বৈঠকি গানের সুরে মন্দ্রিত সারা রাত
টালিগঞ্জ ট্রামডিপো মোড়ে মানুষের সমান উঁচু বেদির ওপর উত্তমকুমারের প্রমাণ আকার মূর্তি। মুখে সেই চিরচেনা মৃদু হাসি। ধুতি-পাঞ্জাবি পরা মহানায়ক এগিয়ে চলেছেন। মূর্তির পাশ দিয়ে অল্প কয়েক পা এগিয়ে গেলে আইটিসি সংগীত রিসার্চ একাডেমি। এখানেই গত শুক্রবার থেকে শুরু হয়েছে নয় দিনের বাংলা গানের উৎসব।উৎসব উৎসর্গ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। প্রথম দিনে তাঁর এবং কবিগুরুর গান শুনিয়েছেন ঢাকা ও কলকাতার শিল্পীরা। গতকাল শনিবার সারা রাত ধরে হলো রাগপ্রধান বৈঠকি গান। বেঙ্গল ফাউন্ডেশন এবং আইটিসি এসআরএ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো। সহযোগিতায় দ্য ডেইলি স্টার ও সম্প্রচার সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন।এসআরএর ভবনটি গথিক রীতির এক দ্বিতল বাড়ি। দুধসাদা রং। সামনে মৌসুমি ফুলের বাগান। সবুজ ঘাসে ঢাকা আঙিনা। পেছনের দিকটায় বিশাল প্রাঙ্গণ। গানের আসর বসেছে এ প্রাঙ্গণে। স্টিলের কাঠামো দিয়ে তৈরি মঞ্চ। তার সামনে শ্রোতাদের বসার জন্য তিন হাজারের বেশি চেয়ার পাতা। ওপরে অর্ধচন্দ্রাকৃতির ছাউনি। গাঢ় নীল রঙের। মনে হয়, খোলা আকাশের নিচে বসেই গান শুনছি। আর ওপাশের আঙিনায় গোলটেবিলের পাশে চেয়ার পেতে খাবারের আয়োজন। সেখানেও আছে প্রকাণ্ড এক ডিজিটাল পর্দা। ফলে খেতে খেতেও গান শোনায় কোনো অসুবিধা নেই।সারা রাত গানের জলসায় শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে সন্ধ্যায় আনুষ্ঠানিকতার সূচনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আলোচনায় এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর বলেন, বাংলা গানের যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, এই উৎসবে শিল্পীরা তা তুলে ধরবেন। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, বাংলাদেশের সংগীত চর্চার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ উৎসবে কলকাতার শ্রোতারা একটা ধারণা পাবেন। বিদুষী গিরিজা দেবী বলেন, ‘সংগীত মানুষে মানুষে হূদয়ের সেতুবন্ধ রচনা করে। সেই সম্প্রীতির সেতু রচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই উৎসব। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, বিনোদনের পাশাপাশি গানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন। এটি বাংলা গানকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। নজরুলসংগীত শিল্পী দ্য ডেইলি স্টার-এর সংস্কৃতি সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক নজরুলসংগীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে প্রয়াত শিল্পী নীলুফার ইয়াসমীনকে। গান শোনালেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে ছিলেন ফারহানা রহমান। নজরুলের গান গেয়ে দ্বিতীয় রাতের আসর শুরু করেন তিনি। পরে গেয়েছেন রাগপ্রধান গান। তাঁর শেষ গানটি ছিল ‘নদীর নাম সই অঞ্জনা’। এরপর সন্দীপ ভট্টাচার্য গেয়েছেন রাগাশ্রয়ী গান। তাঁর প্রথম গানটি ছিল ‘চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না।’ পরের শিল্পীদের মধ্যে ছিলেন ইফফাত আরা দেওয়ান, সুচেতা গঙ্গোপাধ্যায়, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, সুচিশ্রী রায়, বিদুষী কৌশিকি দেশিকান, পণ্ডিত অরুণ ভাদুড়ি ও পণ্ডিত অজয় চক্রবর্তী।আজকের অনুষ্ঠান: রোববার তৃতীয় দিনে থাকবে বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পী অর্ণব, কৃষ্ণকলি ইসলাম, অর্ক, গৌরব, নবনীতা, বুনো, পান্থ কানাই ও জালালের পরিবেশনা।দুই বাংলার সিনেমা নিয়ে চুক্তি: গতকাল শনিবার বিকেলে কলকাতার একটি হোটেলে কলকাতা ও বাংলাদেশে বাংলা সিনেমার পারস্পরিক বিনিময় এবং সিনেমা ও বিনোদন শিল্প বিকশিত করতে উভয় বাংলার একত্রে কাজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরসংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এফডিসির এমডি পীযূষ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, কলকাতার বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা প্রসেনজিৎ ও নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশের নির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনেতা ফেরদৌস ও কলকাতার অভিনেতা জিৎ।আলোচনায় জানানো হয়, বাংলাদেশ এবং কলকাতার বাংলা চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিদ্যমান সংকট কাটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেশন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (ফিকি) চলচ্চিত্রবিষয়ক শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। ফিকির পক্ষে প্রসেনজিতের প্রতিষ্ঠান আইডিয়াস ও বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে আগামী সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে বলা হয়, দুই বাংলায় প্রায় ২৫ কোটি বাংলাভাষী দর্শক রয়েছে। তাদের যদি ভালো সিনেমা উপহার দেওয়া যায়, তবে সিনেমা শিল্পের সংকট দূর হবে। এ লক্ষ্যে বাংলাদেশে ২০০ বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। এ রকম সাংস্কৃতিক কেন্দ্র পশ্চিমবঙ্গেও হবে। উভয় দেশের ব্যবসায়ীরা এতে বিনিয়োগ করবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।