বেড়েছে ধানের উৎপাদন
কৃষিজমির পরিমাণ বছরে ১ শতাংশ হারে কমলেও ধানের উৎপাদন বছরে আড়াই থেকে ৩ শতাংশ হারে বাড়ছে।২০০৬-০৭ থেকে ২০০৭-০৮ অর্থবছরে উৎপাদন সর্বোচ্চ ১৮ শতাংশ বেড়েছিল। একই জমিতে বছরে একাধিকবার ফসল চাষ ও উচ্চফলনশীল ধানের জাত বেশি করে চাষ হওয়ায় উৎপাদন বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) বিজ্ঞানীরা জানিয়েছেন, বোরো মৌসুমে বিআর-২৮, বিআর-২৯ এবং আমনে বিআর-১১ জাতের ধানের চাষ দেশে ধান উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। প্রতিবছরই এই তিনটি জাতের আবাদি এলাকা ও হেক্টরপ্রতি উৎপাদনও বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা সংস্থার (আইএফপিআরআই) হিসাব অনুযায়ী, গত সাত বছরে বাংলাদেশে ধানের উৎপাদন ৭০ শতাংশ বেড়েছে। বিআরআরআইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০০৫ সালে যেখানে প্রতি হেক্টর জমিতে ৩ দশমিক ৬৬ টন ধান হতো, সেখানে ২০০৯ সালে প্রায় চার টন হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হেক্টরপ্রতি উৎপাদন আরও এক থেকে দেড় টন বাড়ানো সম্ভব। দেশের ১০ লাখ হেক্টর উপকূলীয় লবণাক্ত জমিতে একটি মাত্র ফসল হয়—এ কথা উল্লেখ করে সংস্থার বিজ্ঞানীরা বলছেন, এখানেও উৎপাদন বাড়ানো সম্ভব। বোরো মৌসুমে আবাদি জমির ৫০ শতাংশে বিআর-২৮ ও ২৯ জাতের চাষ হয়—এ কথা উল্লেখ করে বিআরআরআইয়ের গবেষণা পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, এই দুটি জাত থেকে কৃষক প্রতি হেক্টরে গড়ে পাঁচ টন করে ধান পাচ্ছেন। অন্যান্য জাত থেকে পাচ্ছেন তিন থেকে চার টন। ফলে সামগ্রিকভাবে উৎপাদন বেড়েছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মাহবুব হোসেনের মতে, উফশী বীজের পাশাপাশি কৃষিপ্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়া এবং একই জমিতে বছরে একাধিকবার চাষ হওয়ায় মোট উৎপাদন অভাবনীয় পরিমাণে বেড়েছে। উৎপাদন আরও বাড়াতে হলে বন্যা ও লবণাক্তসহিষ্ণু এবং অল্প সময়ে উৎপাদন হবে এমন জাতের ফসলের চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।দেশে কৃষিজমির পরিমাণ ৮০ লাখ হেক্টর, এ তথ্য জানিয়ে মাহবুব হোসেন বলেন, আউশ, আমন ও বোরো চাষের মোট জমির পরিমাণ এক কোটি ১০ লাখ হেক্টর। অন্যান্য ফসল মিলিয়ে বছরে এক কোটি ৪০ লাখ হেক্টর জমিতে ফসলের চাষ হয়। অর্থাৎ ৮০ শতাংশ জমিতে বছরে একাধিকবার ফসলের চাষ হয়ে থাকে। আইএফপিআরআই সম্প্রতি মাহবুব হোসেনের ‘বাংলাদেশে খাদ্য উৎপাদনে অগভীর নলকূপ ও বোরো চাষের ভূমিকা’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আশির দশকে বাংলাদেশ সরকার কৃষি উপকরণের বাজার উন্মুক্ত করে দেওয়ায় ১৯৮৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধানের উৎপাদন ৭০ শতাংশ বেড়েছে। বিশেষ করে সেচযন্ত্র (লো লিফট পাওয়ার পাম্প ও শ্যালো টিউবওয়েল) আমদানি ও বিক্রি সহজ করে দেওয়ায় কৃষকেরা এই যন্ত্রের ব্যবহার বাড়িয়েছেন। ফলে শুষ্ক মৌসুমে সেচনির্ভর ধানের চাষ ব্যাপকভাবে বেড়ে যায়।কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে দেশে বোরোর জমির পরিমাণ ৪২ লাখ হেক্টর থেকে বেড়ে ৪৮ লাখ হেক্টর হয়েছে। আমনের এলাকা ৫৪ লাখ হেক্টর থেকে বেড়ে ৫৬ লাখ হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে দেশে ধানের উৎপাদন ছিল দুই কোটি ৮০ লাখ টন। ২০০৯-১০ অর্থবছরে তা বেড়ে হয়েছে তিন কোটি ৩০ লাখ টন।