বেড়েছে জমির দাম
মেস ব্যবসাকে কেন্দ্র করে শহরের বেশ কয়েকটি এলাকায় জমির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ ব্যবসায় লাভ বেশি থাকায় এলাকায় নতুন করে বসতবাড়ি তৈরি হচ্ছে না। অনেকেই ভবন তৈরি করলেও বেশি লাভের আশায় শেষ পর্যন্ত মেস বানিয়ে ভাড়া দিচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা কলেজ, মনসুর আলী কলেজ ও পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাই সবচেয়ে বেশি আবাসন সংকটে ভুগছে। এতে এসব প্রতিষ্ঠানের বেশির ভাগ ছাত্র-ছাত্রী মেসে থাকেন। প্রতিষ্ঠানগুলোর চারপাশ রাধানগর, শালগাড়িয়া, শালগাড়িয়া বাইপাস, সিঙ্গা ও হাসপাতালপাড়া দিয়ে গড়ে উঠেছে শত শত আবাসিক মেস। আর মেস ব্যবসায় লাভের পরিমাণ বেশি থাকায় এসব এলাকার প্রতিটি বসতবাড়ি একটি মেসে পরিণত হয়েছে।রাধানগর মহল্লার বাসিন্দা রাজিউর রহমান জানান, সাত বছর আগে তিনি ৫০ হাজার টাকা কাঠা দরে যে জমি কিনেছিলেন, এখন সে জমির দাম পাঁচ লাখ টাকা কাঠা হয়েছে। শুধু মেস ব্যবসায় অতি লাভের কারণেই এলাকার জমির দাম কয়েকগুণ বেড়ে গেছে।পাবনা সদর ভূমি অফিস সূত্রে জানা গেছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে শহরের রাধানগর, শালগাড়িয়া ও সিঙ্গা এলাকায় জমির দাম সরকারিভাবেও বেড়েছে অনেকগুণ। সাত-আট বছর আগে যেসব জমি প্রতি কাঠা ৪০ থেকে ৭০ হাজার টাকা দরে কেনাবেচা হয়েছে, তা এখন পাঁচ থেকে সাত লাখ টাকায় কেনাবেচা হচ্ছে।