ডিমের দাম আবারও বেড়েছে। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। দাম বাড়ার তালিকায় আরও আছে আদা ও পেঁয়াজ। কিছুটা কমেছে ইলিশ মাছ, খোলা সয়াবিন ও পামতেলের দাম। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজারের মুদি দোকানগুলোতে ডিমের দাম বেড়েছে হালিতে দুই থেকে তিন টাকা। আগের সপ্তাহে ডিমের হালি ছিল ৩২ থেকে ৩৩ টাকা। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকায়।সেগুনবাগিচা কাঁচাবাজারে গতকাল সকালে বাজার করতে আসা স্কুলশিক্ষিকা ডালিয়া কবীর প্রথম আলোকে বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় এসে পৌঁছেছে যে, সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এক হালি ডিমের দাম ৩৬ টাকা, চিন্তা করতে পারেন?’ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা। আগের সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। গতকাল বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। মানভেদে আদার দাম আগের সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা কেজি। সর্বনিম্ন দাম ৭০ টাকা ঠিক থাকলেও ওপরের দিকে ১০ টাকা বেড়ে গতকাল আদার দাম উঠেছে ৯০ টাকা পর্যন্ত।বিদেশি পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল ২৪ থেকে ২৫ টাকা। গতকালের বাজার দর ছিল ২৬ থেকে ২৭ টাকা। আর দেশি পেঁয়াজ ২৬-২৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ থেকে ৩০ টাকা।পয়লা বৈশাখের আগে বাড়তি চাহিদার সময় কিছুদিন এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে দুই থেকে আড়াই হাজার টাকাতেও। সে দামের আঁচ কমে এসেছে ইতিমধ্যেই। গতকাল ওই তিন বাজারে ইলিশ বিক্রি হয়েছে ৬০০ থেকে এক হাজার টাকা কেজি দরে। খোলা সয়াবিনের গতকালের দর ছিল ১০৮ থেকে ১১০ টাকা লিটার। আগের সপ্তাহে ছিল ১১০ থেকে ১১২ টাকা। আর খোলা পামতেল আগের সপ্তাহে ৭৪ থেকে ৭৫ টাকা লিটার দরে কেনাবেচা হলেও গতকাল হয়েছে ৭৩ থেকে ৭৪ টাকা দরে। আয়োডিনযুক্ত প্যাকেট লবণের দাম মানভেদে কেজিতে দুই টাকা করে কমে হয়েছে ১৬ থেকে ২৮ টাকা। আগের সপ্তাহে ছিল ১৬ থেকে ৩০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, সব ধরনের চাল, আটা, মসুর ডাল ও চিনির দাম এক মাস ধরে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, নিত্যপণ্যের দাম মোটামুটি স্বস্তিদায়কই আছে। তবে তা আরও কম থাকলে সাধারণ মানুষ উপকৃত হতো।