বৈচিত্র্যময় বিষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলায় বছর শেষ আর শুরু আষ্টেপৃষ্ঠে লেগে থাকে উদ্যাপনের একই আনন্দরসে। চৈত্র-সংক্রান্তির পিঠে হাত বুলাতে বুলাতেই আসে পয়লা বৈশাখ। ঠিক তেমনি চাকমাদের বিঝু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু, মণিপুরিদের বিষু কিংবা সাজিবু চেইরাওবা। বছর শুরুর চেয়ে বছর শেষটিই যেন প্রধান উপলক্ষ। যে বছর বা যে সময়টা যাপন করেছি, তাকে আগে ভালোমতো বিদায় দিই, এরপর না হয় নতুন সময়কে অভ্যর্থনা জানানো।মণিপুরিরা ভাষার দিক দিয়ে দুই ভাগে অন্তর্বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মেইতেই মণিপুরি। ভাষার আমূল ভিন্নতা সত্ত্বেও তাদের রয়েছে প্রায় একই সংস্কৃতির উত্তরাধিকার; সামাজিক-সাংস্কৃতিক পরিসরে তাই তারা একই জাতিসত্তার পরিচয়বাহী। সেখানে পরবর্তী সময়ে পাঙাল বা মুসলিম মণিপুরিরাও অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা বাংলা চৈত্র মাসের শেষ দিন থেকে পাঁচ দিনব্যাপী উদ্যাপন করে বিষু উৎসব। ‘বিষু’ শব্দটি কোত্থেকে-কীভাবে এল, তার সুরাহা এখনো হয়নি। সংস্কৃতিতে বিষু শব্দের কাছাকাছি অর্থ সমতা বা সমান। জ্যোতির্বিজ্ঞান বলে, সূর্য নাকি সেদিন বিষুবরেখার মাঝখানে থাকে। দিন আর রাতের দৈর্ঘ্য তাই সমান। কিন্তু যে উৎসবটি একেবারে গ্রামীণ মানুষের লোকজীবনের ভেতর থেকে উৎসারিত, তার কপালের তিলকটা জ্যোতির্বিজ্ঞানের পুস্তকি ভাষা নেবে কী করে, সেটা প্রশ্ন।ভারতবর্ষে এই উৎসবের সমান বা কাছাকাছি ধরনের অসংখ্য উৎসব রয়েছে। ভারতের আসামে প্রচলিত রয়েছে ‘বিহু’ উৎসব। বিহু শব্দটা সেখানকার ডিমাসা জাতির ভেতর থেকেই এসেছে বলে ধারণা করা হয়। বোহোগ বিহু নামের একটি লোকনৃত্য বেশ জনপ্রিয় অসমিয়াদের মধ্যে। কিন্তু মনে করা হয়, ‘বিহু’ শব্দটি ‘বিষু’ শব্দেরই অপভ্রংশ, যেখানে বি শব্দের অর্থ চাওয়া বা কামনা করা, আর ষু শব্দের অর্থ শান্তি-সমৃদ্ধি। সবার শান্তি-সমৃদ্ধি কামনায় যে উৎসব হয়ে থাকে। আবার ‘কলাগুরু’ বিষ্ণুপ্রসাদ সিংহের মতে, বি মানে কিছু চাওয়া বা প্রার্থনা করা এবং ষু মানে কিছু দেওয়া। অর্থাৎ পরস্পরের আদান-প্রদানের উৎসব। মণিপুরিদের বিষু উৎসবের চরিত্রের সঙ্গে শব্দটির সেই উৎপত্তিগত অর্থের একটা সাযুজ্য আছে। বলা হয়েছে, এই উৎসব নাকি