বেড়েছে ডালের দাম, পেঁয়াজের ঝাঁজ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ডালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি ডালের দাম কেজিতে আট থেকে ১০ টাকা বেড়েছে। তবে নতুন পেঁয়াজ বাজারে আসায় দামের ঝাঁজ কিছুটা কমেছে।টমেটো ও দু-একটি সবজি ছাড়া শীতের বেশির ভাগ সবজির দামই এখনো আগের মতো, যা অন্যান্য বছরের এই সময়ের চেয়ে ব্যতিক্রম। এদিকে ব্রয়লার মুরগির দাম বাজারভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।গত সপ্তাহে ১৪০ থেকে ১৪২ টাকার দেশি মসুর ডালের (ছোট দানা) কেজি গতকাল কারওয়ান বাজারে ১৫০ টাকায় বিক্রি হয়। বড় দানার নেপালি মসুর ডালের দাম কেজিতে দুই থেকে ছয় টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মুগ ডালের কেজি ১১৫ থেকে ১২০ টাকা।কারওয়ান বাজার, পুরান ঢাকার নারিন্দা বাজার ও দোলাইরপাড় বাজারে নতুন দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা এবং বিদেশি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হয়। একাধিক বিক্রেতা জানালেন, সরবরাহ বাড়ছে বলেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।কারওয়ান বাজারে গতকাল নতুন আলু প্রতি কেজি ২২ টাকা, কাঁচা মরিচ ৬০, পাকা টমেটো ৬০, কাঁচা টমেটো ২০, শালগম ২০, গোল বেগুন ৬০, লম্বা বেগুন ৪০, শিম ২৫ থেকে ৩০, মুলা ২০, পেঁয়াজ পাতা ১৫ থেকে ২০, গাজর ২৫, ধনেপাতা ৮০, কাঁচকলা প্রতি হালি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়।এ ছাড়া ফুলকপি আকারভেদে ১৫ থেকে ৩০, বাঁধাকপি ২৫ থেকে ৩০, লাউশাক ২০ থেকে ২৫ টাকা আঁটি, লালশাক আধা কেজির কম প্রতি আঁটি আট থেকে ১০ টাকায় বিক্রি হয়। আদা ৭০, দেশি রসুন ৪০ ও বিদেশি রসুন প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়।কারওয়ান বাজারের সবজিবিক্রেতা রহমান বলেন, গত সপ্তাহে হরতাল-অবরোধ থাকায় একটু সমস্যা হইছিল। এ সপ্তাহে সব সবজিতেই দাম দু-তিন টাকা কমেছে। তবে কারওয়ান বাজারে সবজির দাম অন্য বাজারের তুলনায় কম।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া তথ্যমতে, এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি প্রতি কেজির দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। গতকাল কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি দেশি মুরগির দাম ২০০ টাকা।এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ২৭০ থেকে ২৮০ টাকা এবং খাসির মাংস বাজারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়। ব্রয়লার মুরগির ডিমের হালি ৩৬ এবং হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হয়। মাছের বাজারে রুই প্রতি কেজি ১৬০ থেকে ২০০, কাতলা ২০০ থেকে ২৬০, মাঝারি সাইজের ইলিশ ৮০০ থেকে এক হাজার, পুঁটি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়।শীতে পাম তেলের চাহিদা কম থাকে। পাম তেলের লিটার এখন ৭৫-৭৬ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৬ টাকায়।