মোহাম্মদ আলী জামিন ছাড়া আদালত ছাড়বেন না
বৈঠকে আমন্ত্রণ আইনজীবী সমিতির, অন্য পক্ষের ‘না’
সুপ্রিম কোর্টে উদ্ভূত সমস্যা নিরসনে আইনজীবী সমিতি আজ জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠক ডেকেছে। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আইনজীবীর বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। তবে সকালে দেওয়া চিঠি তিনি বিকেলে সংশোধন করেন।চিঠি পাওয়ার পর গতকাল শনিবার দুপুরে সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী পরিষদ এক সংবাদ সম্মেলনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। বলা হয়, প্রধান বিচারপতির অনুরোধে বৈঠক ডাকা হয়েছে এবং চিঠিতে দুই বিচারপতিকে দায়ী করার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। এই চিঠি সংশোধন করা না হলে পরিষদ বৈঠকে যাবে না।সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা জানান, চিঠি সংশোধন করে গত রাতেই নতুন আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে পরিষদের নেতারা জানান, তাঁরা সংশোধিত চিঠি পাননি।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন গত রাতে প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি অনুযায়ী চিঠি সংশোধন করে পাঠানো হয়েছে। তিনি আশা করেন, সবাই বৈঠকে আসবে এবং সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান হবে।ড. এম জহির প্রথম আলোকে বলেন, তিনি কোনো বৈঠকে যাবেন না। কারণ, বার সমিতি আওয়ামী লীগের, না হয় বিএনপির। তিনি কোনো দলের নন উল্লেখ করে বিশিষ্ট এ আইনজীবী বলেন, কোনো বিচারকের মন্তব্য কারও জন্য বিরূপ মনে হলে তিনি আপিল করতে পারেন। সভা-মিছিল আদালত চত্বরে হবে কেন?বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদকদের একটি বৈঠক হয়। এতে সভাপতির দেওয়া চিঠি সংশোধনের সিদ্ধান্ত হয়। বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক ১১ আইনজীবী উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, কোনো আইনজীবীকে যাতে গ্রেপ্তার করা না হয়, বৈঠকে সে বিষয়টি দেখতে দুজনকে দায়িত্ব দেওয়া হয়।তবে সমিতির সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দীন প্রথম আলোকে বলেন, সভায় সিদ্ধান্ত হয়, যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত, তাঁদের সদস্যপদ বাতিল করা হবে। আর ঘটনায় জড়িত যাঁরা সমিতির সদস্য নন, তাঁদের সদস্যপদ দেওয়া হবে না। তিনি বলেন, সুপ্রিম কোর্টে হট্টগোল-বিশৃঙ্খলার সঙ্গে জড়িত আইনজীবীরা ক্ষমা প্রার্থনা করবেন, এরপর জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা হবে।মোহাম্মদ আলী যা বললেন: গতকাল বেলা দুইটায় সমিতির সভাপতির কক্ষে কথা হয় মোহাম্মদ আলীর সঙ্গে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ গ্রেপ্তার করতে পারে—এই ভয়ে তিন দিন ধরে তিনি সেখানে আছেন। তাঁর শঙ্কা, পুলিশ ধরতে পারলে তাঁকে নির্যাতন করবে। নির্যাতনের আশঙ্কা কেন? জবাবে তিনি বলেন, ‘যাঁদের ধরেছে, তাঁদের ওপর নির্যাতন হয়েছে। জামিন না পেয়ে এখান থেকে যাওয়ার সুযোগ নেই।’ আজ রোববার তাঁর জামিনের জন্য আবেদন করা হবে।মোহাম্মদ আলীর বিরুদ্ধে আদালত ভবনে পুলিশের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।সভাপতির কক্ষে ফৌজদারি মামলার আসামিকে রাখা অপরাধ—সম্মিলিত আইনজীবী পরিষদের এমন অভিযোগ সম্পর্কে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বলেন, এখন যদি বিএনপি ক্ষমতায় থাকত আর আওয়ামী লীগের সমর্থক কোনো আইনজীবীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটত, তাহলে তাঁরাও এটা করত। তিনি অবশ্য জোর দিয়েই বলেন, বার সমিতির কক্ষকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না।২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ আমিনীর বিরুদ্ধে মামলায় আদেশ দেওয়ার সময় বিরোধীদলীয় নেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় সরকারবিরোধী আইনজীবীরা জোরালো আপত্তি করলে পক্ষে-বিপক্ষে হট্টগোল শুরু হয়। শেষ পর্যন্ত তা বিশৃঙ্খলায় রূপ নেয়। এ নিয়ে দুটি মামলা হয়েছে। বিএনপির নারী সাংসদসহ তিন আইনজীবী গ্রেপ্তারও হয়েছেন। অন্য একজন আইনজীবী ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিন দিন ধরে সমিতির সভাপতির কক্ষে অবস্থান করছেন। সম্মিলিত আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলন: গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে সম্মিলিত আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলনে সমিতির ডাকা সমঝোতা বৈঠক প্রত্যাখ্যান করা হয়। ফৌজদারি মামলার আসামিকে সমিতির সভাপতির কক্ষে আশ্রয় দেওয়ায় সভাপতির বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনেন পরিষদের নেতারা।সম্মিলিত পরিষদের পক্ষে সংবাদ সম্মেলন ডাকা হলেও এর আহ্বায়ক আমীর-উল ইসলাম, সদস্যসচিব সুব্রত চৌধুরীসহ পরিষদের নেতৃত্বস্থানীয় কেউ এতে উপস্থিত ছিলেন না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করায় তাঁরা আসতে পারেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সমিতির সাবেক সম্পাদক এম আমিন উদ্দিন প্রমুখ।সংবাদ সম্মেলনে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে মতিন খসরু বলেন, এটি সবার সংগঠন। তিনি বলেন, সমিতির সভাপতির দেওয়া চিঠির প্রথম প্যারায় যা উল্লেখ করা হয়েছে, তা আপত্তিকর। সেখানে ২ তারিখের ঘটনার পুনরুল্লেখ করে আদালত বিরোধীদলীয় নেতা সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এটি অশোভনীয়।