ইন্দো-আর্য, অস্ট্রো-এশীয়, সিনো-বর্মীদের মধ্যে প্রচলিত রয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা ইন্দো-আর্য পরিবারভুক্ত। মণিপুরিদের সঙ্গে অসমিয়া জনগণের একটা সংস্কৃতিগত আত্মীয়তার কথাও ভাবা যেতে পারে। আবার ভারতের কেরালায়ও বিষু নামের উৎসব উদ্যাপনের হদিস পাওয়া যায়। হিন্দুধর্মাবলম্বীরা এটি পালন করে থাকে। মালয়ালম ক্যালেন্ডার কলাবর্ষম অনুযায়ী এ দিন নববর্ষ শুরু হয়।বিষুবিষয়ক অমীমাংসিত প্রশ্নমালার সুতো ছিঁড়ে আমরা এখন এর উদ্যাপনের দিকে নজর দেই।বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের বিষু উৎসব বাংলা বর্ষপঞ্জির দিনক্ষণ অনুযায়ী হয়ে থাকলেও এর কৃত্য-আচারের পুরোটাই তাদের নিজস্ব লৌকিক উপাদানে ভরপুর। মণিপুরিদের বিশ্বাস তাদের প্রতিটি লামে (এলাকায়) একেকজন নির্দিষ্ট দৌ (দেবতা) থাকেন, যাঁর সেবা-অর্চনার মধ্য দিয়ে ইহজগতে তাদের মঙ্গল আসবে। সেই দেবতাকে বলা হয় ‘লামর দৌ’। বিষুর দিন এই লামর দৌয়ের তুষ্টির জন্য বিশেষ কৃত্য পালন করা হয়। বাড়ির পেছনে কোনো নিভৃত জায়গায় গিয়ে লামর দৌয়ের প্রতি নিবেদিত গান-নৃত্য পরিবেশনের রীতি কিছুকাল আগ পর্যন্ত চল থাকলেও এখন তা তেমন দেখা যায় না।এই লামর দৌ বা সোজা বাংলায় গ্রামদেবতা তিনিই, যিনি ওই গ্রামে প্রথম দেহত্যাগ করেছিলেন। মারা যাওয়াকে মণিপুরিরা ‘দৌ অনা’ বলে অভিহিত করে, অর্থাৎ আত্মা মনুষ্য দেহ ছেড়ে দেহহীন ‘দেবতা’য় পরিণত হয়।এ উৎসবের আরেকটি প্রচলিত মতে প্রকাশ পায় সংস্কারের ভেতরকার লৈঙ্গিক সমতাও। বলা হয়, লামর দৌ হবেন সেই এলাকায় মারা যাওয়া প্রথম পুরুষ ও নারী। যেমন ঘোড়ামারা গ্রামের লামর দৌ হচ্ছেন বলাই আর থানু নামের দুই পুরুষ ও নারী। বিষুর দিন নিবেদিত ভোগ-প্রসাদে সে গ্রামে তাঁরাই পূজিত হন।সেভাবে প্রতিটি গ্রামে আলাদা আলাদা লামর দৌয়ের পূজা চলে এদিন। এই পূজা কোনো যজ্ঞ বা শ্লোকাচারে হয় না। হয় সাধারণ ভক্তি আর ভোগ নিবেদনে। মাটিতে কপাল ঠেকিয়ে ভক্তির ধরনে বৈষ্ণবীয় ভাব, আবার কলার পাতায় প্রসাদ নিবেদনের ধরণে মণিপুরির আদি প্রাকৃত রূপ।বিষুর দিন মণিপুরিরা ভোর থেকে উঠে গোবর-মাটি-পানি মিশিয়ে ঘরদোর লেপা-মোছা শুরু করে। ‘বৎসরের আবর্জনা’ যেন ধুয়ে-মুছে সাফ যায়। তারপরই বাড়ির মেয়েরা লেগে যায় রান্নাবান্নার কাজে। সহজিয়া বৈষ্ণব ধর্মানুসারী মণিপুরিদের পর্ব-পার্বণে (প্রাকৃত ধর্মের কিছু পর্ব বাদে) কেবল নিরামিষ ভোজনের নিয়ম। কত শত পদ। ডাল, সাকলখই, ঙৌথং, ইরলপা, তিতা ভাজা—এসব তো আছেই, সঙ্গে থাকে বিরন বা বিন্নি চালের ভাত, যা খাওয়া হবে কলা-দুধ-চিনি মিশিয়ে।