প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে ভেচের্নিয়ে নোভোস্তি, যুগোস্লাভিয়া
বেয়নেটের সাহায্যে স্বাভাবিক অবস্থা
বাঙালিদের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনের জবাবে সামরিক আক্রমণের তিন মাস পর এই প্রথম বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তানে ঢুকতে দেওয়া হয়। চাপিয়ে দেওয়া সফরসঙ্গী ছাড়াই তাঁরা ঘুরে দেখার অনুমতি পেয়েছেন। যদিও এতদিনে ধ্বংসের আলামত সরিয়ে ফেলা হয়েছে, তারপরও যেটুকু রয়ে গেছে, তা আগের নৃশংসতার সাক্ষ্য দিতে যথেষ্ট।রাজধানী শহর ঢাকা এখনো আতঙ্ক, সহিংসতা ও সন্ত্রাসের ছায়ায় ঢাকা। রাস্তায় লোকজন ফিসফিস করে কথা বলে। অসমান রাস্তায় গাড়ি তেমন বেরই হয় না। এটাকেই সরকার বলছে ‘স্বাভাবিক অবস্থা’। স্বাভাবিক অবস্থা নিশ্চিত করতে ভয়াবহ শাস্তি প্রয়োগ করা হচ্ছে। গোপনে কেউ যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনে, কঠোর শাস্তি হয় তার। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ। গাড়ির নম্বর প্লেটে বাংলা মুছে ইংরেজি লেখা হয়েছে। খালি রাস্তায় ও দোকানে মানুষ ফিসফিস করে কথা বলে। সেনাবাহিনী এখনো বাঙালিদের তাড়িয়ে বেড়াচ্ছে, গ্রেপ্তার করছে এবং কখনো কখনো হত্যাও করছে।যদিও ট্যাংক ও রকেটের আলামত সরিয়ে ফেলা হয়েছে, ধ্বংসের ও আতঙ্কের ছাপ রয়ে গেছে পুরান ঢাকায়। শহরের সবচেয়ে গরিব শ্রেণীর মানুষ এখানে বসবাস করে এবং তারা আওয়ামী লীগের একান্ত সমর্থক। অবিশ্বাস্য শ্লথগতিতে হাটবাজার ও নোংরা সরু রাস্তায় জীবন ফিরে আসছে। এখানকার অধিকাংশ মানুষ হিন্দু, তারা নির্মমভাবে খুন হয়েছে, না হয় ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।ঢাকার রাস্তায় সেনাসদস্য তেমন নেই; রয়েছে বিশেষ পুলিশ স্কোয়াড। ভালো করে তল্লাসি করতে তাদের পশ্চিম পাকিস্তান থেকে আনা হয়েছে। সেখানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে।বন্দুকের মুখে যে ৬৫ লাখ পাকিস্তানি ভারতে পালিয়ে গেছে তাদের ৪০ লাখই হিন্দু। সরকার তাদের মন্দির ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তাদের বাড়িঘর পাবে সরকারের ‘অনুগত’ নাগরিকেরা। (৮ জুলাই ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন