বৈচিত্র্যময় আয়োজনে বঙ্গবন্ধু স্মরণ
মানুষের দেহান্তর মানেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। তার সৃষ্টি ও কর্ম মহাকালকে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে ওঠে। আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করার উপায় না থাকলেও এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন কেউ কেউ। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক ব্যক্তিত্ব। তাঁর সংগ্রামী জীবনের দুর্লভ আলোকচিত্রগুলো এখন ইতিহাসের বস্তুনিষ্ঠ দলিল। গতকাল শনিবার ১৭ মার্চ ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। জন্মদিন উপলক্ষে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন ছিল নানা আয়োজনে মুখর। বঙ্গবন্ধুর জন্মদিনে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছিল শিল্পকলা একাডেমী। একাডেমীর আয়োজনে শিল্পী শাহ্জাহান আহমেদের (বিকাশ) ‘বঙ্গবন্ধু—বাংলাদেশের প্রতীক’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয় গতকাল শনিবার বিকেলে। মুখায়ব আঁকায় সিদ্ধহস্ত এই শিল্পী ৪১টি চিত্রকর্মে বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন। বিকেলে একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন সাংসদ শেখ ফজলে নূর। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী শাহ্জাহান আহমেদ ও একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন।শিল্পী শাহ্জাহান আহমেদ জানান, তিনি প্রায় দুই দশক ধরে বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম সৃজন করছেন। রং-তুলির ছোঁয়ায় নানা আঙ্গিকে এঁকেছেন তাঁর প্রতিকৃতি। স্বাধীনতার ৪০ বছর পূর্তিকে উপজীব্য করে নানা মাধ্যমে আঁকা বঙ্গবন্ধুর ৪০টি প্রতিকৃতি রয়েছে এই প্রদর্শনীতে।তেলরং, কালি-কলম ও রেখাচিত্রে তিনি তুলে ধরেছেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিশেষ মুহূর্তগুলো। এর মধ্যে আছে তর্জনী উঁচিয়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়ার মুহূর্ত। আরেকটি চিত্রকর্ম অনেককেই ফিরিয়ে নিয়ে যায় ৪০ বছর আগে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এসে সদ্য স্বাধীন মাতৃভূমির মাটি স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েছেন গভীর হূদয়াবেগে। বাবা-মা কিংবা শিশু রাসেলকে কোলে নিয়ে সপরিবারে বঙ্গবন্ধু। এ ছাড়া আরও ছিল ইন্দিরা গান্ধী ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে আলাপরত বঙ্গবন্ধুর চিত্র। ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, দেখেছি শেখ মুজিবকে।’ প্রদর্শনীতে আরও রয়েছে ‘পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করার চিন্তা’, ‘এখন আমার দেশ বিশ্ব মানচিত্রে’, ‘জাতির জনক’, ‘কাঁদো, আমার প্রিয় মাতৃভূমি’, ‘সোনার বাংলার স্বপ্ন’, ‘বাঘের গর্জন’, ‘বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’, ‘বাংলার মুখ’, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি’ শিরোনামের ছবি। প্রদর্শনী ২৯ মার্চ পর্যন্ত চলবে।এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একাডেমীর আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। এ ছাড়া ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাতীয় চিত্রশালা প্লাজায় বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিবন্ধী শিশুরাও অংশ নেয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ প্রদান ও প্রতিটি গ্রুপে পাঁচটি করে পুরস্কার প্রদান করা হয়।বাংলা একাডেমীর অনুষ্ঠানবাংলা একাডেমী গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর রবীন্দ্রচত্বরে আলোচনা অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর জন্ম ও বাঙালির স্বাধীনতার স্বপ্নপূরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হারুন-অর-রশিদ। আলোচনায় অংশ নেন অধ্যাপক জাহেদা আহমদ, অধ্যাপক মুহাম্মদ সামাদ ও কবি নাসির আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।সন্ধ্যায় সাজেদুর রহমানের পরিকল্পনা ও পরিচালনায় এবং পরশ পাথর থিয়েটার প্রযোজিত নাট্যালেখ্য মুজিব ও মুক্তিপাখি পরিবেশন করে শিশু-কিশোর শিল্পীরা।