পরিবারের কর্তাটি খুব সকালবেলায় স্নান সেরে অন্যান্য কৃত্য শেষ করে কলার পাতায় সাজানো ‘দৌর এইরুক’ বা দেবতার ভোগ নিবেদন করেন বাড়ির আরাঙে। (মণিপুরিদের বাড়ির সামনে বাঁশ দিয়ে বানানো বিশেষ ধরনের স্থায়ী গেটকে আরাঙ বলা হয়ে থাকে। আরাঙ একদিকে যেমন রাস্তা থেকে বাড়ির সীমানা নির্ধারণ করে, তেমনি তা নিরাপত্তার ধারণাকেও নির্দেশ করে।) পূর্ব প্রজন্মের বিদেহী আত্মার মঙ্গল কামনা করে প্রসাদ নিবেদনের আর্তিতে জড়িয়ে থাকে নিজের পরিজনদের আগামী বছরটির শুভকামনাও।দেবতার উদ্দেশে প্রসাদ নিবেদনের পর শুরু হয় রান্নার তরকারি বা নিরামিষ পদগুলোর মানবিক আদান-প্রদানের পালা। আজ বিষু, আজ যেমন রাত আর দিনের দৈর্ঘ্য সমান, যেমন শেষ আর শুরুতে সন্ধি ঘটবে, তেমনি আজ মানুষও যেন সবাই সমান সমান। আজ কেউ কারও পর নয়, কেউ কারও শত্রু নয়। গ্রামের এমাথা-ওমাথা চলবে খাবার আনা-নেওয়া। ছোট ছেলেমেয়েরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে কুপাঙে (বড় থালাবিশেষ) করে নানা পদের খাবার নিয়ে এবাড়ি-ওবাড়ি বিতরণ করে। একেকটা বাড়ির পাকঘরে জমা হয় অজস্র পদের তরকারি। ছেলেদের পরনে থাকে দ্বিরঙা পাছাতি, কখনো সাদা-কালো, কখনো সাদা-সবুজ, কখনো বা সাদা-লাল ডোরাকাটা। তবে সাদা রংটি থাকবেই, তা যে সত্য ও শুভ্রতার প্রতীক। মেয়েদের পরনে নিচের ভাগে থাকে লাহিং নামের পরিধেয় বস্ত্রবিশেষ। হলুদ, লাল, নীল—নানা রঙের। ওপরের অংশে ব্লাউজ আর ছোট-বড় ইনাফি বা ওড়না। মণিপুরিদের জাতিতাত্ত্বিক মোটিফ ‘মোইরাঙ’ খচিত ও নানা কারুকার্য-আঁকা।সন্ধ্যায় লাগবে পিঠা ভাজার ধুম। এই পিঠা আলাদাভাবে ‘বিষুর পিঠা’ নামে পরিচিত। বিশেষভাবে তৈরি হয়। ‘বিরন’ বা বিন্নি চালের সঙ্গে দুধ-কলা-গুড় মিশিয়ে তৈরি হয় পিঠার মূল উপাদান। নানা আকারের পিঠা বানানো হয়। গোল, চ্যাপ্টা, চৌকোনা—নানা রকম। পিঠাগুলো কড়াই থেকে তোলার জন্য থাকে সরু কাঠি, কাঠির এক ভাগ সুইয়ের মতো সুঁচালো।বিষুর পিঠা চিবোতে গেলে মনে হবে অনেকটা চুইংগামের মতো। খানিক সময় ধরে চিবোতে হয়। কিন্তু যত চিবোনো যায়, ততই স্বাদ। পিঠা যখন বাসি হয়ে যায়, তখন এর স্বাদ বেড়ে যায় আরও! যদিও তখন দাঁতের শক্তির ওপর নির্ভর করে তার পেষণানন্দের ব্যাপারটা। পিঠা তৈরির পর প্রথম পিঠাভোগ নিবেদন করা হয় বাড়িসংলগ্ন তুলসীগাছের তলায়।এরপর ঘরে ঘরে পিঠা বিলানোর পালা। পিঠার গন্ধে ম ম করে পাড়াগুলো। বউ কথা কও পাখির চার মাত্রার ডাকের সঙ্গে ছন্দ মিলিয়ে মণিপুরিদের ছেলেভুলানো ছড়ার লাইন, ‘বিষুর পিঠা বাঘগই খেইল’ (বিষুর পিঠা বাঘে খেল)। হয়তো সেই ছড়ার বাঘ বিশ্বায়নের গ্রাসে একদিন সত্যি সত্যি মণিপুরি শিশুদের প্রিয় বিষুর পিঠাকে গ্রাস করে নিতে চাইবে, তারই প্রতীকে মুখে মুখে ছড়ায় কথাটি।যা হোক, বিষুর দিন-রাতে থাকে নিকন খেলা (পাশাখেলা)। কাপড়ের বানানো বোর্ড। গুটিগুলোও বেশ কারুকাজ করা। নিকন খেলার সিংনা বা পাশাখেলার প্রতিযোগিতা চলে রাতভর। খেলায় নারী-পুরুষ ছোট-বড় সবাই অংশ নেয়। খেলার সঙ্গে কত মজা-মশকরা হাসি-আনন্দ। পাঁচ দিন ধরে চলে এই বিষুর পিঠা খাওয়া আর নিকন খেলার পর্ব।আগে বিষুর সময় নানা রকমের গ্রামীণ খেলাধুলা হতো। মণিপুরিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ‘গিল্লা খেলা’। গিল্লা নামের এক বিশেষ পাহাড়ি গাছের বিচি দিয়ে তৈরি গিল্লাখেলার চাকতিটি। কখনো দুই পায়ের পাতায়, কখনো দুই হাঁটুর চাপে, কখনো বা চোখের ওপরে গিল্লাটিকে রেখে মাটিতে পেতে রাখা আরেকটি গিল্লায় গিয়ে সেটি ঠোকানোর মধ্য দিয়ে খেলাটি এগিয়ে যায়। এখন সেই পাহাড়-জঙ্গল থেকে গিল্লা সংগ্রহের সময়ও নেই। তাই খেলাটিও বিলুপ্তপ্রায়।এ তো গেল বিষু উৎসবের ঐতিহ্যগত সামাজিক আচার-অনুষ্ঠানের কথা। কিন্তু প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশে উৎসবটি ভিন্ন মাত্রা পেয়েছে এর সমকালীন সাংস্কৃতিক তাড়নায় আয়োজিত একটি অন্য রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে। একে কেন্দ্র করে বিশ্বাস-সংস্কারের সীমাবদ্ধতাকে ভেঙে খোলা মাঠে নানা ধরনের আয়োজনে প্রতিবছর মুখর হয়ে ওঠে মণিপুরি তারুণ্যের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘মণিপুরি থিয়েটার’। কমলগঞ্জের ঘোড়ামারায় ১৯৯৭ সালে প্রথম আয়োজিত হয় বিষু উৎসবের এই মঞ্চ-অনুষ্ঠান। মণিপুরি থিয়েটারের তরুণরা ভেবেছিল, কেবল ঐতিহ্য, কৃত্য আর লোকাচারে পড়ে থাকলে চলবে না, বিষু উৎসবকে বাঙালির নববর্ষের মতো মণিপুরিদের