রাজধানীর বাজারে বেড়েছে চাল ও মসুর ডালের দাম। পেঁয়াজের দামও চড়া। শীতে মৌসুমি শাকসবজির সরবরাহ বাড়লেও দাম সেই তুলনায় কমছে না। দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা ইচ্ছা করে দাম বাড়াচ্ছেন। আর বিক্রেতারা অজুহাত দিচ্ছেন পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধি, সরবরাহের সংকট ইত্যাদির।গতকাল শুক্রবার কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার, উত্তরাসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ছাড়া সব ধরনের চালের দাম এক মাসের ব্যবধানে কেজিতে এক-দুই টাকা বেড়েছে। সবচেয়ে ভালো মানের নাজিরশাইল চালের দাম কেজিপ্রতি ৫২ থেকে ৫৪ টাকা, সাধারণ মানের নাজিরশাইল ৪৪-৪৫। ব্রি-২৮ চাল ৩২-৩৩ ও পারি চাল ২৯-৩০ টাকা। ভালো মানের মিনিকেট বাজারভেদে ৩৮ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।কারওয়ান বাজারে পাইকারি চালের দোকান মতলব ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু রায়হান জগলু প্রথম আলোকে বলেন, মিনিকেট ছাড়া সব চালের মৌসুম এখন শেষের দিকে। ডিসেম্বর মাসের শেষ দিকে নতুন চাল বাজারে আসতে থাকবে। চাহিদা বেশি থাকায় মিলমালিকেরা বেশি দামে চাল ছাড়ছেন। এতে খুচরা পর্যায়ে দাম বাড়ছে।পেঁয়াজের দাম এখনো চড়া। গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৭-৪৮ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৩৮-৪০ টাকায় বিক্রি হয়, যা গত সপ্তাহের মতোই। এক মাস আগে দেশি পেঁয়াজ ৩৫-৩৭ টাকা আর আমদানি করা পেঁয়াজ ২৮-৩০ টাকা ছিল।এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মসুর ডালের দাম বেড়েছে বাজারভেদে চার-পাঁচ টাকা। এক কেজি ভালো মানের ডাল ১৪৫ এবং সাধারণ মানের ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।আমদানি করা রসুন আগের সপ্তাহের মতো কেজিপ্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।শাকসবজির দাম কমছে না: বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। গতকাল বাজারভেদে প্রতি কেজি শিম ৫০-৬০ টাকা, টমেটো ৮০-৯০, একটি মাঝারি আকারের ফুলকপি ২৫-৩০, মাঝারি আকারের বাঁধাকপি ২৫-৩০, প্রতি কেজি মুলা ৩০-৪০, শালগম ৩৫-৪০, বেগুন ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।কেজিতে তিন-চার টাকা দাম কমেছে পোটল, পেঁপে, বরবটি, করলা ও ঢ্যাঁড়সের।উত্তরা কুশল সেন্টারের কাঁচাবাজারে গতকাল সকালে বাজার করতে আসা বেসরকারি ব্যাংকে কর্মরত শারমিন জাহান জানান, সাধারণত অন্যান্য বছর এই সময়ে শীতের সবজির দাম বেশ কম থাকে। কিন্তু এবার ব্যতিক্রম।অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল ও আলুর দাম। এক কেজি আলু বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকায়। বোতলজাত সয়াবিন তেল (পাঁচ লিটার) কোম্পানিভেদে ৬৫৫ থেকে ৬৬৫ টাকায় বিক্রি হচ্ছে।মাছ-মাংস: এক সপ্তাহের ব্যবধানে রুই, পাঙাশ, তেলাপিয়া, চিংড়ি, কই মাছের দাম বেড়েছে। রুই মাছ প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা, বড় আকারের চিংড়ি ৫৫০ থেকে ৬০০ টাকা, মাঝারি চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন আকারের তেলাপিয়া মাছ ১২০ থেকে ১৬০ টাকা এবং পাঁচমিশালি গুঁড়া মাছ ২৩০ থেকে ২৫০ টাকা। ৬০০-৭০০ গ্রামের ইলিশ মাছের দাম হাঁকা হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা।উত্তরার আশকোনা হাজি ক্যাম্প বাজারের মাছ বিক্রেতা মনসুর আলী বলেন, মাছের চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাম কিছু বেশি।বাজারভেদে এক কেজি গরুর মাংসের দাম ২৬০ থেকে ২৮০ টাকা। খাসির মাংসের দাম ৪০০ থেকে ৪২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।