেশি ওজনের একটি ইলিশ দেড় হাজার টাকায়, মাঝারি আকারের ইলিশ (৭০০-৮০০ গ্রাম) ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। একই আকারের হিমাগারের ইলিশের কেজি ৫০০ থেকে ৬০০ টাকা।