একটা সামাজিক-সাংস্কৃতিক সম্মিলনের ক্ষেত্র করে তুলতে হবে। ধীরে ধীরে এ আয়োজনে শুধু মণিপুরি নয়, বাঙালিসহ আশপাশের নানা সম্প্রদায়ের মানুষের ঢল নামতে শুরু করে। ঢাকা থেকেও প্রতিবছর শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, প্রান্তিক জাতিসত্তার ভাষা-সংস্কৃতি নিয়ে অসংখ্য সেমিনার হয়েছে। মণিপুরিদের ধর্মীয় মণ্ডপভিত্তিক পালা-লীলার পরিবেশনাগুলো বেরিয়ে আসে খোলা মঞ্চে। খোলা মঞ্চেই পরিবেশিত হতে শুরু করল খানিকটা নিরীক্ষাধর্মী ও সম্পাদিত রাসলীলা, রাখালরাস, উদুখলরাসসহ নানা আঙ্গিক। মানত ও মঙ্গলের ধারণা থেকে বের হয়ে জাতিগত সাংস্কৃতিক উপাদানগুলোকে মানুষের আরও কাছাকাছি নিয়ে আসতে এ উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন মণিপুরিদের কাছে বিষু উৎসবের আকাঙ্ক্ষা যতটুকু পিঠা-ভোজন-নিকন খেলার জন্য, মণিপুরি থিয়েটারের আয়োজনটির জন্যও তার কম নয়। এ বছর নতুন কী নাটক হয়, কী চমক থাকে, কোন ব্যক্তিত্বের উপস্থিতি ঘটে, কী নিয়ে আলোচনা হয়—এসব। আর সকালে মণিপুরিদের নিজস্ব ঝলমলে পোশাকে নিজেদের ভাষায় গান করতে করতে ঢোল আর মৃদঙ্গ বাজাতে বাজাতে রাস্তায় চলতে থাকে মঙ্গল শোভাযাত্রা।মেইতেই মণিপুরিরা মণিপুরে উদ্যাপিত সহস্র বছরের পুরোনো বর্ষপঞ্জি অনুযায়ী পালন করে ‘সাজিবু চেইরাওবা’ নামের নববর্ষ উৎসব। মেইতেই মণিপুরিদের মধ্যে প্রচলিত চন্দ্রবর্ষপঞ্জিতে সাজিবু হচ্ছে প্রথম মাস। ‘চেই’ মানে কাঠি, ‘রাওবা’ মানে ঘোষণা। মণিপুরে আদিকালে নতুন বছর আসার সময় গ্রামীণ জনপদে রাজার আজ্ঞাবাহী একজন অশ্বারোহী কাঠি ঘোরাতে ঘোরাতে নববর্ষের ঘোষণা করত। তা থেকেই দিনটির নাম ‘চেইরাওবা’ বা মতান্তরে ‘সাজিবু চেইরাওবা’ হয়েছে বলে ধারণা করা হয়। এদিন মেইতেই মণিপুরিরা ধোয়া-মোছা করে বাড়িঘর পবিত্র করে তোলে। থাকে নানা খাবারদাবারের আয়োজন। এ ছাড়া মণিপুরিদের আদিভূমি ভারতের মণিপুরে এদিন মেইতেইরা চেইরোচিং পর্বতে উঠে নৃত্যগীত করে; বিশ্বে তাদের অবস্থান যেন সেই পর্বতের মহত্তম উচ্চতায় ওঠে—এই প্রতীকী বিশ্বাসে। মণিপুরিদের প্রাচীন কাঙ খেলার প্রতিযোগিতাও হয়ে থাকে কয়েক দিনব্যাপী। পাঙাল বা মুসলিম মণিপুরিদের সেভাবে বিশেষ কোনো কৃত্য না থাকলেও নববর্ষের দিন বিভিন্ন ধরনের খাওয়াদাওয়ার আয়োজন হয়ে থাকে। তাদের মধ্যেও কাঙ খেলার প্রচলন রয়েছে।